নগদ ছাড়ের ছড়াছড়ি আসবাব মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্নিচার শিল্প মালিক সমিতির সহায়তায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি) আয়োজিত পাঁচ দিনের আসবাব মেলার একটি স্টলে ক্রেতারা l প্রথম আলো
ফার্নিচার শিল্প মালিক সমিতির সহায়তায় রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি) আয়োজিত পাঁচ দিনের আসবাব মেলার একটি স্টলে ক্রেতারা l প্রথম আলো

ঘর সাজাতে প্রয়োজনীয় আসবাব কেনার কথা ভাবছেন? তাহলে চলে যেতে পারেন রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে। সেখানে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে আসবাব মেলা। এ মেলায় এক ছাদের নিচে গৃহস্থালির খাট, খাবার টেবিল, চেয়ার, সোফাসহ বাহারি আসবাব পাওয়া যাচ্ছে। এ ছাড়া বিছানার ম্যাট্রেস, সিন্দুকের মতো পণ্য কেনার সুযোগও আছে। ক্রেতা আকর্ষণে মেলায় অংশ নেওয়া সব প্রতিষ্ঠানই ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়ও দিচ্ছে। বিশেষ এ মূল্যছাড় শুধু মেলার পাঁচ দিনই পাওয়া যাবে।
ফার্নিচার শিল্প মালিক সমিতির সহায়তায় ডিজাইন অ্যান্ড টেকনোলজি সেন্টার (ডিটিসি) এ মেলার আয়োজন করেছে। এটি জাতীয় ফার্নিচার মেলার ১৪তম আয়োজন। এবারের মেলায় দেশের ২৯টি আসবাব উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলছে। কোনো প্রবেশমূল্য নেই।
প্রবেশপথ দিয়ে মেলায় ঢুকলে হাতের বাঁ দিকেই নাদিয়া ফার্নিচারের স্টল। এখানে খাট, আলমারি, ডাইনিং টেবিল, সোফাসহ ঘর সাজানোর সব আসবাবই আছে। আসবাব ভেদে ১০ থেকে ১৫ শতাংশ নগদ অর্থ ছাড় দেওয়া হচ্ছে। মেলা উপলক্ষে ছয় চেয়ারের একটি ডাইনিং টেবিলের দাম ১৫ শতাংশ ছাড়ে ৬৮ হাজার ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই ডাইনিং টেবিলের প্রকৃত মূল্য ৮১ হাজার টাকা। প্রতিষ্ঠানটির একজন বিক্রয়কর্মী জানালেন, নিজেদের নকশার বাইরে ক্রেতার চাহিদা ও নকশা অনুযায়ী আসবাব সরবরাহ করে তাঁর প্রতিষ্ঠান।
মেলার একেবারে মাঝখানে ব্রাদার্স ফার্নিচারের স্টল। এখানে খাট কিনতে হলে বাজেট ৩০ হাজার টাকার বেশি হতে হবে। ৩০ থেকে ৪০ হাজার টাকার মধ্যেই মিলবে আলমারি। শোকেস কিনতে পাওয়া যাবে ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে। এসব পণ্যের দামের ওপর ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্রাদার্স ফার্নিচার।
প্রতিষ্ঠানটির নির্বাহী সাইফুল ইসলাম বলেন, মেলা উপলক্ষে নতুন নকশার সব পণ্য উঠিয়েছে ব্রাদার্স। এখান থেকে ব্যাংকের মাধ্যমে কিস্তিতেও আসবাব কেনার সুযোগ আছে।
নতুন নকশার বিভিন্ন আসবাব মেলায় নিয়ে এসেছে হাতিল। খাট, সোফা, ডাইনিং টেবিলের মতো আসবাবের পাশাপাশি এ স্টলে আছে রকিং চেয়ার, লবি সেট, ডিভান, টি-ট্রলি, চেস্ট অব ড্রয়ারের মতো নতুন নকশার আসবাব। সব পণ্যে ৫ শতাংশ নগদ ছাড় দিচ্ছে ৯টি দেশে আসবাব রপ্তানি করা প্রতিষ্ঠানটি।
মেলায় সেগুন ও মেহগনি কাঠের তৈরি বিভিন্ন আসবাব নিয়ে এসেছে লিগ্যাসি ফার্নিচার। সম্পূর্ণ কাঠের হওয়ায় প্রতিষ্ঠানটির আসবাবের দাম একটু বেশি। লিগ্যাসির বিক্রয় নির্বাহী মৌসুমী আক্তার বলেন, তাঁদের পণ্যের একটি নির্দিষ্ট শ্রেণির ক্রেতা আছে। এর বাইরে নতুন ক্রেতার কাছে পৌঁছাতে তঁার প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে।
ভারতের গোদরেজ ব্র্যান্ডের বিভিন্ন আকারের সিন্দুক মেলায় বিক্রি করছে সেফস আনলিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। সর্বনিম্ন ১৫ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকায় এসব সিন্দুক কিনতে পাওয়া যাচ্ছে।
মেলায় স্প্রিংযুক্ত ম্যাট্রেস, কম্বল, বালিশ, কুশনের সম্ভার নিয়ে অংশ নিচ্ছে ইউরোএশিয়া।
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে গতকাল দুপুরে এই মেলার উদ্বোধন করেন। ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি সেলিম এইচ রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম আক্তারুজ্জামান প্রমুখ।