নগদ চেয়ে হাত পাতছেন সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পণ্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাওয়ার জন্য এখন হাত পাতছেন সবাই। দেশীয় উদ্যোক্তাদের মতো রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বিদেশি বিনিয়োগকারীরাও এবার নগদ সহায়তা চেয়েছেন। দেশীয়দের মধ্যে আরও পাঁচ পণ্যে নগদ সহায়তা দাবি করেছেন ব্যবসায়ীরা।

সরকার ২০১৯-২০ অর্থবছরে সব মিলিয়ে ৩৫টি পণ্য রপ্তানিতে বিভিন্ন হারে নগদ সহায়তা দিচ্ছে। এ তালিকায় চলতি মাসে যুক্ত হয়েছে চাল। 

এদিকে নগদ সহায়তা দিতে সরকারের ব্যয় প্রতিবছর বাড়ছে। ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ রাখা হয়েছিল সাড়ে ৪ হাজার কোটি টাকা। বাজেটের সংক্ষিপ্তসার অনুযায়ী, রপ্তানি ভর্তুকি খাতে এবার কোনো বরাদ্দ রাখা হয়নি। যদিও অন্যান্য ভর্তুকি খাতে হঠাৎই বরাদ্দ ৫ হাজার ৩৭০ কোটি টাকা বাড়িয়ে ১৯ হাজার ১৭১ কোটি টাকা করা হয়েছে। অবশ্য চলতি অর্থবছরের সাত মাস শেষে আগের অর্থবছরের চেয়ে রপ্তানি আয় কমেছে ৫ শতাংশের কিছু বেশি। 

দুই দেশের চিঠি

দেশীয় উদ্যোক্তাদের মতো ইপিজেডের বিদেশি বিনিয়োগকারীদেরও নগদ সহায়তা প্রদানের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্য ও জাপানের দুই রাষ্ট্রদূত, যা এখন পর্যালোচনা করছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। বর্তমানে ইপিজেডের দেশীয় বিনিয়োগকারীরাই নগদ সহায়তা পান। যৌথ উদ্যোগ ও পুরোপুরি বিদেশি বিনিয়োগের কারখানাগুলো নগদ সহায়তার যোগ্য হয় না।

যুক্তরাজ্যের হাইকমিশন গত বছরের ৬ আগস্ট বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে চিঠিটি দেয়। এতে হাইকমিশনার রবার্ট ডিকসন জানান, বাংলাদেশে ব্যবসারত কিছু ব্রিটিশ বিনিয়োগকারী তাঁর সঙ্গে সাক্ষাৎ করে পোশাক খাতে দেওয়া ১ শতাংশ নতুন নগদ সহায়তা থেকে বিদেশিদের বঞ্চিত করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। সব মিলিয়ে দেশিরা ৫ শতাংশ সহায়তা পেয়ে এগিয়ে থাকবেন। সে জন্য ডিকসন সবাইকে সমান সুবিধা দেওয়ার অনুরোধ জানান। 

একই অনুরোধ জানিয়ে জাপান দূতাবাস গত ১৬ সেপ্টেম্বর চিঠি দেয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যানকে। এতে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি পোশাক খাতে শুধু দেশীয় রপ্তানিকারকদের নগদ সহায়তা প্রদান ও তা বাড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 

>ইপিজেডের বিদেশি বিনিয়োগকারীরাও নগদ সহায়তা চেয়েছেন। দেশি আরও পাঁচ পণ্যে নগদ সহায়তা দাবি।

দুই দেশই চিঠি দেয় পোশাক খাতে বাড়তি ১ শতাংশ নগদ সহায়তা দেওয়ার আলোচনার মধ্যে। বাংলাদেশ ব্যাংক গত ১০ অক্টোবর পোশাক খাতে ১ শতাংশ নগদ সহায়তার প্রজ্ঞাপন জারি করে। এই ১ শতাংশের বাইরে পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৪ শতাংশ এবং নতুন বাজারে রপ্তানিতে ৪ শতাংশ নগদ সহায়তা দেওয়া হয়। দুই দেশের চিঠির পরিপ্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, বিষয়টি পর্যালোচনা করে ট্যারিফ কমিশন একটি প্রতিবেদন জমা দেবে। 

আরও পাঁচ পণ্যে দাবি

নতুন যে পাঁচ পণ্যে নগদ সহায়তা চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে সিমেন্ট শিট, ইস্পাত পণ্য, কাচ, বিওপিপি ফিল্ম ও ডিম। এর মধ্যে কাচ রপ্তানিতে নাসির গ্রুপ নগদ ১৫ শতাংশ ও ইস্পাত পণ্যে বিএসআরএম ১৫ শতাংশ নগদ সহায়তা চেয়েছে। সিমেন্ট শিটে আনোয়ার সিমেন্ট শিট ২০ শতাংশ ও বিওপিপি ফিল্মে আকিজ বায়াক্স লিমিটেড ২০ শতাংশ সহায়তা চায়। ডিম রপ্তানিতে সহায়তা চায় প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ ছাড়া কাগজ রপ্তানির বিপরীতে নগদ সহায়তা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার আবেদন জানানো হয়েছে। 

‘বৈষম্য উচিত নয়’

জানতে চাইলে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফয়সাল সামাদ প্রথম আলোকে বলেন, বিনিয়োগকারীদের মধ্যে বৈষম্য করা উচিত নয়। ইপিজেডের বিদেশি বিনিয়োগকারীদের দাবি সরকার বিবেচনা করতে পারে। নতুন খাতের দাবি সম্পর্কে তিনি বলেন, তাদের দাবি যৌক্তিক হলে সরকার সেটাও বিবেচনা করতে পারে। 

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ইপিজেডের বাইরে যেসব রপ্তানিকারকের বন্ডেড ওয়্যারহাউস (শুল্কমুক্ত কাঁচামাল আমদানি) ও ব্যাক টু ব্যাক ঋণপত্রের (ঋণপত্রের বিপরীতে ঋণ) সুবিধা নেই, তাদের নগদ সহায়তা দেওয়া হবে—এটাই হওয়া উচিত নীতি। কারণ, তারা কাঁচামাল ও উপকরণ কেনায় করের আওতায় পড়ে যায়, নগদ সহায়তা তাদের ক্ষতিপূরণ। তিনি বলেন, ইপিজেডে কোনো কারখানাকেই নগদ সহায়তা দেওয়া উচিত নয়। যদি দেওয়া হয়, সেখানে দেশি ও বিদেশিদের মধ্যে বৈষম্য করা উচিত নয়।

আহসান মনসুর আরও বলেন, নগদ সহায়তা কোনো টেকসই সমাধান নয়। সরকারের উচিত টাকার কিছুটা অবমূল্যায়ন করে রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো। এতে সরকারের ব্যয়ের ওপর চাপ পড়বে না। তিনি বলেন, টাকার অবমূল্যায়ন হলে মূল্যস্ফীতি যেটুকু বাড়বে, তা সামাল দেওয়ার জন্য নানা হাতিয়ার রয়েছে। ভারত ও চীন অবমূল্যায়ন করেছে। দুই দেশে তো মূল্যস্ফীতি ততটা বেশি নয়।