নগদ টাকা বাড়াতে নানা উদ্যোগ

করোনা ভাইরাসের প্রকোপে অর্থনীতির সংকট মোকাবিলায় এবার নীতি সুদ হার ও ব্যাংকগুলোর জমার হার কমিয়ে আনল বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলোর কাছে নগদ টাকার পরিমাণ বাড়বে, কম সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকাও ধার করতে পারবে।
আজ বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির ৪৬ তম সভায় গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এ সিদ্ধান্ত হয়। সভায় বৈশ্বিক অর্থনীতির গতিপ্রকৃতি ও পরিস্থিতি আলোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানায় কেন্দ্রীয় ব্যাংক।
সভার সিদ্ধান্ত হয়, আগামী ১ এপ্রিল থেকে ব্যাংকগুলোর নগদ জমা (সিআরআর) দুই সপ্তাহ ভিত্তিতে সাড়ে ৫ শতাংশ থেকে ৫ শতাংশ হবে। আর দৈনিক ভিত্তিতে ৫ শতাংশ থেকে ন্যূনতম সাড়ে ৪ শতাংশ হবে।
ব্যাংকগুলোকে আমানতের নির্দিষ্ট অংশ সিআরআর হিসাবে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা রাখতে হয়। নতুন সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোর হাতে নগদ টাকার পরিমাণ বাড়বে। ফলে গ্রাহকদের চাহিদা মেটাতে সুবিধা হবে।
পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের রেপো সুদ হার বার্ষিক শতকরা ৬ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট হ্রাস করে ৫ দশমিক ৭৫ শতাংশ পুনঃ নির্ধারণ করা হয়। যা আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। রেপোর মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ধার করে থাকে। এর ফলে কিছুটা কম সুদে টাকা ধার করতে পারবে।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় এসব সিদ্ধান্ত হয়েছে।