ধ্বংসের পথে পাবনার হোসিয়ারি শিল্প

রং-সুতার চড়া দাম, শ্রমিকের মজুরি বৃদ্ধি ও বাজারজাতকরণসহ নানা কারণে ক্ষতিগ্রস্ত পাবনার হোসিয়ারিশিল্প এবার টানা হরতাল-অবরোধে ধ্বংসের দ্বারপ্রান্তে। কয়েক মাস ধরে হাজার খানেক হোসিয়ারি কারখানায় কাজ নেই বললেই চলে। আর এ কারণে কর্মহীন হয়ে পড়েছেন শিল্পের প্রায় ৪০ হাজার মানুষ।
খোঁজ নিয়ে জানা যায়, পোশাক কারখানার ঝুট কাপড় কিনে এনে হোসিয়ারি পণ্য তৈরি করেন পাবনার হোসিয়ারি ব্যবসায়ীরা। আর এসব পণ্য দেশের বিভিন্ন জেলা ও ভারতের কয়েকটি প্রদেশে যায়। শীতের সময় চাহিদা বেশি থাকায় রাত-দিন কর্মব্যস্ত সময় কাটান শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে এবার টানা হরতাল-অবরোধে উল্টো চিত্র।
গত সপ্তাহে জেলার দিলালপুর ও এআর কর্নার এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ হোসিয়ার কারখানাই বন্ধ। কয়েকটি খোলা থাকলেও কোনো কাজ নেই। এ কারণে শ্রমিকেরাও নেই। সময় কাটানোর জন্য মালিক বসে টিভি দেখছেন কিংবা একে অপরের সঙ্গে গল্প করছেন।
ব্যবসায়ী আবুল কাশেম বলেন, ‘শীত মৌসুমে আমরা যা ব্যবসা করি তাই দিয়ে আমাদের বাকি নয় মাস কাটাতে হয়। তবে এবার হরতাল-অবরোধে ব্যবসা বন্ধ রয়েছে। এতে প্রতিদিনই দেনা বাড়ছে। কিন্তু রাজনীতিবিদেরা এসব বোঝার চেষ্টা করছেন না।’
দিলালপুর মহল্লার হোসিয়ারি শ্রমিক সবুজ হোসেন বলেন, ‘পিরায় দুই মাস কুনু কাম কাইজ নাই। দুইডা বাচ্চা, বউ আর বুরা মারে নিয়ে খুব কষ্টে আছি। রিকশা চলামু তারও উপায় নাই। অন্য কুনু কামও জানিনা। কি করবো বুঝবের পরতিছি না।’
হোসিয়ারি ম্যানুফ্যাকচার গ্রুপের উত্তরবঙ্গের সভাপতি আনোয়ার হোসেন তালুকদার বলেন, ব্যবসায়ীরা ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। এবার টানা হরতাল-অবরোধে প্রায় তিন মাস ব্যবসা বন্ধ। অনেকেই দেউলিয়া হয়ে পড়েছেন। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে।