ধানের বাম্পার ফলনের উত্তাপ কিশোরগঞ্জে ঈদের বাজারে!
ঈদ যত ঘনিয়ে আসছে, কিশোরগঞ্জ জেলা শহরের বিপণিবিতান ও মার্কেটগুলোয় ভিড় তত বাড়ছে।তবে এবার শহরের পাশাপাশি গ্রামের লোকজনেরও প্রচুর সমাগত ঘটছে ঈদের বাজারে। কিশোরগঞ্জের হাওরাঞ্চলে বোরো ও উজানে আউশ ধানের বাম্পার ফলন হওয়ার ফলেই গ্রামের মানুষ শহরে এসে ঈদের কেনাকাটা করছে। বিক্রেতারা জানান, প্রতিদিনই হাওরাঞ্চলের ইটনা, অষ্টগ্রাম, মিঠামইন ও নিকলী উপজেলা থেকে অসংখ্য মানুষ কেনাকাটা করতে আসে।ঈদ উপলক্ষে প্রতিটি মার্কেট ও বিপনিবিতানগুলো আলোকসজ্জা ও রং-বেরঙের ব্যানার দিয়ে সাজানো হয়েছে। শহরের ঈশা খাঁ সুপার মার্কেট, নিরালা টাওয়ার, আনোয়ারা সুপার মার্কেট, রুমা সুপার মার্কেট, খালেক মার্কেট, নতুন বাজার, ঈশা খাঁ রোড, বড়বাজার ও তেরীপট্টির মার্কেটগুলোয় এখন প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।কিশোরগঞ্জ শহরের ঈশা খাঁ সড়কে শপিং মলের ‘শাড়িকা’ দোকানের মালিক বাবুল সাহা জানান, ঈদ উপলক্ষে জর্জেটের জড়োয়া কাজ করা শাড়ি পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকায়, জড়োয়া কাজ করা রেশমের শাড়ি চার থেকে পাঁচ হাজার টাকায়, জড়োয়া কাজের টিস্যু শাড়ি দুই থেকে চার হাজার টাকায়, হাতের কাজ ও কারুকাজ করা নেটের শাড়ির দাম আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকায় এবং টাঙ্গাইলের সুতির শাড়ি দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।শহরের সাজনী বস্ত্রালয়ের মালিক বিকাশ সাহা জানান, সারা বছর বেচাবিক্রি খুব খারাপ থাকলেও ঈদের বাজার জমে উঠেছে।মিঠামইন উপজেলার গোপদিঘী থেকে আসা কৃষক আবদুর রহমান জানান, তিনি ১০ মণ বোরো ধান বিক্রি করে পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটা করতে শহরে এসেছেন।ইটনা উপজেলার পূর্বপাড়া গ্রামের গৃহবধূ ডলি আক্তার জানান, এবার তাঁরা ধানের বাম্পার ফলন ও দাম ভালো পেয়েছেন। সে জন্য ধান বিক্রি করে গোটা পরিবারের জন্য ঈদের জামাকাপড় কিনতে এসেছেন কিশোরগঞ্জে।তবে গৃহিণী আফরোজা বেগমসহ বেশ কয়েকজন ক্রেতা জানান, দোকানিরা এবার দাম বেশি হাঁকাচ্ছেন। বিক্রেতারা অবশ্য জানান, পাইকারি বাজারে দাম বাড়ায় তাঁদেরও বাধ্য হয়ে দাম বেশি নিতে হচ্ছে।শাড়িকা দোকানের মালিক বাবুল রায় জানান, বেচাবিক্রি বেশ ভালো। এ বছর শিপন ও জর্জেট শাড়ির চাহিদা বেশি। টিপটপ সু স্টোরের মালিক গৌতম সরকার বলেন, ‘এবার জুতার চাহিদা বেশ ভালো। আমরা গ্রামের ক্রেতাদের বেশি করে পাচ্ছি।’