হরতালে রাজধানীর ডাকঘরগুলো থেকে নগদ টাকায় সঞ্চয়পত্র কিনতে পারছেন না বিনিয়োগকারীরা। এ জন্য নিরাপত্তাহীনতাকেই দায়ী করছেন সংশ্লিষ্ট ডাক বিভাগের কর্মকর্তারা। ফলে সঞ্চয়পত্রের বিক্রি কমে গেছে।জানা যায়, জিপিও এবং ঢাকা সদর প্রধান ডাকঘর ছাড়া রাজধানীর বাকি ডাকঘরে দীর্ঘদিন ধরে একই অবস্থা চলছে। হরতালের দিন সঞ্চয়পত্র কিনতে পারেন না গ্রাহকেরা। মুনাফা উত্তোলন কিংবা সঞ্চয়পত্র ভাঙাতে গেলেও ভোগান্তিতে পড়েন তাঁরা।জানা যায়, ঢাকা মহানগর উত্তরের অধীনে ৫৮টি উপ-ডাকঘর ও ২০টি শাখা কার্যালয় আছে। এর মধ্যে ২২টি থেকে সঞ্চয়পত্র বিক্রি করা হয়। অন্যদিকে দক্ষিণের অধীনে আছে ২৬টি উপ-ডাকঘর।বেসরকারি প্রতিষ্ঠানের এক নারী কর্মকর্তা প্রথম আলোকে জানান, তিনি হরতালের মধ্যে এক দিন দিলকুশা উপ-ডাকঘরে তিন লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র কিনতে গিয়েছিলেন। তাঁকে বলা হয়, হরতালের পরে আসতে বা টাকাটা পে-অর্ডার করে আনতে। কিন্তু পে-অর্ডার করলে সেটি জমা হতে বেশ কয়েক দিন লাগে।হরতাল চলাকালে গত মঙ্গলবার দিলকুশা ও ওয়ারী উপ-ডাকঘরে গিয়ে এ বিষয়ের সত্যতা পাওয়া যায়। দিলকুশার এক কর্মকর্তা জানান, হরতালে তাঁরা নগদ টাকা জমা দিতে পারেন না। তাই এখন সঞ্চয়পত্র বিক্রি হবে না। হরতাল শেষে আসার পরামর্শ দেওয়া হয়।অন্যদিকে ওয়ারীর পোস্টমাস্টার এই প্রতিবেদককে বলেন, সঞ্চয়পত্র নেই। হরতালের জন্য আসছে না। কবে আসবে তিনি সঠিক বলতে পারছেন না। আগামী সপ্তাহে এসে খোঁজ নিতে বলেন।ঢাকা মহানগর উত্তরের পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) ফরিদ আহমেদ বলেন, হরতালে নিরাপত্তার কারণে নগদ টাকার লেনদেনে খুব সমস্যা। তবে বিনিয়োগকারীরা পে-অর্ডার করে নিয়ে এলে হরতালেও সঞ্চয়পত্র বিক্রি করা হয়।দক্ষিণের ডিপিএমজি আশরাফুজ্জামান বলেন, অনেক উপ-ডাকঘরেই পর্যাপ্ত লোকবল নেই। তাই ইচ্ছা থাকলেও কর্মকর্তারা ঝুঁকি নিতে চান না।নাম প্রকাশে অনিচ্ছুক ডাক অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, নিজস্ব গানম্যানসহ নিরাপত্তাব্যবস্থা থাকলে পরিস্থিতি এমন হতো না। কিছু দিন আগে টাকা পরিবহনের গাড়ির জন্য পুলিশের কাছে নিরাপত্তা চাইলেও তারা দিতে পারেনি। তাই হরতালে এটি বন্ধ থাকছে।ডাক অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, টানা হরতালে ডাকঘর থেকে সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ কমেছে। গত জানুয়ারিতে ৬১২ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ৮০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়। একই লক্ষ্যমাত্রার বিপরীতে ফেব্রুয়ারিতে বিক্রি কমে ৫৭২ কোটি টাকায় দাঁড়ায়। মার্চ মাসের হিসাব এখনও তৈরি না হলেও বিক্রি যে কমেছে তা নিশ্চিত।