চট্টগ্রাম বন্দর পরিচালন কার্যক্রমে ব্যাঘাত
ধারণক্ষমতার চেয়ে বেশি পড়ে আছে আমদানি করা পণ্যের কনটেইনার
ঈদের ছুটির আগে-পরে আমদানিকারকেরা পণ্য খালাস না নেওয়ায় চট্টগ্রাম বন্দরের ধারণক্ষমতার চেয়ে বেশি আমদানি করা পণ্যভর্তি কনটেইনারের স্তূপ জমে গেছে। এ কারণে বন্দরের পরিচালন-কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। ঈদের ছুটি শেষ হলেও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক হতে অন্তত এক সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা করছেন আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টরা। বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে আমদানি করা পণ্যভর্তি কনটেইনার (এফসিএল-এক কনটেইনারে একজন আমদানিকারকের পণ্য) রাখার ধারণক্ষমতা ১৯ হাজার ৪৮৭ একক কনটেইনার। ঈদের ছুটির আগে ২৪ অক্টোবর ১৩ হাজার ৮৯৭ একক কনটেইনার পড়ে ছিল। গতকাল এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৯ হাজার ৫৩৯টিতে। বন্দরের সাবেক বোর্ড সদস্য হাদী হোসেন গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সাধারণত ধারণক্ষমতার ৭০ থেকে ৭৫ শতাংশের বেশি কনটেইনার পড়ে থাকলে পরিচালন কর্মকাণ্ডে ব্যাঘাত হয়। কিন্তু এখন ধারণক্ষমতার ১০০ শতাংশের বেশি কনটেইনার পড়ে থাকায় কনটেইনার খালাস, এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া—এসব কর্মকাণ্ডে ব্যাঘাত তৈরি হবে।’ বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের ১৯টি ইয়ার্ডে আমদানি করা কনটেইনারসহ মোট কনটেইনার রাখার ধারণক্ষমতা ৩০ হাজার ৮৮৬ টিইইউএস (প্রতিটি ২০ ফুট দীর্ঘ হিসেবে)। গতকাল বন্দরের এসব ইয়ার্ডে কনটেইনার পড়েছিল ২৫ হাজার ৩৫৯ একক কনটেইনার। বন্দর সূত্র জানায়, ঈদের দিন ছাড়া ছুটির সময় বন্দরে কনটেইনার ওঠানামা স্বাভাবিক ছিল। বন্দর ইয়ার্ড থেকে পণ্য খালাস কার্যক্রমের জন্যও প্রস্তুত ছিল বন্দর। কিন্তু আমদানিকারকের পক্ষে পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মীরা ছুটিতে থাকায় পণ্য খালাসের হার ছিল কম। প্রতিদিন গড়ে তিন থেকে চার হাজার একক কনটেইনার জাহাজ থেকে নামলেও সেই হারে খালাস না হওয়ায় কনটেইনারের স্তূপ জমে গেছে। ২৩ অক্টোবর দুই হাজার ৬৫৮ একক কনটেইনার বন্দর থেকে খালাস করে নিয়ে যান আমদানিকারকেরা। অথচ গত সোমবার ১০৫টি ও গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৫১২টি (প্রতিটি ২০ ফুট দীর্ঘ) কনটেইনার খালাস হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ব্যাংক, জাহাজ কোম্পানি ও কাস্টম হাউসসহ অনেক প্রক্রিয়া শেষ করে পণ্য খালাস করতে হয়। ঈদের ছুটির সময় এসব অফিস ছুটি থাকায় বন্দর থেকে পণ্য খালাস কম হয়। আবার ঈদের ছুটি শেষে অফিস খুললেও পণ্য খালাসে নিয়োজিত সিঅ্যান্ডএফ কর্মীরা একটু বেশি সময় ছুটি কাটান। আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্টরা পণ্য খালাস করেন। তবে এ সময় শুধু পোশাকশিল্পের আমদানি করা কাঁচামাল ভর্তি কনটেইনার খালাস স্বাভাবিক রয়েছে। জানতে চাইলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম প্রথম আলোকে বলেন, আমদানি করা পণ্যভর্তি কনটেইনার বন্দর থেকে খালাস করতে অনেকগুলো ধাপে কাজ শেষ করতে হয়। ছুটির কারণে ব্যাঘাত ঘটলেও আগামী এক সপ্তাহের মধ্যে পুরোদমে বন্দর থেকে পণ্য খালাসের কাজ শুরু হবে।