ধান-চালের মোড়ক শুধুই পাটের বস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের জানুয়ারি থেকে ধান ও চাল মোড়কজাত করতে হবে শুধুই পাটের বস্তায়। এ দুটি পণ্যের ক্ষেত্রে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় গত ২৬ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারি করে বলেছে, বেসরকারি চালকল, চাতালমিল ও চালের দোকানদারদের কাছে যত প্লাস্টিকের বস্তা আছে সেগুলো আগামী ডিসেম্বরের মধ্যে ব্যবহার শেষ করতে হবে।
সরকারিভাবে ধান, চাল ও গম বাজারজাত করার ক্ষেত্রে খাদ্য অধিদপ্তর এখন শুধুই পাটের বস্তা ব্যবহার করে। কিন্তু আইন থাকার পরও বেসরকারি চালকল, চাতালমিল ও দোকানদারেরা তা মানেন না। সে কারণেই ধান ও চালের মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
সরকারের এ সিদ্ধান্তে খুশি দেশের বিভিন্ন স্থানের পাটকলের মালিকেরা। তাঁরা বলছেন, প্লাস্টিকের ব্যাগে খাদ্যশস্য মোড়কজাতকরণ ও পরিবহন হওয়ায় তাঁরা ক্রমাগত লোকসান দিয়ে আসছেন। সরকারের এ সিদ্ধান্তে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা ছোট পাটকলগুলো পুনর্জীবন ফিরে পাবে।
এর আগে ২০১০ সালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। কিন্তু এ আইনের ব্যবহার হয়নি বললেই চলে।
পাটকলের মালিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, পাটকলগুলোতে এখন দুই ধরনের পাটের বস্তা তৈরি হচ্ছে। যেই পাটের বস্তা রপ্তানি হয় তার উৎপাদন খরচ পড়ে ৬০ থেকে ৭০ টাকা। আর দেশীয় চাহিদা মেটাতে তৈরি হওয়া পাটের বস্তার উৎপাদন ব্যয় পড়ে ৪২ থেকে ৪৫ টাকা।
অন্যদিকে একই ওজন বহনে সক্ষম প্লাস্টিকের একটি ব্যাগ বাজারে কিনতে পাওয়া যায় মাত্র ১৫ টাকায়। সে কারণে ব্যবসায়ীদের কাছে প্লাস্টিকের বস্তা বেশ জনপ্রিয়। ফলে তাঁরা এত দিন পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইনেরও তোয়াক্কা করতেন না।
বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) হিসাব অনুযায়ী, দেশে এখন বছরে পাটের বস্তার উৎপাদন হয় বছরে ৫০ থেকে ৬০ কোটি। এর মধ্যে বিজেএমসির উৎপাদন বছরে ৩৮ কোটি বস্তা। বিজেএমসির হিসাবে, খাদ্যশস্য, সার ও চিনি মোড়কীকরণ করতে বছরে ৫০ থেকে ৫৫ কোটি পাটের বস্তার প্রয়োজন হবে।
বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি, এখন আমাদের উৎপাদন বছরে ৩৮ কোটি বস্তা। পূর্ণ সক্ষমতায় আমরা ৫৩ কোটি বস্তা উৎপাদন করতে পারব। সেদিক থেকে আমরা প্রস্তুত।’
সরকারের এ সিদ্ধান্তের ফলে অনেক বন্ধ মিলও এখন চালু হবে বলে মন্তব্য করেছেন বিজেএমএর সভাপতি নাজমুল হক। তিনি প্রথম আলোকে বলেন, এ জন্য সরকারকে আইন কড়াকড়িভাবে পালন করতে বাধ্য করতে হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি অর্থবছর থেকেই দেশে উৎপাদিত কিংবা আমদানি করা যেই সারই হোক না কেন এর ৫০ শতাংশ পাটের বস্তায় মোড়কীকরণ করতে হবে।
চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং বেসরকারি চিনিকলে উৎপাদিত চিনির ৫০ শতাংশই মানসম্মত লেমিনেটেড হেসিয়ান ব্যাগে মোড়কীকরণ করতে হবে।
এখন ভুট্টার মোড়কীকরণে শতভাগ পাটের বস্তা ব্যবহার হচ্ছে। এটা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে পাট মন্ত্রণালয়।
পাটকলের মালিকেরা খুশি: দেশের উত্তরাঞ্চলে গত কয়েক বছরে রুগ্ণ পাটশিল্পের বেশ প্রসার ঘটে। রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও বগুড়ায় ছোট-বড় ৪০টির বেশি পাটকল গড়ে উঠেছে। গত মাসে সরেজমিনে রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের বেশ কয়েকটি পাটকলের মালিককে সঙ্গে কথা হয়। তাঁদের সবারই ক্ষোভ, সরকার কেন খাদ্যশস্যে মোড়কীকরণে অন্তত পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করছে না। এটি করা হলে এ অঞ্চলে আরও পাটকল গড়ে উঠবে।
নীলফামারীর সৈয়দপুরের সিদ্দিক আহমেদ চট্টগ্রামের ইস্পাহানি জুট মিলসের বিক্রি করে দেওয়া ২০টি তাঁত ও ভারত থেকে ২০টি তাঁত আমদানি করে ২০০৯ সালে প্রতিষ্ঠা করেছিলেন ইকো জুট মিলস। এতে তৈরি হয় পাটের বস্তা ও সুতলি।
সিদ্দিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সবাই ১৫ টাকায় প্লাস্টিকের বস্তা কিনে ব্যবহার করতে চাস। ৪৫ টাকার পাটের বস্তা কেউ ব্যবহার করতে চান না। সে কারণে উৎপাদনই এখন কমিয়ে দিয়েছি। লোকসান দিয়ে আর কত উৎপাদন করব।’
সরকারের নতুন এ প্রজ্ঞাপনের কথা জানালে সিদ্দিক আহমেদ বলেন, ‘খুবই খুশি লাগছে। সরকার যেন এ আইন মানতে কড়াকড়ি করে। তাহলে উত্তরবঙ্গের পাটচাষিরা দাম পাবেন। এ অঞ্চলে আরও পাটকল গড়ে উঠবে।’ তিনি জানান, বিক্রি হতো না বলে এত দিন কম বস্তা উৎপাদন করতেন। চাহিদা বাড়লে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যাবেন। প্রয়োজনে আরও একটি পাটকল করবেন তিনি।
বিজেএমএর সভাপতি নাজমুল হক বলেন, ‘দেশে বড় বাজার তৈরি হয়ে গেলে আমরা পাটের বস্তা রপ্তানিতে ক্রেতাদের সঙ্গে দর-কষাকষি করতে পারব। যেটা এখন করতে পারি না। এতে বস্তার দামও ভালো পাওয়া যাবে।’