ধানের দাম কমায় রায়গঞ্জে জমছে না ঈদের কেনাকাটা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঈদের বাজার জমছে না।এ বছর ধানের দাম কম ও বাজারে ধানের চাহিদা কম হওয়ায় কৃষিনির্ভর রায়গঞ্জের কৃষক পরিবারগুলোর হাতে তেমন টাকা নেই। এ কারণে তারা চাহিদামতো ঈদের কেনাকাটা করতে পারছে না।রায়গঞ্জের বেতুয়া গ্রামের আবু সাঈদ বলেন, এক মণ ধান বিক্রি করে একটা বাচ্চার পোশাক কেনাও কঠিন হয়ে পড়ছে।উপজেলার ধানগড়া, চান্দাইকোনা, নিমগাছী, সলঙ্গা, পাঙ্গাসীসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, বিপণিবিতানগুলোতে ক্রেতাদের আনাগোনা কম। এখনকার বিকিকিনি বছরের অন্য সময়ের মতোই বলে জানিয়েছেন বিক্রেতারা।নিমগাছী বাজারে কথা হয় সাইদুল ইসলামের সঙ্গে। তিনি জানান, নিজেদের জন্য না কিনলেও বাচ্চাদের জন্য যেভাবেই হোক নতুন কাপড় কিনতে হচ্ছে। বিক্রেতারা দামও নিচ্ছেন বেশি।ধানগড়া বাজারের কাপড় ব্যবসায়ী সিফাত উল্লাহ বলেন, সারা বছরের বিক্রির চেয়ে ঈদ উপলক্ষে বিক্রি একটু বেশি হলেও তা যথেষ্ট নয়। একই বাজারের ফুটপাতের কাপড় বিক্রেতা আবু নাছার সরকার বলেন, এখান থেকে খেটে খাওয়া মানুষই পোশাক কেনে। গত বছরের চেয়ে এবার বিক্রি কম।বিপণিবিতানের পাশাপাশি দর্জিবাড়িতেও এবার ভিড় কম। ঢাকা টেইলার্সের মালিক রেজাউল করিম জানান, ‘গত বছরের চেয়ে এবার কাজের চাপ কম। মনে হচ্ছে, লোকজন তৈরি পোশাক বেশি কিনছে।’ধানগড়া বাজার বণিক সমিতির সভাপতি মো. আমান উল্লাহ জানান, মূলত ধানের দাম কম হওয়ায় এ বছর ঈদ উপলক্ষে বেচাকেনার পরিমাণ অনেক কম।