নকল হ্যান্ডসেটে বাজার সয়লাব, বিপাকে ব্র্যান্ডগুলো
স্বল্প মূল্যে মুঠোফোন। তাতে আবার রঙিন মনিটর, এফএম রেডিও, লাউড স্পিকারসহ সংগীতের ব্যবস্থা, মজার গেমস আর মেমোরি কার্ড। আছে টর্চলাইটও। দাম মাত্র এক হাজার ২৫০ টাকা। আর ব্র্যান্ডও নকিয়া! কিশোরগঞ্জের মৎস্যজীবী মানিক আহমেদ নিজের জন্য তো বটেই, খামারের অন্য কর্মীদের সঙ্গে যোগাযোগের জন্যও কিনে নেন এ ধরনের গোটা পাঁচেক ‘নকিয়া’ হ্যান্ডসেট। সেটের সঙ্গে ওয়ারেন্টি কার্ড রয়েছে। দোকানদার আশ্বাসও দিয়ে বলেছিলেন, ‘পানি-কাদা নো প্রবলেম’। সমস্যা হলে সারিয়ে দেওয়ারও আশ্বাস দেন। মাস ছয়েক পরে দুটি হ্যান্ডসেটে সমস্যা দেখা দিলে মানিক আহমেদ সেটগুলো নিয়ে আসেন রাজধানীর ইস্টার্ন প্লাজার সেই দোকানে। কিন্তু দোকানদার এবার আর তাঁকে চিনতে পারেন না। শেষ পর্যন্ত বসুন্ধরার নকিয়া সেবাকেন্দ্রে এসে মানিক জানতে পারলেন, সেটগুলো নকল। এ রকম নকল মুঠোফোনে এখন বাজার সয়লাব। তরুণ প্রজন্মের প্রধান আকর্ষণ স্ক্রিন টাচ হ্যান্ডসেটও নকল হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কর ফাঁকি দিয়ে মূলত চীন ও দক্ষিণ কোরিয়া থেকে দেশে এ ধরনের হ্যান্ডসেট আমদানি হচ্ছে। এর ফলে সরকার বছরে ১২০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।বাংলাদেশ মোবাইল ফোন আমদানিকারক সমিতির (বিএমপিআইএ) সাধারণ সম্পাদক ফয়সাল আলীম প্রথম আলোকে জানান, দেশে বছরে কমপক্ষে দেড় কোটি হ্যান্ডসেট আমদানি হয়। এর মধ্যে বৈধ পথে আসে ৬৫ থেকে ৭০ শতাংশ সেট। অবশিষ্ট ৩০ শতাংশ সেট কোনো ধরনের কর পরিশোধ ছাড়াই অবৈধ পথে বাজারে চলে আসে। প্রচলিত নিয়মে বিমানবন্দরেই সেটের ‘যাচাইযোগ্য আমদানি মূল্যে’র ওপর ১০ শতাংশ হারে কর দিতে হয়। সেই হিসেবে বছরে ৪০০ কোটি টাকার বেশি পরিমাণ সরকারের রাজস্ব আয় হওয়ার কথা। কিন্তু অবৈধ সেটগুলোর ক্ষেত্রে সরকার ১২০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি নিজামুদ্দিন জিতু জানালেন ভিন্ন উপায়ে আমদানির কথা। তিনি বলেন, নামী কোম্পানির দামি হ্যান্ডসেট আমদানির জন্য ঋণপত্র খোলার পর চীন থেকে আনা হচ্ছে নিম্ন মানের সস্তা হ্যান্ডসেট। একটি চক্র এসব নিম্ন মানের হ্যান্ডসেট বিক্রি করে প্রতিবছর ক্রেতাদের কাছ থেকে কয়েক শ কোটি টাকা মুনাফা করে নিচ্ছে। জিতু আরও জানান, আমদানি করা ৩০ শতাংশ নিম্নমানের সেটেই নামী ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বাজারে ছাড়া হচ্ছে। ছয়-সাত মাস ব্যবহারেও এসব নকল স্টিকারের ঔজ্জ্বল্য নষ্ট হয় না। তবে সেটটি নিম্নমানের হওয়ায় শেষ পর্যন্ত ঠকতে হয় ক্রেতাদের।বিটিআরসির একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের স্টিকার ও ট্যাগ আমদানির জন্য বিটিআরসির কাছ থেকে অনুমতি নিতে আসেন অনেক আমদানিকারক। নকল হ্যান্ডসেটের আমদানি মূল্য এক থেকে দেড় হাজার টাকার মধ্যে হলেও ভালো ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে তা বিক্রি করা হয় পাঁচ থেকে ২৫ হাজার টাকায়।বায়তুল মোকাররম মার্কেটের ব্যবসায়ী জামিল আহমেদ বলেন, নকল সেটের দাম নিম্ন আয়ের ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যেই। সর্বোচ্চ দুই হাজার টাকার মধ্যেই একজন ক্রেতা রঙিন মনিটরসহ বিভিন্ন সুবিধাসম্পন্ন সেট কিনতে পারেন। তবে এসব সেটের ব্যাটারি খুব একটা দীর্ঘস্থায়ী হয় না। এদিকে নকল মুঠোফোনের পাশাপাশি বৈধপথে আমদানি পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন ব্র্যান্ড হ্যান্ডসেট বিক্রেতারা। মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাংয়ের বাংলাদেশ প্রধান হাসান মেহেদী বলেন, ‘নকল সেটের পাশাপাশি বৈধপথে আমদানি করা হ্যান্ডসেটও ক্রেতাদের জন্য সমস্যা তৈরি করে। এ ধরনের আমদানিকারকেরা সরকারের অনুমতি নিয়েই বিভিন্ন ব্র্যান্ডের হ্যান্ডসেট আমদানি করতে পারেন। ফলে বাজারে স্যামসাং এসথ্রি ৫০ থেকে ৫৫ হাজার টাকায়ও কিনতে পাওয়া যায়। এতে ক্রেতারা বিভ্রান্ত হন। কেননা, আমাদের শোরুমেও স্যামসাং এসথ্রির দাম সাড়ে ৬৭ হাজার টাকা। এর সঙ্গে ক্রেতারা ওয়ারেন্টি-গ্যারান্টিসহ সব ধরনের সুবিধা পাচ্ছেন। আর অন্য আমদানিকারকেরা সংশ্লিষ্ট সুবিধা ছাড়া শুধু সেট বিক্রি করছেন ৫০ থেকে ৫৫ হাজার টাকায়।’ এসব বিষয়ে ইতিমধ্যে বিটিআরসির সঙ্গে তাঁরা আলোচনা করেছেন বলেও জানান তিনি।