ধারাবাহিকতার মুদ্রানীতি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমানসহ অন্যরা
কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে গভর্নর আতিউর রহমানসহ অন্যরা

বাংলাদেশ ব্যাংক তাদের ভাষায়, আগেকার ধারাবাহিক সতর্ক, বিনিয়োগ ও প্রবৃদ্ধিবান্ধব মুদ্রানীতি ঘোষণা করেছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘নতুন ঘোষিত মুদ্রানীতি কার্যক্রমটি সতর্ক ভঙ্গির। তাই ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ গ্রহণের মাত্রা সম্পর্কে সতর্কতার কথা বলা হয়েছে। যদিও এই মুহূর্তে এদিক থেকে কোনো উদ্বেগের বিষয় নেই।’
গভর্নর জানান, এখন পর্যন্ত সরকারের ঋণ গ্রহণের মাত্রাও বেশ পরিমিত। চলতি অর্থবছরের শেষ পর্যন্ত এমনটাই থাকবে বলে আশা তাঁর।
অর্থবছরের শেষার্ধের (জানুয়ারি-জুন) জন্য ঘোষিত এই মুদ্রানীতিতে চলতি ২০১৩-১৪ অর্থবছরের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ শতাংশের কাছাকাছি হবে বলে প্রাক্কলন করা হয়েছে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিকে প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ থেকে ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
মুদ্রানীতি ঘোষণা ও সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য প্রকাশ পেয়েছে।
প্রবৃদ্ধি প্রাক্কলন-সম্পর্কিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান বলেন, তাঁরা যখন ত্রৈমাসিক প্রাক্কলন প্রকাশ করেন, তখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগ পরিস্থিতি কথা ভেবে প্রবৃদ্ধির হার কম হওয়ার শঙ্কা করছিলেন। কিন্তু এখন পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। তাই নতুনভাবে প্রক্ষেপণ করছে কেন্দ্রীয় ব্যাংক।
জানুয়ারি-জুন সময়ের মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহে প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৬ দশমিক ৫ শতাংশ। এই লক্ষ্যমাত্রা বিগত মুদ্রানীতিতেও নির্ধারিত ছিল। কিন্তু সেটা অর্জিত হয়নি। অভ্যন্তরীণ ও বিদেশ থেকে আনা ঋণ নিয়ে বিগত সময়ে বেসরকারি খাতে ঋণে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৮ শতাংশ। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে উন্নতি হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক নতুন করে এই অর্থ জোগান দেওয়ার সংস্থান রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম মিলনায়তনে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিগত সময়ে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের ঋণ লক্ষ্যমাত্রার চেয়ে কম ছিল। আগের লক্ষ্যমাত্রা অনুয়ায়ী সরকারের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান রাখা হচ্ছে শেষ ছয় মাসেও।
কেন্দ্রীয় ব্যাংক মনে করে, সামনের মাসগুলোতে নতুন কোনো বড় বিপর্যয় না হলে জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের আশেপাশেই থাকবে।
আগের মুদ্রানীতিতে বার্ষিক মূল্যস্ফীতির হার অর্থবছর শেষে ৭ শতাংশে নামিয়ে আনতে যে প্রক্ষেপণগুলো করা হয়েছিল, এখন পর্যন্ত তার বেশ নিচে রয়েছে মুদ্রা সরবরাহ ও বেসরকারি খাতের ঋণ। এতে বিনিয়োগ ও উৎপাদনে মন্থরতা এসেছে মনে করে না বাংলাদেশ ব্যাংক। কেননা, অভ্যন্তরীণ ঋণের পাশাপাশি সরকার ও বেসরকারি—উভয় খাতই বেশি পরিমাণে বৈদেশিক খাত থেকে স্বল্পমেয়াদি বাণিজ্যিক ঋণ এবং দীর্ঘমেয়াদি প্রকল্প ঋণ নিয়েছে। এ ছাড়া সরাসরি বিদেশি বিনিয়োগ ও পোর্টফোলিও বিনিয়োগ এবং প্রবাসীদের কাছ থেকে আসা আয়ও বিনিয়োগের অংশ।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিগত সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি নিম্নগামী থাকলেও খাদ্যের মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী থাকায় সামগ্রিক মূল্যস্ফীতি কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে। খাদ্যপণ্যে মুদ্রানীতির প্রভাব সীমিত, তবে কৃষি খাতে পর্যাপ্ত ঋণ দেওয়ায় খাদ্য মূল্যস্ফীতির চাপ প্রশমনে ভূমিকা রাখছে। তাই মুদ্রানীতিতে অর্থবছর শেষে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন মুদ্রানীতিতে মুদ্রা সরবরাহ ও বেসরকারি খাতের ঋণসহ বিভিন্ন লক্ষ্যগুলো আগের মতো প্রায় অপরিবর্তিত রয়েছে। এ প্রসঙ্গে আতিউর রহমান বলেন, ‘ঘরের আর্কিটেকচার (স্থাপত্য বা কাঠামো) ঠিক রেখে সোফাটা (সাজসজ্জা) এদিক-ওদিক করার চেষ্টা করছি।’
প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী বলেন, ‘ঋণের সুদ হার একটু একটু করে হলেও কমছে। মূল্যস্ফীতি না কমিয়ে জোর করে সুদের হার কমানো উচিত হবে না।’ আর সেকেন্ডারি বন্ড বাজার চালুর বিষয়ে পেনশন স্কিমসহ বেশ কিছু কাজ হাতে নেওয়া হয়েছে জানান তিনি।
গভর্নর তাঁর বক্তব্যে বলেন, অর্থবছরের প্রথমভাগে দেশের অর্থনীতির ওপর বহিঃখাতের প্রভাব সার্বিকভাবে স্থিতিশীল ছিল। কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতায় শেষ দিকে অভ্যন্তরীণ খাতের পরিস্থিতি বিশেষ উৎকণ্ঠা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। দেশব্যাপী বারবার ঘটতে থাকা প্রলম্বিত হরতাল ও অবরোধ অর্থনৈতিক কর্মকাণ্ডে এবং স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক বিপত্তি ঘটায়। তবে খুবই আশ্বস্তকর ও উৎসাহব্যঞ্জক যে, উদ্যোগী ব্যবসায়ী সমাজ সব ধরনের বাধা-বিপত্তির মুখেও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা রাখতে দৃষ্টান্তমূলক সহনক্ষমতা অর্থাৎ দৈব পরিস্থিতি মোকাবিলার অন্তর্নিহিত শক্তির প্রকাশ ঘটিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকও ঋণ পুনঃতফসিল এবং রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) বৃদ্ধি ও এর সুদ হারে ছাড়সহ বিভিন্ন নীতি সহায়তায় সাময়িক সুযোগও দিয়েছে।