নকিয়ার জিপিএস ইউনিট কিনল তিন জার্মান গাড়ি নির্মাতা
নকিয়ার ডিজিটাল ম্যাপ বিভাগ ‘হিয়ার’ কিনে নিয়েছে জার্মানির বিশ্বখ্যাত তিন মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন, বিএমডব্লিউ ও ডেইমলার। ৩১০ কোটি মার্কিন ডলার দাম সাব্যস্ত হয়েছে নকিয়ার এ অঙ্গ প্রতিষ্ঠানটির।
গুগলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতেই গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সেবা প্রযুক্তির ব্যবসাটি কেনা হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ডেইমলার। মার্সিডিজ বেঞ্জের নির্মাতা প্রতিষ্ঠান ডেইমলারের প্রধান নির্বাহী ডিয়েটার জেটশে বলেন, উচ্চক্ষমতাসম্পন্ন ডিজিটাল ম্যাপ ভবিষ্যতের গাড়ির ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।
দেনা বেড়ে যাওয়ায় লোকসান কমাতে নকিয়া চলতি বছরের এপ্রিলে হিয়ার বিক্রির ঘোষণা দেয়। চার মাসের মাথায়ই তা বিক্রি হলো। এ ব্যাপারে জার্মান কোম্পানিগুলোর সঙ্গে নকিয়ার চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছরের প্রথম ছয় মাসের মধ্যেই লেনদেন ও মালিকানা পরিবর্তন সম্পন্ন হবে। পাশাপাশি নতুন কোম্পানি গঠন হবে, যাতে ভক্সওয়াগন, ডেইমলার ও বিএমডব্লিউ তিন প্রতিষ্ঠানেরই সমান শেয়ার থাকবে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ম্যাককিনসের প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সাল নাগাদ জিপিএস ও ডিজিটাল ম্যাপের ব্যবসা দাঁড়াবে ২০ হাজার কোটি ডলার। ভবিষ্যতে চালক ছাড়া স্বয়ংক্রিয়ভাবে গাড়ি চালানোর জন্য ডিজিটাল ম্যাপ গুরুত্বপূর্ণ।
গবেষণা প্রতিষ্ঠান টেকনাভিওর তথ্য অনুসারে, এ বাজারের ৫৫ শতাংশ নিয়ন্ত্রণ করে হিয়ার।
হিয়ারের আয়ের মূল উৎস হলো বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ডিজিটাল ম্যাপের লাইসেন্স বিক্রি। চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা হয়েছে তিন কোটি মার্কিন ডলার। তবে গত বছর প্রতিষ্ঠানটি লোকসান দিয়েছে ১৩৫ কোটি ডলার।
গুগলের পাশাপাশি নেদারল্যান্ডসের কোম্পানি টমটম গাড়ির ডিজিটাল ম্যাপের ব্যবসা করে থাকে।
সূত্র: ব্লুমবার্গ, ফাইন্যান্সিয়াল টাইমস