ধারাবাহিক সাফল্যকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এসকেএফের বার্ষিক সম্মেলনে প্রতিষ্ঠানটির সাফল্যের জন্য চেয়ারম্যান লতিফুর রহমানকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন। এ সময় প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক  ডা. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মীর মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো
ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান এসকেএফের বার্ষিক সম্মেলনে প্রতিষ্ঠানটির সাফল্যের জন্য চেয়ারম্যান লতিফুর রহমানকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন। এ সময় প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মীর মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন l ছবি: প্রথম আলো

সাফল্যের আরও একটি বছর পার করল ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারী শিল্পপ্রতিষ্ঠান এসকেএফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানির বার্ষিক সম্মেলনে কয়েক সহস্রাধিক কর্মীকে নিয়ে ২১ ডিসেম্বর এ সাফল্য উদ্যাপন করেন এসকেএফের চেয়ারম্যান লতিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন হোসেন, পরিচালনা পর্ষদের অন্য সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাতে উপস্থিত কয়েক হাজার কর্মী ‘চল, চল, চল...’ গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে কোম্পানিটির অগ্রযাত্রা ও সাফল্যের ধারাকে আরও ঊর্ধ্বমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। আর প্রতিষ্ঠানের কর্ণধারেরা বলেন, এসকেএফের প্রত্যেক কর্মীই কোম্পানির একেকজন ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা দূত’। তাই এ বছর সম্মেলনের মূল স্লোগানই ছিল ‘আই অ্যাম দ্য ব্র্যান্ড’।
ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ১৯৯০ সালে এ দেশে এসকেএফের যাত্রা শুরু হয়। ওই বছর কোম্পানিটির ব্যবসা ছিল মাত্র এক কোটি টাকার। ২৫ বছরের ব্যবধানে ২০১৫ সালে এসে তা এক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। দেশের বাজারের পাশাপাশি এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকাসহ বিশ্বের ২১টি দেশে এসকেএফ ওষুধ রপ্তানি করছে।
অনুষ্ঠানে লতিফুর রহমান বলেন, ‘ব্যবসায়িকভাবে সফল না হলে কোনো প্রতিষ্ঠানই দীর্ঘ মেয়াদে টিকে থাকতে পারে না। কিন্তু ব্যবসায়িক সাফল্য অর্জন করতে গিয়ে এসকেএফ সহজ কোনো পথ বেছে নেয়নি। শুরু থেকে ব্যবসায়িক সততা, নৈতিকতা ও মূল্যবোধ বজায় রাখা হয়েছে। কারণ, আমরা বিশ্বাস করি, সেবা ও পণ্যের মান দিয়ে মানুষের বিশ্বস্ততা অর্জন করা গেলে ব্যবসায়িক সাফল্য আসবেই।’
সিমিন হোসেন বলেন, ২০১৫ সাল ছিল এসকেএফের সাফল্যের অন্যতম বছর। এ বছর বেশ কয়েকটি নতুন পণ্য বাজারে আনা হয়েছে। এ ক্ষেত্রে পণ্যের গুণগত মান নিশ্চিত করে নতুন উদ্ভাবনে বেশ গুরুত্ব দেওয়া হয়। এ কারণে ওষুধশিল্প বাজারের বার্ষিক যে প্রবৃদ্ধি, সেটিকে ছাড়িয়ে গেছে এসকেএফের বার্ষিক প্রবৃদ্ধি।
অতিথি বক্তা হিসেবে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, সততা ও নৈতিকতা বজায় রেখেও এ দেশে যে ব্যবসায়িকভাবে সফল হওয়া যায়, তার উদাহরণ এসকেএফসহ ট্রান্সকম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান।
আমন্ত্রিত বক্তা হিসেবে এসকেএেফর কর্মীদের সামনে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ব্যবসায়িক সততা, নৈতিকতা ও মূল্যবোধ বজায় রেখেই ট্রান্সকম গ্রুপের সিংহভাগ প্রতিষ্ঠানই দেশে নিজ নিজ ক্ষেত্রে শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। আগামী বছরগুলোতে ওষুধশিল্প খাতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে এসকেএফও তার অবস্থান আরও সুদৃঢ় করবে। গত কয়েক বছরের অভূতপূর্ব সাফল্য সেই বার্তাই দিচ্ছে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এসকেএফের পরিচালক শাহনাজ রহমান, আতিকুর রহমান, আরশাদ ওয়ালিউর রহমান, সাজরেহ হক ও আহমেদ সাফি চৌধুরী। সম্মেলনে এসকেএফের ব্যবসায়িক বিভিন্ন অগ্রগতির চিত্র তুলে ধরেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের মহাব্যবস্থাপক ডা. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক মীর মোস্তাফিজুর রহমান ও টেকনিক্যাল সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক ইখতিয়ার হোসেন।
সম্মেলনে প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা ও ব্যবসায়িক সাফল্য তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাও নির্ধারণ করা হয়। পাশাপাশি বিগত বছরের কাজের মূল্যায়নের ভিত্তিতে বেশ কিছু কর্মীর পদোন্নতি ঘোষণা এবং পদোন্নতি পাওয়া ব্যক্তিদের অভিনন্দিত করেন চেয়ারম্যান লতিফুর রহমান। দুই ভাগে বিভক্ত সম্মেলনে বক্তব্যের ফাঁকে ফাঁকে কর্মীদের জন্য উদ্দীপনামূলক একাধিক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।