ধাতব মুদ্রা নিয়ে বিপাকে সাভারের ব্যবসায়ীরা

ঢাকার সাভার পৌরসভার বাজার রোডের নারায়ণ স্টোরে প্রতিদিন হাজার হাজার টাকার লেনদেন হয়। কাগজের মুদ্রার সঙ্গে ধাতব মুদ্রাও (কয়েন) জমা পড়ে দোকানটিতে। দোকানের মালিক কয়েনের বিনিময়ে পণ্য বিক্রি করলেও ব্যাংক ওই কয়েন জমা না নেওয়ায় বিপাকে পড়েছেন তিনি।
অথচ গ্রাহকদের কাছ থেকে কয়েন জমা নিতে তফসিল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সাভারের বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকেরা বাংলাদেশ ব্যাংকের ওই নির্দেশ পালন করছেন না।
সাভারের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার আশপাশের কয়েকটি জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বড় মোকাম হচ্ছে রাজধানীর উপকণ্ঠ সাভার। এ কারণে সাভারের প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়। বিশেষ করে মাঝারি ওÿক্ষুদ্র ব্যবসায়ীরা সাভার থেকেই তাঁদের চাহিদামতো পণ্য সংগ্রহ করে থাকেন। এসব ব্যবসায়ী পণ্য কেনার সময় কাগজের মুদ্রার পাশাপাশি কয়েনও দিয়ে থাকেন। আবার বেকারিগুলোতেও কয়েন জমা পড়ে সবচেয়ে বেশি। সাভারের কয়েক হাজার দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে গত এক সপ্তাহে অন্তত ১৫টি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কাছে ৩৪ লাখ টাকার কয়েন পড়ে আছে।
নারায়ণ স্টোরের মালিক সুমন সরকার বলেন, গত তিন মাসে তাঁর প্রতিষ্ঠানে প্রায় ৬ লাখ টাকার কয়েন জমা পড়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ও অন্য ব্যবসায়ীরা তা না নেওয়ায় কয়েনগুলো বস্তায় ভরে দোকানেই ফেলে রাখতে হয়েছে। তিনি বলেন, স্থানীয় জনতা, ন্যাশনাল ও বাংলাদেশ কমার্স ব্যাংকে তাঁর নামে হিসাব রয়েছে। কিন্তু কোনো ব্যাংকই কয়েন জমা নেয় না।
গত বৃহস্পতিবার তাঁর প্রতিষ্ঠানের (নারায়ণ স্টোর) ব্যবস্থাপক জিয়স মজুমদার জনতা ব্যাংক সাভার শাখায় কয়েন জমা দিতে গেলে ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ তা জমা নিতে অপারগতা প্রকাশ করেন। পরে এর সত্যতা যাচাইয়ের জন্য এই প্রতিবেদক আব্দুল ওয়াদুদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ভল্টে জায়গার অভাবসহ গণনার লোক না থাকায় আপাতত কয়েন জমা নেওয়া হচ্ছে না।
কয়েন জমা নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কথা জানালে আব্দুল ওয়াদুদ কথা না বাড়িয়ে জিয়সের কাছ থেকে প্রথমে ৫০ হাজার টাকার কয়েন জমা নিতে সম্মত হন। কিন্তু শেষ পর্যন্ত ৩৫ হাজার টাকার কয়েন জমা নেন।
৫০ হাজারের পরিবর্তে ৩৫ হাজার টাকার কয়েন জমা নেওয়ার কারণ জানতে চাইলে আব্দুল ওয়াদুদ বলেন, বাংলাদেশ ব্যাংক প্রতিদিন জনপ্রতি ১ হাজার টাকার বেশি কয়েন জমা নেয় না। সেই তুলনায় প্রতিষ্ঠানটির কাছ থেকে অনেক বেশি পরিমাণ কয়েন জমা নেওয়া হয়েছে।
এরপর জিয়স মজুমদার বাংলাদেশ কমার্স ব্যাংকের সাভার শাখায় কয়েন জমা দিতে গেলে ব্যবস্থাপক বিমল কুমার সাহা তা জমা নিতে অপারগতা প্রকাশ করেন।
যোগাযোগ করা হলে বিমল কুমার সরকার প্রথম আলোকে বলেন, গ্রাহকেরা কয়েন তো দূরের কথা, ৫০০ ও ১০০০ টাকার নোট ছাড়া অন্য কোনো কাগজের মুদ্রাও নিতে চান না। এ কারণে আমাদের পক্ষে কয়েন নেওয়া সম্ভব হয় না। তবে কোনো গ্রাহক স্বল্প পরিমাণে কয়েন জমা দিলে তা নেওয়া হয়।
সাভারের আইচানদ্দা এলাকার মঙ্গল বেকারির মালিক কামাল উদ্দিন বলেন, সাভারের বিভিন্ন এলাকায় তাঁর চারটি কারখানা রয়েছে। এসব কারখানার সঙ্গে রয়েছে চারটি বিক্রয়কেন্দ্র। এসব বিক্রয়কেন্দ্র থেকে সাভার ও আশপাশের এলাকার দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী পণ্য ক্রয় করে থাকেন। এসব ব্যবসায়ী পণ্য কিনতে কয়েনও দেন। এভাবে প্রায় ১০ লাখ টাকার কয়েন জমা হয়েছে। একই রকম সমস্যার কথা জানালেন সাভারের রাজাবাড়ীর নূরে মদিনা বেকারির মালিক জাহাঙ্গীর আলম। তাঁর কাছেও অন্তত ৫ লাখ টাকার কয়েন জমা পড়েছে।
জানতে চাইলে যমুনা ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক গোলাম মাওলা বলেন, তাঁর শাখায় ধারণক্ষমতার অতিরিক্ত কয়েন জমা পড়েছে। বাংলাদেশ ব্যাংক এসব কয়েন জমা নিচ্ছে না। এ কারণে তাঁর পক্ষে নতুন করে আর কয়েন জমা নেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, তাঁর শাখায় শুধু কয়েনই নয়, গ্রাহকদের অনীহার কারণে এক, দুই ও পাঁচ টাকার কাগজের নোটও জমা পড়ে আছে কয়েক লাখ টাকার। ওই নোটও তিনি বাংলাদেশ ব্যাংকে জমা দিতে পারছেন না।
সাভারের ব্যাংক কলোনির একতা বেকাররির মালিক শামসুদ্দৌলা বলেন, তাঁর কাছে প্রায় ২ লাখ টাকার কয়েন জমা পড়েছে। মাস খানেক আগে ডাচ্-বাংলা ব্যাংকের সাভার শাখায় ওই কয়েন জমা দিতে গেলে তা জমা নেওয়া হয়নি।
জানতে চাইলে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ দস্তগীর বলেন, তাঁর শাখায় কয়েন জমা নেওয়া হচ্ছে না এই অভিযোগ একেবারে সঠিক নয়। ভল্টে ধারণক্ষমতা না থাকায় একজন গ্রাহকের কাছ থেকে একবারে বেশি পরিমাণে কয়েন জমা নেওয়া সম্ভব হয় না।
সাভারের পর্বতীনগরের হাসান ফুডের মালিক মোনায়েম হোসেন বলেন, তাঁর কাছে ১ লাখ টাকারও বেশি কয়েন জমা পড়েছে। ইস্টার্ন ব্যাংকের সাভার শাখায় তাঁর হিসাবে ওই কয়েন জমা দিতে গেলে তা জমা নেওয়া হয়নি। তবে যোগাযোগ করা হলে ব্যাংকটির ওই শাখা ব্যবস্থাপক শাহনেওয়াজ কবির বলেন, ভল্টে জায়গা না থাকায় তাঁর পক্ষে ওই পরিমাণ কয়েন জমা নেওয়া সম্ভব হয়নি। তবে ভল্ট খালি হলে পর্যায়ক্রমে জমা নেওয়া হবে।