ধ্বংসযজ্ঞের সাক্ষী হাউস বিল্ডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের মতোই সাজানো গাড়ির সারি। যেখানে যেমন রাখা, তেমনই পড়ে আছে। তবে সেগুলো এখন আর সচল নয়। কেবলই গাড়ির খোলস। ভেতরটা পুড়ে ছাই।

ববার এসব গাড়িতে চড়েই কার্যালয়ে এসেছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। কিন্তু এখন সেগুলো আর কোনোভাবেই চলাচলযোগ্য নয়।হেফাজতে ইসলামের কর্মীদের রোববারের তাণ্ডবে এমনই ধ্বংসযজ্ঞে পরিণত হয় রাজধানীর পল্টন মোড়ে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) ভবনটি। এতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ভবনটির নিচতলায় অবস্থিত জনতা ব্যাংকের শাখার ভেতরের মূল্যবান দলিলপত্রসহ বিভিন্ন জিনিস। তছনছ করা হয় ওই ভবনের নিচতলায় অবস্থিত আজাদ প্রোডাক্টসের শোরুম। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ তলা ভবনটির চারতলা পর্যন্ত। উচ্ছৃঙ্খল হেফাজতকর্মীদের নিবৃত্ত করতে গিয়ে লাঞ্ছিত হন ভবনটির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।সরেজমিন পরিদর্শন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনটির নিচতলায় গাড়ি রাখার জায়গায় প্রায় ১২টি গাড়ি আগুনে পুড়ে শুধু কাঠামোটি অবশিষ্ট রয়েছে। আংশিক পুড়েছে ও ভেঙেচুরে গেছে আরও প্রায় ১২টি গাড়ি। পুড়ে যাওয়া গাড়ির মধ্যে দুটি বিএইচবিএফসির। এর একটি ব্যবস্থাপনা পরিচালকের। অপরটি মহাব্যবস্থাপকের। প্রায় এক কোটি তিন লাখ টাকায় পাজেরো জিপ দুটি কিছুদিন আগে কেনা। পুড়ে যাওয়া বাকি গাড়িগুলো ওই ভবনে অবস্থিত সরকারি অন্যান্য অফিসের। তবে এগুলোর ক্ষয়ক্ষতির হিসাব এখনো পাওয়া যায়নি।সোমবার দুপুরে ঘুরে দেখা যায়, ভবনজুড়েই ব্যাপক ধ্বংসযজ্ঞের আলামত। চারতলা পর্যন্ত দেয়ালে আগুনে পোড়া কালো দাগ, বিভিন্ন দপ্তরের সামনে টবে রাখা বিভিন্ন গাছের পোড়া অংশ।বিএইচবিএফসির জনসংযোগ কর্মকর্তা জেড এম হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ওই ভবনের তাঁদের নিজস্ব কার্যালয় ছাড়াও আয়কর বিভাগ, প্রধান হিসাব নিরীক্ষণ কর্মকর্তা (জনপ্রশাসন), বাংলাদেশ টুরিজম বোর্ড ও যুবক কমিশনের ভাড়া কার্যালয় ছিল। এ ছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে ওই ভবনের নিচতলায় আইডিয়াল ও আজাদ প্রোডাক্টসের দুটি শোরুম ও একাধিক দোকান ছিল।

বিএইচবিএফসি কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় সব মিলিয়ে তাদের ১৮ কোটি ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে করপোরেশনের উপমহাব্যবস্থাপক মিজানুর রহমান তালুকদার বাদী হয়ে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাতে ক্ষয়ক্ষতির এই পরিমাণ উল্লেখ করা হয়।

নিরাপত্তাকর্মী মোহাম্মদ আলী জিন্নাহ জানান, গত রোববার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পৌনে ছয়টার মধ্যে ঘটনা ঘটে। শত শত হেফাজতকর্মী দেয়াল টপকে ও প্রধান প্রবেশদ্বার ভেঙে ভেতরে ঢুকে গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এ সময় তাদের বাধা দিতে গেলে তাঁকেসহ আরও কয়েকজন নিরাপত্তাকর্মীকে লাঠিপেটা করা হয়। গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর হেফাজতকর্মীরা লিফটে অগ্নিসংযোগ করার চেষ্টা করেন। নানাভাবে অনুনয়-বিনয় করে তাঁদের নিবৃত্ত করা হয়। অগ্নিনির্বাপককর্মীরা ঘটনাস্থলে আসতে না পারায় নিরাপত্তাকর্মীরা নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন।

মোহাম্মদ আলী আরও বলেন, আগুনে পুড়ে যাওয়া  গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে পার্শ্ববর্তী নবাব আলী টাওয়ারের গ্লাস ভেঙে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিসংযোগ ও হামলার সময় হেফাজতকর্মীরা ভবনটির বিদ্যুৎসংযোগ, পানি সরবরাহ ও টেলিফোন লাইন বিচ্ছিন্ন করে দেয়। ভাঙচুর করা হয় ভবনটির বিভিন্ন দপ্তরের দরজা-জানালা। ফলে গতকাল চারটা পর্যন্ত পুরো ভবনটিই ছিল বিদ্যুৎ ও পানির সংযোগহীন। এতে ভবনটির বিভিন্ন অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। চারটার পর ভবনটিতে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়।

বিএইচবিএফসির ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘রোববার বিকেলে আমাদের ভবনটি হামলার শিকার হলে অন্যান্য সহকর্মীসহ আমি অফিস ত্যাগে বাধ্য হই। বিজয় নগর এলাকায় পৌঁছানোর পর আমি অগ্নিসংযোগের খবর পাই। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলবাহিনীর সঙ্গে যোগাযোগ করি। কিন্তু হেফাজতকর্মীদের বাধার কারণে দমকলকর্মীরাও সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।’

নুরুল আলম তালুকদার আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে আমার নিজের দপ্তরটিও ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে দরজার তালা ভেঙে সোমবার আমাকে অফিসে প্রবেশ করতে হয়েছে।’ তিনি জানান, এরই মধ্যে ঘটনার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে গাড়ির বিমার অর্থ আদায়ে ব্যবস্থা নেওয়া হবে।

আজাদ প্রোডাক্টসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল জানান, হামলায় তাঁদের শোরুমের গ্লাস, শাটার, সাইনবোর্ড, ডিসপ্লে বোর্ড নষ্ট হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।