ধানের কুঁড়ার তেল জনপ্রিয় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানের কুঁড়ার তেল জনপ্রিয় হচ্ছে
ধানের কুঁড়ার তেল জনপ্রিয় হচ্ছে

স্বাস্থ্যসম্মত হওয়ায় ধানের কুঁড়া থেকে তৈরি ভোজ্যতেলের (রাইস ব্রান অয়েল) চাহিদা দেশে ক্রমেই বাড়ছে। সয়াবিন তেলের পাশাপাশি মানুষ এখন এই তেলের দিকে ঝুঁকছেন। সে কারণেই কুঁড়ার তেল উৎপাদনকারীরা তাঁদের উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছেন। নতুন কয়েকটি প্রতিষ্ঠানও এ খাতে বিনিয়োগে এগিয়ে আসছে।
আবার সম্প্রতি ভারত সরকার প্রতিবেশী দেশগুলো থেকে কুঁড়ার তেল আমদানি উৎসাহিত করতে আমদানি শুল্ক তুলে দিয়েছে। জাপানের প্রধান ভোজ্যতেল হওয়ায় দেশটিতেও এ তেলের আমদানির চাহিদা রয়েছে। সব মিলিয়ে দেশীয় কুঁড়ার তেল বিশ্ববাজারে সম্ভাবনাময় বলে বিবেচিত হচ্ছে।
দেশীয় ধানের কুঁড়ার তেল উৎপাদক প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ টন কুঁড়ার তেল উৎপাদিত হয়। বছরে উৎপাদিত হয় ৯০ হাজার থেকে এক লাখ টন তেল। প্রতিবছর এ তেলের চাহিদা বাড়ছে ৫ থেকে ১০ শতাংশ। বর্তমানে দেশে ব্যবহৃত ভোজ্যতেলের মধ্যে কুঁড়ার তেলের অবদান সোয়া দুই থেকে আড়াই শতাংশ। আর সয়াবিন ও পাম তেলের চাহিদা ১৪ লাখ টন।
বর্তমানে বেশির ভাগ দোকানেই সয়াবিন ও পাম তেলের পাশাপাশি ধানের কুঁড়ার তেল বিক্রি হচ্ছে। বোতলজাত এক লিটার কুঁড়ার তেলের দাম ১৩০ থেকে ১৪৫ টাকা। আর সয়াবিন তেলের লিটার ১১২ থেকে ১১৭ টাকা। কুঁড়ার তেল উৎপাদনকারীরা বলছেন, এই তেল যেমন স্বাস্থ্যসম্মত, তেমনি সাশ্রয়ীও। এক লিটার সয়াবিন তেলে যে খাবার রান্না করা যায়, তা পৌনে এক লিটার কুঁড়ার তেলেই করা সম্ভব।
কুঁড়ার তেলের খাদ্যগুণ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা সংস্থার (বিসিএসআইআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান এ আই মোস্তফা প্রথম আলোকে বলেন, খাবার তেলে যেসব খাদ্যগুণ থাকা উচিত তার সব দিক বিবেচনায় অলিভ অয়েলের (জলপাই থেকে তৈরি তেল) পর সবচেয়ে ভালো ধানের কুঁড়ার তেল। আর সয়াবিন তেলের চেয়ে এ তেল অনেক ভালো ও স্বাস্থ্যসম্মত।
উৎপাদনে যারা: পাবনার ঈশ্বরদীতে ২০১১ সালে রশিদ অয়েল মিলস লিমিটেড হোয়াইট গোল্ড ব্র্যান্ড নামে প্রথম ধানের কুঁড়ার এই তেল উৎপাদন শুরু করে। এখন সব মিলিয়ে ছয়টি প্রতিষ্ঠান এ তেল উৎপাদন করছে। এর বাইরে কয়েকটি প্রতিষ্ঠান অন্যদের কাছ থেকে কিনেও এ তেল বাজারজাত করছে। আরও নতুন ছয়-সাতটি প্রতিষ্ঠান আসছে এ খাতে বিনিয়োগ করতে। বর্তমানে কুঁড়ার তেল উৎপাদন খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় আড়াই হাজার মানুষের। বিনিয়োগ হয়েছে আনুমানিক ৫০০ কোটি টাকা।
ধানের তুষ তুলে ফেললে যে চাল পাওয়া যায় তার ওপর একটি লালচে খোসা থাকে। ওই খোসাই কুঁড়া বা রাইস ব্রান। ধান থেকে চাল তৈরি করলে ৭ থেকে ৮ শতাংশ কুঁড়া পাওয়া যায়।
কুঁড়ার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে, কুঁড়ায় ২০ থেকে ২৮ শতাংশ পর্যন্ত অপরিশোধিত তেল পাওয়া যায়। সেটাকে পরিশোধনের পর বোতলজাত করে বিপণন করা হয়। সাড়ে ছয় কেজি কুঁড়ায় এক লিটার তেল হয়। তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিদিনের কুঁড়ার চাহিদা এক হাজার ৫০ থেকে এক হাজার ১০০ টন। দেশের চালকলগুলো থেকে বছরে ৩৭ লাখ টনের বেশি কুঁড়া উৎপাদিত হয়।
দেশে কুঁড়ার তেল উৎপাদনকারী প্রথম প্রতিষ্ঠান রশিদ অয়েল মিল প্রতিদিন উৎপাদন করে ৫০ টন তেল। প্রতিষ্ঠানটির বিপণন ও বিক্রয় বিভাগের প্রধান মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দেশে প্রতিবছর ৫ থেকে ১০ শতাংশ হারে এ তেলের বাজার বাড়ছে। এটি অনেক বেশি বাড়তে পারত যদি আমরা আরও বেশি উৎপাদন এবং প্রচারণা চালাতে পারতাম।’
দেশে কুঁড়ার তেলের সম্ভাবনার কারণেই বর্তমান উৎপাদনক্ষমতা দ্বিগুণ করছে এমারেল্ড অয়েল লিমিটেড (স্পন্দন ব্র্যান্ড)। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রতিদিনকার উৎপাদনক্ষমতা ২৪ টন। একে ৪৮ টনে উন্নীত করতে নতুন যন্ত্রপাতি স্থাপন প্রায় শেষ বলে প্রথম আলোকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান। তিনি জানান, আগামী দু-এক মাসের মধ্যেই ওই সক্ষমতায় উৎপাদনে যাবেন তাঁরা।
মজুমদার প্রডাক্টস (স্বর্ণা ব্র্যান্ড) প্রতিদিন তেল উৎপাদন করে ৯০ থেকে ১০০ টন। প্রতিষ্ঠানটির কারখানা বগুড়ার শেরপুরে। প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক রহমতুল্লাহ প্রথম আলোকে বলেন, কুঁড়ার তেলের চাহিদা বাড়ায় আরও ১৫০ টন (প্রতিদিন) তেল উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। শিগগিরই সেখান থেকে উৎপাদন শুরু হবে।
তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বড় সমস্যা কুঁড়া। সব সময় চাহিদামতো কুঁড়া মেলে না তাদের। এমারেল্ড অয়েলের বিপণন ব্যবস্থাপক ডি এম শরিফুল আলমের অভিযোগ, দেশে উৎপাদিত কুঁড়ার অর্ধেকই ভারতে চলে যায়। এ জন্য ভারতের কুঁড়ার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দেশের অটো-চালকলমালিকদের কাছে অগ্রিম অর্থ পর্যন্ত দিয়ে রাখে।
তবে এর সঙ্গে দ্বিমত রয়েছে রশিদ অয়েলের মাহমুদুর রহমানের। তিনি বলেন, দেশে কুঁড়ার তেল
উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে ওঠায় এখন আর কুঁড়া রপ্তানি হয় না। সমস্যা হলো, অটো ও সেমি অটো চালকলগুলো যখন ভালোভাবে চালু থাকে না তখন কুঁড়ার সমস্যা হয়। কিন্তু চালু থাকলে কুঁড়ার সরবরাহও ভালো থাকে।
নজর এখন রপ্তানিতে: এমারেল্ড অয়েলের শরিফুল আলম বলেন, শ্রীলঙ্কায় তিনটি কনটেইনারে ৬০ টন তেল রপ্তানির বিষয়টি চূড়ান্ত হয়ে আছে। ঈদের পরই তা রপ্তানি করা হবে। জাপানে ধানের কুঁড়ার তেল রপ্তানির বিষয়ে একটি পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি জানান।
মজুমদার প্রডাক্টসের রহমতুল্লাহ জানান, কলকাতায় তাঁরা একটি পরিশোধনাগার স্থাপন করেছেন। এখান থেকে অপরিশোধিত তেল ভারতে পাঠিয়ে তা সে দেশে শিগগিরই বাজারজাত শুরু হবে।
অবশ্য ভারতে রপ্তানির সম্ভাবনা তৈরি হলেও সে দেশের বাজার ধরা কঠিন মনে করেন রশিদ অয়েলের মাহমুদুর রহমান। তিনি বলেন, ‘কুঁড়ার তেলে ভারত আমাদের চেয়ে অনেক এগিয়ে। ফলে সে দেশে রপ্তানি করাও বেশ কঠিন। তবে অন্য কয়েকটি দেশে রপ্তানির সম্ভাবনা ভালো।’

বর্তমানে ছয়টি প্রতিষ্ঠান তেল উৎপাদন করছে। আসছে আরও ছয়-সাতটি প্রতিষ্ঠান
৯০ হাজার থেকে এক লাখ টন তেল বছরে উৎপাদিত হচ্ছে। চাহিদা আরও অনেক বেশি
ধান
চাল
কুঁড়া
প্রিক্রয়া
তেল
ধানের তুষ তুলে ফেললে যে চাল পাওয়া যায় তার ওপর একটি লালচে খোসা থাকে। ওই খোসাই কুঁড়া বা রাইস ব্রান। ধান থেকে চাল তৈরি করলে ৭ থেকে ৮ শতাংশ কুঁড়া পাওয়া যায়
প্রতিবছর চাহিদা বাড়ছে ৫ থেকে ১০ শতাংশ হারে
বর্তমানে কুঁড়ার তেল উৎপাদন খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় আড়াই হাজার মানুষের। বিনিয়োগ হয়েছে আনুমানিক ৫০০ কোটি টাকা
ভোজ্যতেলের মোট চাহিদায় কুঁড়ার তেলের অবদান প্রায় ২.৫ শতাংশ
ধানের কুঁড়ার তেল বোতলজাত এক লিটার তেলের দাম ১৩০-১৪৫ টাকা