নগদ সহায়তা না পেয়ে হতাশ বিজিএমইএ
আগামী অর্থবছরের বাজেটে পোশাকশিল্পের জন্য নগদ সহায়তার সুস্পষ্ট ঘোষণা না থাকায় হতাশ হয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। তারা বলছে, সুস্থ ও টেকসই পোশাকশিল্প গঠনের জন্য প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য দিকনির্দেশনা নেই।
গত বৃহস্পতিবার বাজেট ঘোষণার পর বিজিএমইএ তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়া জানায়। তাতে বিজিএমইএ বলেছে, পণ্যের দরপতন, বছরে ৮ শতাংশ হারে উৎপাদন খরচ বৃদ্ধি ও সংস্কারকাজে ব্যাপক খরচের কারণে পোশাকশিল্পের সক্ষমতা আশঙ্কাজনক হারে কমে গেছে। ফলে কোনো কারণে পোশাকশিল্প হোঁচট খেলে অনেক শ্রমিক নিশ্চিতভাবেই কর্মসংস্থান হারাবেন।
বর্তমান সময়কে পোশাকশিল্পের জন্য ‘সংকটময়’ উল্লেখ করে আগামী দুই বছরের জন্য পোশাক রপ্তানির ওপর ৫ শতাংশ হারে নগদ সহায়তার পাশাপাশি উৎসে কর সম্পূর্ণভাবে অব্যাহতি এবং করপোরেট কর হার ১০ শতাংশ করার দাবি জানিয়েছে বিজিএমইএ। গত সপ্তাহে সংবাদ সম্মেলন করেও একই দাবি করেছিল সংগঠনটি।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পোশাকশিল্প মালিকদের করপোরেট কর ১৫ শতাংশ করা হয়েছে। তবে আগামী অর্থবছর থেকে পোশাক রপ্তানিতে ১ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। বিজিএমইএ আশা প্রকাশ করে বলেছে, বাজেটে বিদ্যুৎ খাতে যেসব স্বল্পমেয়াদি প্রকল্প গ্রহণ করা হচ্ছে, সেগুলো যত্নসহকারে বাস্তবায়িত হবে। কারণ, শিল্পে গ্যাস-বিদ্যুতের সংকট চলছে।