নগদ অর্থের টানাটানি নেই
অতিরিক্ত চাপ ছাড়া এবার ঈদের আগে ব্যাংকের শেষ কার্যদিবসে গতকাল রোববার ব্যাংকগুলোয় লেনদেন সম্পন্ন হয়েছে।
যদিও অনেক ব্যাংকে নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার জন্য গ্রাহকদের দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হয়েছে, তবুও ব্যাংকগুলোয় নগদ অর্থের টানাটানি তেমন ছিল না। তাই আন্তব্যাংক মুদ্রাবাজারে কলমানির বা রাতারাতি সুদের হার দুই অঙ্কের ঘরেও ওঠেনি।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবারের মতো গতকালও কলমানিতে সুদের হার ছিল সর্বোচ্চ ৯ শতাংশ।
বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিলে বিভিন্ন ব্যাংকের শাখায় দেখা গেছে, গ্রাহকদের সরব উপস্থিতি। শেষ মুহূর্তে নগদ অর্থ উত্তোলনের পাশাপাশি অনেকেই অর্থ জমা করতে ব্যস্ত ছিলেন।
পল্টন, রমনা, মগবাজার ও কারওয়ান বাজারের মতো রাজধানীর বিভিন্ন ব্যস্ত এলাকায় ব্যাংকের কর্মীরা ব্যস্ত দিন অতিবাহিত করলেও বেশির ভাগ ক্ষেত্রেই গ্রাহকদের টাকা দিতে তেমন সমস্যা হয়নি। কোনো কোনো ব্যাংকে টাকা তোলার জন্য গ্রাহকেরা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন মূলত নিয়মিত সময়ের চেয়ে অনেক বেশি গ্রাহক উপস্থিতির কারণে।
আবার দু-একটি ব্যাংকের কোনো কোনো শাখায় অনলাইনে লেনদেন করতে গিয়ে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় গ্রাহকদের কিছুটা বাড়তি সময় অপেক্ষা করতে হয়েছে।
জানা গেছে, এবার ঈদের বাজারে ছাড়ার জন্য ২২ হাজার কোটি টাকার নতুন নোট প্রস্তুত রেখেছিল কেন্দ্রীয় ব্যাংক। তবে ব্যাংকগুলো নিয়েছে মাত্র সাড়ে ১৫ হাজার কোটি টাকা। আগের বছর ঈদুল আজহাকে সামনে রেখে বিভিন্ন ব্যাংক ১৭ হাজার ২৫৮ কোটি টাকা নিয়েছিল। আর গত ঈদুল ফিতরের আগে নিয়েছিল ১৭ হাজার কোটি টাকা।
মূলত ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে রক্ষিত হিসাব থেকে চাহিদা অনুযায়ী এসব অর্থ তুলে থাকে। তবে চাহিদা কম থাকায় তারা টাকা নিয়েছে কম।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, গ্রাহকের চাহিদা কম থাকায় গতকাল ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে টাকা তুলেছে কম। এর মধ্যে গতকাল নিয়েছে মাত্র ৪৫০ কোটি টাকা। আর গত সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গড়ে এক হাজার ২০০ কোটি টাকা করে নিয়েছিল। ঈদের পরে এই অর্থের বেশির ভাগই আবার কেন্দ্রীয় ব্যাংকে জমা হবে বলে জানান তাঁরা।
সাধারণত ঈদের আগে অনেক ব্যাংক নগদ টাকার সংকটে পড়ে। এ কারণে অন্য বছরগুলোয় আন্তব্যাংক মুদ্রাবাজারে ব্যাপক হারে ধার নেওয়ার প্রবণতা দেখা যায়। তবে এবার বিনিয়োগ চাহিদা কম থাকায় বেশির ভাগ ব্যাংকে উদ্বৃত্ত তারল্য ছিল। ফলে কলমানিতে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে লেনদেন হয়েছে। গত কোরবানি ঈদের আগে কলমানিতে ১২ শতাংশ সুদে লেনদেন হয়েছিল। আর তার আগের বছর কলমানিতে সর্বোচ্চ ১৯০ শতাংশ সুদে লেনদেন হয়েছিল।