নগদ লভ্যাংশে নেতিবাচক মনোভাব বিনিয়োগকারীর!
শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও তিন কোম্পানি বছর শেষে লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে গতকাল বুধবার দুই কোম্পানির শেয়ারের দাম কমেছে। কোম্পানি তিনটি হলো পদ্মা অয়েল, ইস্টার্ন লুব্রিকেন্টস ও ফার্মাএইড। প্রথম দুটি কোম্পানি সরকারি মালিকানাধীন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে লভ্যাংশের খবর প্রকাশ করা হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, আগের বছরের সমপরিমাণ লভ্যাংশ ঘোষণার পরও দাম কমেছে পদ্মা অয়েলের। তবে আগের বছরের সমপরিমাণ লভ্যাংশ ঘোষণার পরও সরকারি কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ারের দাম বেড়েছে।
পদ্মা অয়েল সদ্যসমাপ্ত আর্থিক বছর শেষে ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৯০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস। আগের বছর কোম্পানি ৬৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ বোনাস মিলিয়ে কোম্পানিটি মোট ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। ইস্টার্ন লুব্রিকেন্টস আগের বছরের মতো এবারও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ ছাড়া ফার্মাএইড সদ্যসমাপ্ত বছর শেষে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের বছর এর পরিমাণ ছিল ২৫ শতাংশ।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিকভাবে নগদ লভ্যাংশকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হলেও আমাদের দেশে বিনিয়োগকারীদের প্রত্যাশা বোনাস লভ্যাংশের প্রতি বেশি। এ কারণে দেখা যায়, কোনো কোম্পানির বোনাস লভ্যাংশ আগের বছরের চেয়ে কমে গেলে তাৎক্ষণিকভাবে তার নেতিবাচক প্রভাব পড়ে দামে। যদিও হিসাববিজ্ঞানে নগদ লভ্যাংশের ওপর ভিত্তি করে কোম্পানির আর্থিক সামর্থ্য বিবেচনা করা হয়।’
মোহাম্মদ মনিরুজ্জামান আরও বলেন, বাজারে ইস্টার্ন লুব্রিকেন্টসের খুব পরিমাণ শেয়ারই লেনদেন হয়। এ কারণে দেখা যায়, অল্প কিছু শেয়ারের হাতবদল হয়ে কোম্পানিটির দাম বেড়ে যায়। এর বাইরে লভ্যাংশ ঘোষণা সামনে রেখে গত ছয় মাসে পদ্মা অয়েলের শেয়ারের দাম বেশ বেড়ে ছিল। এ কারণে হয়তো লভ্যাংশের খবরটি নতুন করে মূল্যবৃদ্ধিতে তাৎক্ষণিক কোনো প্রভাব ফেলেনি।
এদিকে আগের দিনের চেয়ে গতকাল দেশের দুই বাজারে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ১৫ পয়েন্ট বেড়ে হয়েছে চার হাজার ২১৩ পয়েন্ট। ঢাকার বাজারে দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ৪৭১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯০ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক এদিন ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২ পয়েন্টে। দিন শেষে লেনদেনের
পরিমাণ ছিল ৫১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা বেশি।