ধীরে ধীরে ফ্ল্যাটের দাম সংশোধন হচ্ছে
রাজধানী ঢাকাকে কীভাবে বাসযোগ্য করা যায় এবং বর্তমানের ফ্ল্যাটের অস্বাভাবিক মূল্য কমানোর উপায় আছে কি না, সে বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন আবাসন প্রতিষ্ঠান দ্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (শেল) ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের সাবেক সভাপতি মো. আবদুল আউয়াল

প্রথম আলো: দু-একটি এলাকা ছাড়া পুরো ঢাকাতেই তো অপরিকল্পিত আবাসন হয়েছে। এ অবস্থা থেকে বের হওয়ার কি কোনো উপায় আছে?
আবদুল আউয়াল: বহু আগেই ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে গেছে। কোনো এলাকাতেই পরিকল্পিত আবাসন গড়ে ওঠেনি। উত্তরাকে ব্যতিক্রম বলতে পারেন। কিন্তু সেখানেও গলদ আছে। পর্যাপ্ত খালি জায়গা নেই, যা কিনা ফুসফুসের মতো কাজ করে। এ ছাড়া বিদ্যুৎ বিতরণের জন্য সাব-স্টেশন করা হয়নি। এমনকি সে জন্য জায়গা পর্যন্ত রাখা হয়নি। ২০১০ সালে শুধু ঢাকার ৫০৯ বর্গকিলোমিটার নিয়ে ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) করা হয়েছে। কেন সেটি পুরো দেশ নিয়ে করা হলো না, দেশটা তো শুধু ঢাকা নয়। কেন সেটি স্বাধীনতার পরপরই হলো না? আসলে ঢাকাকে বসবাসের উপযোগী করতে হলে সবার আগে মানসিকতার পরিবর্তন করতে হবে। গ্রাম থেকে মানুষ স্রোতের মতো রাজধানীতে আসছে। আপনি তো তাদের তাড়িয়ে দিতে পারবেন না। মানুষ বাধ্য হয়েই এখানে এসেছে। সে জন্য পুরো দেশকে নিয়ে পরিকল্পনা করতে হবে। সুযোগ-সুবিধা সব এলাকায় ছড়িয়ে দিতে হবে। তা ছাড়া ঢাকায় থেকে ঢাকাকে নিয়ে পরিকল্পনা করলে কিছু হবে না। উল্টো চিন্তা করতে হবে। মানুষ তার কর্মস্থলে যাওয়া ও আসা মিলিয়ে সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যয় করতে পারে। তার বেশি হলেই মানুষ হা-হুতাশ করবে। এটি মাথায় রেখে কুমিল্লাসহ রাজধানীর বাইরের আশপাশের এলাকাগুলোতে বাসস্থানের ব্যবস্থা করতে হবে। উন্নত যোগাযোগব্যবস্থা করার মধ্য দিয়ে এটি করা যায়।
প্রথম আলো: বাংলাদেশের অতীত ও বর্তমান প্রেক্ষাপট বিচার-বিশ্লেষণ করলে এটি কি বাস্তবায়নযোগ্য?
আবদুল আউয়াল: অবশ্যই বাস্তবায়ন সম্ভব। এ জন্য প্রয়োজন সদিচ্ছা ও সঠিক পরিকল্পনা। আসলে আমরা সামাজিকভাবে একটি জটিল অবস্থার মধ্যে পড়ে গেছি। সবকিছুই এখানে সাময়িকভাবে করা হয়। তবে অসম্ভব বলে কিছু নেই। দ্রুত বর্ধনশীল আধুনিক শহর সিঙ্গাপুর আশির দশকে কিন্তু আজকের ঢাকার মতোই ছিল। তারা সেখান থেকে উঠে গিয়ে আজকে কী-না করে ফেলেছে। আমার সিঙ্গাপুরপ্রবাসী এক বন্ধুকে বলেছিলাম, আমরাও তো দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে ফেলতে পারি। সে বলেছিল, সিঙ্গাপুর তো ছোট্ট শহর, তাই তারা সহজেই পেরেছে। আমি তখন বলেছিলাম, আমরা প্রয়োজনে ৬৪ জেলাকে একেকটি সিঙ্গাপুর বানাতে পারি। এসবের জন্য সবার আগে পরিকল্পনা, পরিকল্পনা ও পরিকল্পনা করতে হবে। এ ক্ষেত্রে সিঙ্গাপুর আইডল হতে পারে।
প্রথম আলো: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) হাতে গোনা ফ্ল্যাট ও প্লট প্রকল্প এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ তো একটি শ্রেণির মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এসব করে কি দেশের সব মানুষের জন্য আবাসন নিশ্চিত করা যাবে?
আবদুল আউয়াল: রাজউকের প্লট প্রকল্প বিলাসিতা ছাড়া কিছু নয়। এটি আসলে আমাদের মানায় না। আমাদের মনে রাখা দরকার, দেশের ১৬ কোটি মানুষ ভাতই খাবে। আর এ জন্য চাল আমদানির ওপর নির্ভর করলে চলবে না। সে জন্য ধান চাষ করতেই হবে। তাই চাষযোগ্য জমি কোনোভাবেই কমতে দেওয়া যাবে না। আমাদের জমি সীমিত হওয়ায় পরিকল্পনা করে কতটুকুতে বাড়ি, কতটুকু নিয়ে শিল্প আর কতটুকু জমিতে ধান চাষ হবে, সেটি ঠিক করতে হবে। আমরা অবশ্যই পারব। এখানে পারতে চাই কি না, সেটি বড় বিষয়। টোটাল সলিউশন (সামগ্রিক সমাধান) নিয়ে ভাবতে হবে। বহু বছর ধরে আমরা বিষয়টি নিয়ে বলছি। তবে সরকার এ বিষয়ে উদাসীন। সরকার হাজার হাজার ফ্ল্যাট বানাচ্ছে, আমরা কেবল শুনছি, তবে বাস্তবে আমরা এখনো সেটি দেখছি না। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ৩০, ৪০, ৫০ তলা উঁচু ভবন নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছেনা। এটি হলেও চাষের জন্য অনেক জমি বেঁচে যেত। আবার বাড়তি জমি দিয়ে খেলার মাঠ, পার্ক, স্কুল, কলেজ, মসজিদের মতো অবকাঠামো করা যেত। তাই সরকারকে এখন বড় মানসিকতার পরিচয় দিতে হবে।
প্রথম আলো: ফ্ল্যাটের মূল্য কমানোর কোনো উপায় আছে কি?
আবদুল আউয়াল: দুর্নীতি কমাতে হবে। এটি কমে এলে মানুষের হাতে এত টাকা থাকবে না। একই সঙ্গে চাহিদাও কমে আসবে। মূলত চাহিদা ও বিক্রি বৃদ্ধির জন্যই ফ্ল্যাটের দাম বাড়তে বাড়তে এ পর্যায়ে এসে ঠেকেছে। তবে বিভিন্ন কারণে ধীরে ধীরে দামটা সংশোধিত হচ্ছে। এ ছাড়া সরকার যেসব ফ্ল্যাট নির্মাণ করবে, সেগুলোর দর যদি নির্ধারণ করে দেওয়া হয়, তবে বাজারের ওপর ইতিবাচক একটি প্রভাব পড়বে।