নগদ অর্থের টানাপোড়েনে কলমানির সুদ বাড়ছে
মুদ্রাবাজারে নগদ অর্থপ্রবাহে ঘাটতি দেখা দিয়েছে। ফলে স্বল্প সময়ের জন্য এক ব্যাংক থেকে আরেক ব্যাংকের ধার করা অর্থের সুদের হার (কলমানি রেট) বাড়ছে প্রতিদিন।গ্রাহকের আমানতের নিরাপত্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর বিধিবদ্ধ জমার হার (স্টেটিউটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর) ও এর নগদ অংশ (ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বা সিআরআর) বৃদ্ধি করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১৫ ডিসেম্বর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা। এরই প্রাক-প্রস্তুতি হিসেবে ব্যাংকগুলো তাদের বিধিবদ্ধ সংরক্ষণ সংগ্রহ করতে গিয়ে এ দফায় নগদ অর্থের ঘাটতি তৈরি হয়েছে বলে জানা গেছে।মুদ্রাবাজারে গতকাল রোববার এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে কলমানি নিতে সুদ দিয়েছে সর্বনিম্ন ২৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত। অন্যদিকে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো কলমানি নিতে সুদ দিয়েছে সর্বোচ্চ ৪০ শতাংশ।সাধারণভাবে কোরবানির ঈদে নগদ টাকার টানাটানি দেখা দেয়। এতে কলমানির সুদের হার বাড়ে। তবে এবার কোরবানির ঈদের সময় কলমানির সুদের হার তুলনামূলকভাবে স্বাভাবিক ছিল। সে সময় কলমানির সুদ ছিল সর্বোচ্চ ২০ শতাংশের মধ্যে।বাণিজ্যিক ব্যাংকগুলোর তহবিল ব্যবস্থাপকেরা বলছেন, সিআরআর এবং এসএলআর বৃদ্ধি, পাশাপাশি আমদানি খাত চাঙা হওয়ায় সার্বিকভাবে ঋণপ্রবাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে মুদ্রাবাজারে।এদিকে বাংলাদেশ ব্যাংক বাজারে বড় অংকের অর্থ ধার দিয়েও কলমানির সুদের হার কমাতে পারছে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল রেপোর (সরকারের ঋণ পণ্য ট্রেজারি বিল জমা রেখে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার করা বা পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে ১৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ৭০১ কোটি টাকা ধার দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।আবার ১৪টি প্রাইমারি ডিলার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে গতকাল তিন হাজার ৩৭২ কোটি টাকার তারল্যসুবিধা দেওয়া হয়েছে।সূত্রগুলো বলছে, ১৫ ডিসেম্বর থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ব্যাংকগুলোকে দ্বি-সাপ্তাহিক ভিত্তিতে নতুন হারে সিআরআর সংরক্ষণের প্রস্তুতি নিতে হচ্ছে। সব ব্যাংকের সমানভাবে সিআরআর সংরক্ষণে ঘাটতি না থাকলেও সামগ্রিকভাবে বাজারে তারল্যের ওপর একটা চাপ সৃষ্টি হয়েছে।উল্লেখ্য, মুদ্রাবাজারে বেশি তারল্য থাকায় তা দেশের চলমান উচ্চ মূল্যস্ফীতির প্রবণতাকে যাতে আরও বাড়িয়ে না দেয়, সে বিবেচনায় বাংলাদেশ ব্যাংক ১৫ ডিসেম্বর থেকে এসএলআর বাড়িয়ে ১৯ শতাংশে নির্ধারণ করেছে। এ হার বর্তমানে সাড়ে ১৮ শতাংশ রয়েছে। এই এসএলআরের মধ্যে সাড়ে ৫ শতাংশ ছিল সিআরআর। ১৫ ডিসেম্বর থেকে যা করা হচ্ছে ৬ শতাংশ।ব্যাংকগুলোকে ১৫ ডিসেম্বর থেকে তাদের মোট তলবি ও মেয়াদি আমানতের ৬ শতাংশ দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে এবং ন্যূনতম সাড়ে ৫ শতাংশ দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে নগদে জমা করতে হয়। বর্তমানে নগদ জমা সংরক্ষণের হার দ্বি-সাপ্তাহিক গড় ভিত্তিতে সাড়ে ৫ শতাংশ এবং দৈনিক ভিত্তিতে ন্যূনতম ৫ শতাংশ। অন্যদিকে ইসলামি শরিয়াহভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামি ব্যাংকিং শাখাগুলোর জন্য এসএলআর সংরক্ষণ করতে হবে সাড়ে ১১ শতাংশ। বর্তমানে এ হার রয়েছে সাড়ে ১০ শতাংশে।