ধারাবাহিকতার মুদ্রানীতি

বাংলাদেশ ব্যাংক ২০১৪-১৫ অর্থবছরের প্রথমার্ধের অর্থাৎ জুলাই-ডিসেম্বর সময়ের মুদ্রানীতি ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, তাদের এবারের মুদ্রানীতির ভঙ্গিটি হবে আগের ষান্মাসিক মুদ্রানীতির মতোই সতর্ক ও বিনিয়োগবান্ধব।
গভর্নর বলেন, অর্থবছরের প্রথমার্ধের এই মুদ্রানীতিটি আগেকারই ধারাবাহিকতায় তৈরি হয়েছে। এতে ভোক্তা মূল্যস্ফীতি পরিমিত ও স্থিতিশীল রাখার পদক্ষেপ রয়েছে। আবার রপ্তানিমুখী খাতসহ উৎপাদনমুখী কর্মকাণ্ডে আর্থিক অন্তর্ভুক্তকরণ অব্যাহত থাকবে। পরিবেশবান্ধব অর্থায়নেও পর্যাপ্ত জোগান নিশ্চিত করা হবে। যাতে প্রবৃদ্ধিতে জোরালো ও গতিশীল সমর্থন দেওয়া যায়।
এক প্রশ্নের জবাবে আতিউর রহমান বলেন, ‘মুদ্রা ও পুঁজিবাজারের জন্য স্বস্তিকর পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। নতুন মুদ্রানীতিতে সেই স্বস্তিকর ও স্থিতিশীলতা বজায় রাখা এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় স্থিতিশীল রাখার ভঙ্গিটি রয়েছে।’ এ প্রসঙ্গে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘দেশের সমগ্র জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও উন্নয়ন প্রয়াসে আস্থা ও উৎসাহ জোগানে এটি অবদান রাখবে বলে আমি আশা করি।’
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে গতকাল শনিবার মুদ্রানীতি ঘোষণার সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর আবুল কাসেম, আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা, চেঞ্জ ম্যানেজমেন্ট প্রধান ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী, প্রধান অর্থনীতিবিদ হাসান জামান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের মুদ্রানীতি অনুসারে গোটা অর্থবছরে মুদ্রা সরবরাহ আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ হারে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বার্ষিক হিসাবে বেসরকারি খাতে ঋণ জোগানের কর্মসূচি রয়েছে ১৫ দশমিক ৫ শতাংশ। আর ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে বেসরকারি খাতের জন্য ঋণ প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে ১৪ শতাংশ। কিন্তু বিদেশ থেকে বেসরকারি খাত যে ঋণ আনছে, সেটি ধরলে কর্মসূচিতে প্রবৃদ্ধির হার দাঁড়াবে ১৬ দশমিক ৫ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান প্রথম আলোকে বলেন, ‘বিদেশ থেকে ইতিমধ্যে যে পরিমাণ ঋণ এসেছে এবং অনুমোদন পেয়েছে তাতে আগামী ডিসেম্বর পর্যন্ত একটা ধারণা আমরা পেয়েছি। যে কারণে মুদ্রানীতির কর্মসূচিতে বেসরকারি খাতে দেশের ব্যাংকগুলো থেকে ১৪ শতাংশ ও বাকি আড়াই শতাংশ বিদেশি ঋণ ধরে প্রবৃদ্ধির কর্মসূচিটি নির্ধারণ করা হয়েছে। কিন্তু এক বছরের হিসাবটি এখনই করা যাচ্ছে না। পরের ছয় মাসে গিয়ে এটা হিসাব করা যাবে।’
চলতি বছরের মে মাস পর্যন্ত বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৪ শতাংশ। কিন্তু এ সময় বিদেশ থেকে যে ঋণ বেসরকারি খাত এনেছে তা ধরলে প্রবৃদ্ধির হার দাঁড়ায় ১৫ দশমিক ৭ শতাংশ। উল্লেখ্য, ২০১২-১৩ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক দুটি ক্ষেত্রে বিদেশ থেকে বেসরকারি খাতে ঋণ আনার সুযোগ তৈরি করে। এতে শুধু ক্রেতা ঋণ বা বায়ার্স ক্রেডিটে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৩২০ কোটি ডলার এসেছে।
অন্যদিকে সরকার জাতীয় বাজেটের মাধ্যমে ব্যাংক খাত থেকে ঋণ করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, গত অর্থবছরের সেই পরিমাণ ঋণ সরকার করেনি। গত ২০১৩-১৪ অর্থবছরে ব্যাংক ব্যবস্থায় সরকারের লক্ষ্যমাত্রা ছিল ২৯ হাজার ৯৮২ কোটি টাকা। কিন্তু ঋণ করেছে সাত হাজার ৯৫১ কোটি টাকা। সঞ্চয়পত্রের মাধ্যমে সরকার গত বছর ২০ হাজার কোটি টাকা ঋণ করায় ব্যাংকঋণের প্রয়োজন হয়নি।
এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, সার্বিক বিনিয়োগ বাড়াতে সবাই মিলে কাজ করতে হবে। তিনি জানান, পদ্মা সেতুসহ অনেকগুলো বড় প্রকল্প আসছে। এগুলো শুরু হলে বিনিয়োগের গতি বাড়বে। অবকাঠামোর উন্নয়ন হবে। তাতেও বেসরকারি খাতে বিনিয়োগ আরও বাড়বে। তিনি বলেন, ‘আমাদের নজরদারি বাড়াতে হবে যাতে গুণগতমানের হয় ঋণগুলো। সে জন্য নিজস্ব ব্যবস্থাপনা প্রক্রিয়া (ম্যাকানিজম) তৈরি করতে হবে। যাতে দুর্নীতি না হয়, মানি লন্ডারিং না হয়।’
বেসিক ব্যাংকে মানিলন্ডারিং হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কী পদক্ষেপ নিয়েছে এমন প্রশ্নের জবাবে রাজী হাসান বলেন, জাল-জালিয়াতি ঘটনা এখন মানি লন্ডারিংয়ের আওতাভুক্ত। বেসিক ব্যাংকে এ ধরনের কর্মকাণ্ড হয়েছে। এটা নিয়ে বিএফআইইউ তদন্ত করছে। বিদেশে পাচার হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত হচ্ছে। বিদেশে অর্থ পাচার হয়ে থাকলে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক সংস্থা এগমন্ট গ্রুপের সদস্য হিসেবে বাংলাদেশ সেসব অর্থে তথ্য পেতে পারবে। যেসব দেশ এগমন্ট গ্রুপের সদস্য নয় তাদের কারও কারও সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সমঝোতা আছে। সেখান থেকেও তথ্য পাওয়া যাবে।
চট্টগ্রামের কিছু ব্যবসায়ীর কাছে ৪০-৫০ হাজার কোটি টাকার এলটিআর (লোন এগনেষ্ট টার্ম লোন বা বিশ্বাসী ঋণ) আটকে পড়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক কী করছে—জানতে চাইলে সুর চৌধুরী বলেন, এলটিআর মেয়াদি ঋণ হয়, নিয়মের মধ্যেই। চট্টগ্রামে বেশ কিছু টাকা আটকে পড়েছে। ব্যাংকগুলো তার বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ করছে। যদি কোনো ব্যাংক তা করতে ব্যর্থ হয় তবে দায়দায়িত্ব নির্ধারণ করে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে সজাগ রয়েছে।