নগদ প্রণোদনা চায় বিজিএপিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের বিভিন্ন ধরনের সরঞ্জাম ও মোড়ক পণ্য উৎপাদনের জন্য নগদ প্রণোদনা চেয়েছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। সংগঠনের নেতারা বলছেন, ২০২১ সালের মধ্যে পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যেতে সরঞ্জাম ও মোড়ক পণ্য খাতে প্রণোদনাসহ সরকারের পৃষ্ঠপোষকতা দরকার।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সেমিনারে এই দাবি জানান সংগঠনের নেতারা। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন বিজিএপিএমইএর সভাপতি আবদুল কাদের খান।

শিল্প মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তায় বাংলাদেশ ইন্সপায়ার্ড প্রকল্পের আওতায় বিজিএপিএমইএ সেমিনারটি আয়োজন করে। এতে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন ফিরোজ ইকবাল ফারুকী ও রাফেজ আলম চৌধুরী।

সেমিনারে বক্তারা বলেন, পোশাক রপ্তানি বাড়াতে টেকসই সরঞ্জাম ও মোড়ক পণ্য খাত দরকার। এ জন্য উদ্যোক্তাদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানোন্নয়নে ইনস্টিটিউট ও পরীক্ষাগার স্থাপন জরুরি।

শিল্পমন্ত্রী আমির হোসেন বলেন, পোশাকশিল্পের সরঞ্জাম ও মোড়ক পণ্য উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সামগ্রিক গুরুত্ব বিবেচনায় এ খাতকে ডাবল ইনসেনটিভ (দ্বিগুণ প্রণোদনা) দেওয়া উচিত। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ করবেন বলে জানান তিনি। বিজ্ঞপ্তি