নকিয়ার মোবাইল ফোন ব্যবসা কিনে নিচ্ছে মাইক্রোসফট

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ৭২০ কোটি মার্কিন ডলারের (৫৪৪ কোটি ইউরো) বিনিময়ে ফিনল্যান্ডভিত্তিক নকিয়ার মোবাইল ফোন ব্যবসা কিনে নিতে রাজি হয়েছে। উভয় পক্ষ গতকাল মঙ্গলবার পরস্পরের সঙ্গে এ ব্যাপারে চুক্তি সম্পাদনে সম্মত হয়।
সেই সঙ্গে নকিয়া তার পেটেন্ট লাইসেন্স ১০ বছরের জন্য মাইক্রোসফটের কাছে হস্তান্তর করবে এবং নিজস্ব নেটওয়ার্ক পরিকাঠামো ও ম্যাপিং সার্ভিসেস বা সেবা পরিকল্পনা জোরদারকরণে গুরুত্ব দেবে। ২০১৪ সালের গোড়ার দিকে নকিয়া-মাইক্রোসফটের এই কেনাবেচা সম্পন্ন হবে। তখন নকিয়ার ৩২ হাজার কর্মীও চলে যাবেন মাইক্রোসফটের অধীনে।
এদিকে মাইক্রোসফটের কাছে নকিয়ার মোবাইল ফোন ব্যবসা বিক্রি হয়ে যাচ্ছে, এমন খবরে ফিনল্যান্ডের হেলসিঙ্কি স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ারের দাম ৪৫ শতাংশ বেড়ে ৪ দশমিক ৩ ইউরোতে উন্নীত হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, প্রতিদ্বন্দ্বী অ্যাপল ও স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় জেতার লক্ষ্যেই মূলত নকিয়ার মোবাইল ফোন ব্যবসা কেনার সিদ্ধান্ত নিয়েছে যখন মোবাইল ফোনের বৈশ্বিক বাজারে একদিকে স্যামসাং ও অ্যাপলের সঙ্গে নকিয়া তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে এবং অন্যদিকে মাইক্রোসফট ধীরগতিতে অগ্রসর হওয়ায় প্রযুক্তিবিদদের সমালোচনার সম্মুখীন হয়েছে, তখনই বিশ্বখ্যাত এই দুটি কোম্পানি চুক্তি করতে সম্মত হয়েছে।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী স্টিভ বালমার এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ভবিষ্যতের জন্য বিশাল ও সাহসী সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। এতে দুই প্রতিষ্ঠানের কর্মী, শেয়ারধারী ও গ্রাহকদের সুবিধা হবে।
স্টিভ বালমার আরও বলেন, ‘নকিয়ার মোবাইল ফোন ব্যবসা অধিগ্রহণের ফলে স্মার্টফোনের জগতে আমাদের সাফল্য ত্বরান্বিত হবে।’ তবে মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন সম্প্রসারণে তাঁদের আরও অনেক কাজ করতে হবে বলে তিনি স্বীকার করেন।
এ প্রসঙ্গে পরামর্শক প্রতিষ্ঠান ফ্রস্ট অ্যান্ড সুলিভানের ব্যবস্থাপনা পরিচালক মনোজ মেনন বলেন, মোবাইল ফোনের অমিত সম্ভাবনা থাকলেও এ ক্ষেত্রে মাইক্রোসফটের দুর্বলতা রয়ে গেছে।
মাইক্রোসফট ও নকিয়া ২০১১ সাল থেকে অংশীদারির ভিত্তিতে কাজ করতে শুরু করে। নকিয়ার স্মার্টফোনে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন সফটওয়্যার প্রচলনের মধ্য দিয়ে এই অংশীদারি শুরু হয়।
অ্যাপলের আইফোন ও স্যামসাংয়ের গ্যালাক্সি ফোনের কাছেই নকিয়া বেশি মার খায়। মোবাইল ফোন বিক্রিতে স্যামসাং ২০১২ সালে শীর্ষস্থানে উঠে আসার আগে টানা ১৪ বছর ধরে তা ছিল নকিয়ারই দখলে। সূত্র: বিবিসি, এএফপি ও রয়টার্স।