ধারদেনায় জর্জরিত হয়ে শেয়ারে বিনিয়োগকারীদের ঈদ যেন ম্লান
‘বিশ্বাস করবেন কি না জানি না, এখনো আমার মা, এক ছেলে ও এক মেয়ের জন্য এক টুকরো ঈদের কাপড়ও কিনতে পারিনি। কেনা সম্ভবও হবে না আমার পক্ষে।’ মেজবাহ উদ্দিন ভূঁইয়া শেয়ারবাজারে বিনিয়োগ করে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। ঈদ উদ্যাপনের সামর্থ্য তাঁর নেই। বাধ্য হয়ে চট্টগ্রাম শহরের বাসা ছেড়ে তিনি ফেনীতে গ্রামের বাড়িতে উঠেছেন পরিবার-পরিজন নিয়ে। মুঠোফোনে গত বুধবার সকালে কথা হয় তাঁর সঙ্গে। কথা বলতে গিয়ে কান্নাজড়িত গলায় বলেন, ‘ফোর্স সেলের কারণে আমার সব শেষ হয়ে গেছে। আমার পক্ষে আর শহরে নয়-দশ হাজার টাকায় বাসা ভাড়া দিয়ে থাকা সম্ভব হচ্ছিল না। অনেক ধারদেনায় জড়িয়ে গেছি। মাস দুয়েক আগে অসুস্থ মা, স্ত্রী ও ছোট দুই ছেলেমেয়েকে নিয়ে এখানে চলে আসি।’ ২০০৬ সালে শেয়ারবাজারে বিনিয়োগ করেন মেজবাহ। ব্যাংক কর্মকর্তার ভগ্নিপতির অবসর ভাতার টাকা নিয়েই তিনি শেয়ার ব্যবসায় নামেন। ২০১০ সালের ডিসেম্বরে শেয়ারবাজার বিপর্যয় থেকেই তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর ব্যাংক ঋণ ও ধারদেনায় জড়িয়ে যান। তার খেসারত দিতে হয় গত বছরের মাঝামাঝি সময়ে। মেজবাহ বলেন, ‘২০১১ সালের জুন-জুলাইয়ে ব্রোকারেজ হাউস আমার ৭৫ শতাংশ শেয়ার ফোর্স সেল করে। বাকি ২৫ শতাংশ এ বছরেই মে-জুনে সেল হয়ে গেছে। আমি নিজেও আজ যেমন নিঃস্ব তেমনি বোনের সংসারকেও অন্ধকারে ঢেকে দিয়েছি আমি। শ্বশুরবাড়ির সাহায্য-সহযোগিতায় এখন আমার পরিবার চলছে।’ গত বছরের মতো এ বছরেও অনেক বিনিয়োগকারীর কাছে এবারের ঈদের আনন্দ অর্থহীন হয়ে পড়েছে। সামগ্রিকভাবে বাজার এখনো অনুকূল হয়ে ওঠেনি বিনিয়োগকারীদের কাছে। ফোর্স সেলের কারণে নিঃস্ব বিনিয়োগকারী আবু হানিফা খান (৬০) বলেন, ‘আমার তো এখন মারা যাওয়ার মতো অবস্থা। ধারদেনা করে এমন হয়েছে, কারও কাছ থেকে চাইতেও ভরসা পাই না। ঈদে আর কিছু না হোক, শুধু সেমাই কেনার সৌভাগ্য হবে কি না জানি না।’ সম্প্রতি আবু হানিফার ৭০ লাখ টাকার শেয়ার হাতছাড়া হয় ফোর্স সেলের কারণে। এ ব্যাপারে তিনি গত জুলাই মাসে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সিকিউরিটি অ্যান্ড এক্সজেঞ্জ কমিশন (এসইসি) কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন বলে জানা যায়। শেয়ারবাজারে বিনিয়োগের আগে তিনি চট্টগ্রাম বন্দর, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ে প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন। চট্টগ্রাম ইনভেস্টরস ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ ও যুগ্ম আহ্বায়ক এম এ কাদেরও ক্ষোভের সঙ্গে বলেন, ঈদের আনন্দটা তাঁদের কাছে ফিকে হয়ে গেছে। অন্যদের মতো তাঁরাও অনেক লোকসানের শিকার হয়েছেন। এম এ কাদের বলেন, ‘আমি সম্প্রতি গ্রামের জমি বিক্রির ১২ লাখ টাকা ও পরে মায়ের হজ পালনের জন্য রাখা সাড়ে তিন লাখ টাকাও খুইয়েছি। জানি না, শেষ পর্যন্ত মায়ের হজ পালন করাতে পারব কি না।’ তিনি আরও বলেন, সরকারের উচিত বিনিয়োগকারীদের বিশেষ প্রণোদনার মতো মিথ্যা আশ্বাস না দিয়ে স্বচ্ছ ধারণা দেওয়া। তাহলেও অন্তত সবাই উপকৃত হবেন। আছলাম মোরশেদ বলেন, ‘আমি শেয়ার বিক্রি করব না। এটা আমার নীতি। কিন্তু এ নীতি ধরে রাখতে গিয়ে এখন চরম আর্থিক সমস্যায় পড়েছি।’