আখ চাষ ধীরে ধীরে বন্ধ করে দিতে চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘আখ চাষকে আমি নিরুৎসাহিত করছি এবং দেশ থেকে আখ চাষ ধীরে ধীরে উঠিয়ে দেওয়া হবে।’
সচিবালয়ে গতকাল মঙ্গলবার বেসরকারি টিভি চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পক্ষ থেকে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ শীর্ষক প্রাক্-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে কৃষকদের জন্য ৪৫ দফা সুপারিশ উপস্থাপন করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।
অর্থমন্ত্রী বলেন, দেশের বাজারে চিনির কেজি ৪৫ টাকা আর আমদানি করা চিনির কেজি ২০ থেকে ২৫ টাকা। ১৫টি চিনিকলের কারণে দেশের দেশের ক্ষতি হচ্ছে।
আখ চাষে সময় লাগে ৮ মাস এবং এ সময় কারখানাগুলো বন্ধ থাকে, উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, চিনি নিয়ে কারও কোনো আগ্রহ নেই।
আগামী বাজেটে কৃষি খাতে ভর্তুকি নিয়ে অর্থমন্ত্রী বলেন, এটা বাড়বে না কমবে, বলা যাচ্ছে না। নির্ভর করছে পরিস্থিতির ওপর। আন্তর্জাতিক বাজারে সারের দাম বাড়লে ভর্তুকি বাড়তে পারে, আবার কমলে ভর্তুকি কমতে পারে।
শাইখ সিরাজ জানান, ৬টি জেলার ৫০ হাজার কৃষককে নিয়ে তিনি আলোচনা করেছেন। ৯০ শতাংশ কৃষকই বলেছেন, তাঁরা ধানের ন্যায্যমূল্য পান না। এ ছাড়া কৃষিঋণ পাওয়ার ক্ষেত্রেও হয়রানি ও অনিয়মের অভিযোগ তাঁদের।