ধামরাইয়ে হস্ত ও কারুশিল্প প্রশিক্ষণকেন্দ্র হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হস্ত ও কারুশিল্পীদের জন্য একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের জন্য ঢাকার ধামরাই বিসিক শিল্পনগরে জায়গা বরাদ্দের ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ১০ কাঠা জমির ওপর আধুনিক এই ইনস্টিটিউট হবে। এখানে প্রশিক্ষণের পাশাপাশি হস্ত ও কারুশিল্পপণ্যের বৈচিত্র্যকরণ এবং গুণগত মান উন্নয়নের ওপর গবেষণার সুযোগ থাকবে।
রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট) আয়োজিত এক আলোচনা সভায় শিল্পমন্ত্রী এসব কথা বলেন। ‘হস্ত ও কারুশিল্প নীতিমালা বাস্তবায়ন এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এই আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাক্রাফটের সভাপতি আশরাফুর রহমান। শিল্প মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় হস্ত ও কারুশিল্প নীতিমালা, ২০১৫-এর বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাক্রাফটের সাবেক সভাপতি মালেকা খান। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম; জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশের (নাসিব) সভাপতি মির্জা নূরুল গণি শোভন এবং বাংলাক্রাফটের সাবেক সভাপতি এস ইউ হায়দার।
অনুষ্ঠানে ব্যবসায়ী ও বাংলাক্রাফটের নেতারা সরকারের কাছে হস্ত ও কারুশিল্পপণ্য রপ্তানির ক্ষেত্রে ২০ শতাংশ নগদ প্রণোদনা প্রদান এবং এই খাতের উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণসুবিধা চালুর দাবি জানান।
শিল্পমন্ত্রী আমির হোসেন বলেন, সরকার হস্ত ও কারুশিল্প খাতের উদ্যোক্তাদের সব ধরনের নীতি-সহায়তা প্রদানের পাশাপাশি এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ দেবে। সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ ঋণসুবিধা দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
শিল্পমন্ত্রী বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি হস্ত ও কারুশিল্পপণ্যের গুণগত মান উন্নয়নের পরামর্শ দেন। উৎপাদিত পণ্যের মূল্য সাশ্রয়ী করতেও তিনি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।