ক্যাশ ইনসেনটিভ বা উৎসাহমূলক নগদ সহায়তা দেওয়ার বিষয়টি এত দিন রপ্তানিকারকদের ক্ষেত্রেই শোনা যেত। গত বৃহস্পতিবার সরকার চালের কারবারিদের জন্যও কেজিতে তিন টাকা ক্যাশ ইনসেনটিভ ঘোষণা করছে। এই অর্থ আসলে পাবেন চালকলের মালিকেরা। কারণ, তাঁরাই সরকারি সংগ্রহের সব চাল সরবরাহ করেন।বাজারে ধান-চালের দাম বেড়ে সরকারি সংগ্রহমূল্য অতিক্রম করায় সরকারি গুদামে চাল যাচ্ছিল না। নগদ সহায়তার প্রভাব বিশ্লেষণ না করেই মিলারদের দাবিমতো সহায়তার ঘোষণা দেওয়া হলো। অনেক বাজার পর্যবেক্ষক, এমনকি চালের আড়তদার ও পাইকারেরাও বলেছিলেন, সংগ্রহমূল্য বাড়ালে মিলার কিছু হয়তো চাল দিতে উৎসাহ পান, তবে এ বর্ধিত মূল্য সরাসরি বাজারে প্রভাব ফেলবে।হয়েছেও তা-ই। বৃহস্পতিবার দুপুরে ঢাকার সচিবালয়ে যখন নগদ সহায়তার ঘোষণা হলো, এর ঘণ্টা কয়েকের মধ্যেই দিনাজপুর ও আশুগঞ্জের ধান-চালের মোকামে দাম বাড়তে থাকে। বুধবার সকালেও দিনাজপুরের পুলহাটের আড়তগুলোতে হাইব্রিড ও গুটি জাতের মোটা চাল বিক্রি হয়েছে প্রতি মণ সর্বোচ্চ ৯৯০ টাকা, বৃহস্পতিবার সেটি হাজার টাকা ছাড়ায়; শনিবার দুপুরে তা এক হাজার ৪০ থেকে এক হাজার ৫০ টাকা। আশুগঞ্জের সঞ্জয় মহাজন জানান, নগদ সহায়তার ঘোষণা দেওয়ার পর দুই দিনেই তাঁদের আড়তে হাইব্রিড মোটা চালের দাম বেড়েছে মণে ৫০ টাকা। বিরি-২৮, বিরি-২৯ জাতের মধ্যম মানের চিকন চালের দামেও ঊর্ধ্বগতি। মাস দেড়েক আগে খাদ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি বোরো-পরবর্তী সংগ্রহের দুরবস্থায় উদ্বিগ্ন হয়ে আমদানি করে চালের গুদাম ভরার উপদেশ দিয়েছিল। কিন্তু সেটি তখন আমলে নেওয়া হয়নি। বরং নগদ সহায়তার ঘোষণা বাজারকে অস্থির করেছে।যারা চালের বাজারটি ভেতর থেকে জানেন, তাঁরা বোঝেন যে সরকারি সংগ্রহমূল্য পাইকারি বাজারের বেঞ্চমার্ক মূল্য হিসেবে কাজ করে। অন্তত ফসল-পরবর্তী কয়েক মাসে এরকম দেখা যায়।এক কেজি সাধারণ মানের মোটা চালের পাইকারি দরই যদি ২৮ টাকা ১৪ পয়সা হয় দিনাজপুরের আড়তে, তবে খুচরা বাজারে সেটি ৩১-৩২ টাকা হবে এক সপ্তাহের মধ্যেই। রাজধানীর ভোক্তারা একটু ভালো মানের চাল খান, সে ক্ষেত্রে রাজধানীতে মোটা চাল ৩২-৩৪ টাকাও হতে পারে। নগদ সহায়তার মাশুলটি প্রথমে গুনতে হবে ভোক্তাকে। এবার বোরো মৌসুমে আগাম বন্যায় হাওরে ধান মার খায়, দিনাজপুরসহ উত্তরাঞ্চলের কিছু অঞ্চলে একরপ্রতি উৎপাদন কম হয়েছে। সার্বিক উৎপাদন ব্যাপকভাবে মার না খেলেও গতবারের চেয়ে কম হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। গত মাসে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) সর্বশেষ গ্লোবাল রাইস আউটলুকের ২০০৯-১০ উৎপাদন বর্ষে বাংলাদেশের বার্ষিক চাল উৎপাদনের যে পূর্বাভাস দিয়েছে, তা আগের দেওয়া পূর্বাভাসের চেয়ে ১০ লাখ টন কম। অর্থাৎ তিন কোটি পাঁচ লাখ টন চাল উৎপাদন হবে বলে ইউএসডিএ মনে করে। উৎপাদন কম হওয়া সরকারের দোষ নয়। সার দিয়ে, সেচ দিয়ে সরকার কাজ করলেও নানা কারণে ফলন কম হতে পারে। বন্যার পানিতে ধান ডুবতেই পারে। সরকারের কাজ হলো, সঠিক অনুমান করে আপৎকালীন মজুদ গড়ে আগাম সতর্ক হওয়া। উৎপাদনের হিসাব নিয়ে তর্কে থাকলেই বরং এ কাজটি ব্যাহত হয়।ধান যে দেশ থেকে উধাও হয়ে যাচ্ছে বা গেছে, তা কিন্তু নয়। কয়েক বছর ধরে মৌসুমের পর ব্যাপক মূল্যবৃদ্ধির প্রবণতা অভিজ্ঞতায় রেখে আরও লাভের আশায় কৃষক, মৌসুমি ব্যাপারি ও মিলাররা কমবেশি মজুদ ধরে রাখছেন এখন। তাই এখন বাজারে আর দাম না বাড়িয়ে আমদানি করে সরকারের মজুদ বৃদ্ধি এবং এর মাধ্যমে মজুদদারি প্রবণতা রুখতে পারলেই বরং দামের ঊর্ধ্বগতি রোখা যাবে।পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে, ১২ লাখ টনের লক্ষ্যমাত্রাটিও ঝুঁকিপূর্ণ হতে পারে যদি আমনের বাম্পার ফলন না হয়। আমন বোনা শুরু হচ্ছে। এবার বর্ষার শুরুতে বৃষ্টির মাত্রাও ভালো, তাই আশাবাদী থাকা যায়। তবে আরেকটি শঙ্কাও আছে। গতবার কৃষক পাটের রেকর্ড দাম পাওয়ায় এবার কমপক্ষে ৩০ ভাগ বেশি জমিতে পাটের চাষ হয়েছে। এই বর্ধিত পাটের চাষ হয়েছে অবশ্যই আউশ ও আমনের জমিতেই। বোরো কম হওয়ার সঙ্গে হয়তো এ হিসাবটি আমলে নিয়েই ইউএসডিএর সর্বশেষ রাইস আউটলুক বলেছে, ‘এবার কলম্বিয়া ও ফিলিপাইনের সঙ্গে বাংলাদেদেশেও ধানের উৎপাদন কিছুটা কম হবে।’