নকিয়ার নতুন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন স্টিফেন ইলোপ
নকিয়ার নতুন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন স্টিফেন ইলোপ। তিনি আজ মঙ্গলবার নকিয়ায় যোগ দেবেন। এর আগে ইলোপ মাইক্রোসফটের বিজনেস বা ব্যবসায় বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। নকিয়া বাংলাদেশ গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন কর্মক্ষেত্র প্রসঙ্গে স্টিফেন ইলোপ বলেন, ‘বিশ্বজুড়ে মোবাইল-যোগাযোগ খাতে অবিসংবাদিত নেতৃত্বে থাকা নকিয়ার সুদক্ষ কর্মী বাহিনীতে অন্তর্ভুক্ত হতে পেরে আমি দারুণ আনন্দিত। আমি আত্মবিশ্বাসী যে সম্মিলিতভাবে কাজ করে সৃজনশীল পণ্য উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে সমর্থ হবে নকিয়া, যা গ্রাহকদের প্রয়োজন পূরণে সক্ষম হবে।’ এদিকে নকিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অলি-পেখা কালাসভুও আজ তাঁর চলতি দায়িত্বসহ নকিয়ার পরিচালনা পর্ষদ থেকে নিজের অবস্থান ছেড়ে দেবেন।তবে তিনি নকিয়া সিমেন্স নেটওয়ার্কের বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এটি অনির্বাহী সম্মানজনক একটি পদ।নতুন বোর্ডের সদস্যরা হচ্ছেন—চেয়ারম্যান জরমা অলিলিয়া, ভাইস চেয়ারম্যান ডেইম মারজোরি স্কারডিনো, ললিতা ডি গুপ্ত, বেন হলমস্ট্রম, হেনিয় ক্যাগারম্যান, পার কার্লসন, ইসাবেল ম্যারিস্যামপার, রিস্টো সিলাসমা ও কেইজো সুইলা।