ধার করে চলার ব্যাখ্যা দিয়েছে সোনালী ব্যাংক
‘ধার করে চলছে রাষ্ট্রীয় মালিকানার চার ব্যাংক’ শীর্ষক গত ২৯ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন এবং ১ অক্টোবর প্রকাশিত ‘রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক, সরকারের ভুল নীতির খেসারত!’ শীর্ষক সম্পাদকীয়র ব্যাখ্যা দিয়েছে সোনালী ব্যাংক।ব্যাংকের উপমহাব্যবস্থাপক বেগম আয়েশা খানম স্বাক্ষরিত ব্যাখ্যায় বলা হয়েছে, প্রকাশিত খবর ও সম্পাদকীয়তে সোনালী ব্যাংক সম্পর্কে কিছু তথ্যগত ভুল রয়েছে। ব্যাংকের চেয়ারম্যান কাজী বাহারুল ইসলামকে উদ্ধৃত করে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।ব্যাংক বলেছে, চলতি বছরের প্রথম নয় মাসসহ পূর্ববর্তী সময়ে সোনালী ব্যাংকের ঋণের পরিমাণ হয়েছে ৩১ হাজার ৪০৫ কোটি টাকা। এর মধ্যে গত নয় মাসে ঋণ বিতরণ করা হয়েছে তিন হাজার ১০৫ কোটি টাকা। আর একই সময়ে সরকারের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ঋণ বৃদ্ধি পেয়েছে এক হাজার ৩০০ কোটি টাকা।অন্যদিকে সোনালী ব্যাংকের আমানতের পরিমাণ হচ্ছে ৪৮ হাজার ৫৩ কোটি টাকা। গত নয় মাসে বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকে এসএলআর খাতে বিভিন্ন সিকিউরিটিজে সোনালী ব্যাংকের চার হাজার ৪০০ কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ করা আছে। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সোনালী ব্যাংকের মেয়াদি আমানতে বিনিয়োগের পরিমাণ এক হাজার ৪০০ কোটি টাকা। আবার বর্তমানে ব্যাংকের ঋণ মঞ্জুরিযোগ্য অর্থের পরিমাণ রয়েছে এক হাজার ৭০০ কোটি টাকা।ব্যাংক দাবি করেছে, তাদের কোনো তারল্য-সংকট নেই। ২০১০ সালের প্রথম নয় মাসে পরিচালন মুনাফা হয়েছে ৫৫৩ কোটি টাকা। আর ২০১১ সালের একই সময়ে হয়েছে ৯০০ কোটি টাকা। ২০১১ সালের শুরুতে লোকসানি শাখা ছিল ১৬০টি, যা কমে বর্তমানে হয়েছে ৮৩টি।প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত খবরের কোন তথ্যে তথ্যগত ভুল রয়েছে, তা সোনালী ব্যাংক ব্যাখ্যায় উল্লেখ করেনি। বরং নতুন কিছু তথ্য ব্যাংক দিয়েছে। প্রথম আলোর প্রতিবেদনটি মূলত পৃথকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের একটি চিঠি ধরে তৈরি করা হয়েছে। এতে সংবাদপত্রের নৈতিকতা অনুসরণে সোনালী ব্যাংকের চেয়ারম্যানের বক্তব্যও প্রকাশ করা হয়েছে।