নগদ সহায়তা পেতে বাড়তি অডিট ফার্ম নিয়োগ করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের রপ্তানিমুখী বিভিন্ন পণ্যের জন্য সরকার নির্ধারিত হারে নগদ সহায়তা প্রদান করা হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নগদ সহায়তা বা রপ্তানি ভর্তুকির বিষয়টি বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক নিয়োজিত হিসাব নিরীক্ষা প্রতিষ্ঠান বা অডিট ফার্ম দ্বারা আগে নিরীক্ষা করাতে হবে।
তবে দ্রুত অডিট করানোর জন্য প্রয়োজনে ব্যাংকগুলোকে অতিরিক্ত অডিট ফার্ম নিয়োগ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যাংককে অতিরিক্ত ফার্ম নিয়োগের যৌক্তিকতা ও ফার্মের সংখ্যাসহ বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত মোট ১৪টি বৃহত্তর পণ্যে নগদ সহায়তা ও রপ্তানি ভর্তুকি প্রদান করা হবে। সর্বনিম্ন ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ হারে সরকার এই সুবিধা প্রদান করবে।
রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে ৫ শতাংশ, পাটজাত দ্রব্যে ১০ শতাংশ, পাটসুতায় ৭ দশমিক ৫ শতাংশ, কৃষিপণ্যে ও কৃষি প্রক্রিয়াজাত পণ্যে ২০ শতাংশ এবং হালকা প্রকৌশল পণ্যে ১০ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান করা হবে। এ ছাড়া হিমায়িত চিংড়ি রপ্তানিতে ১০ শতাংশ, শতভাগ হালাল মাংস রপ্তানিতে ২০ শতাংশ, জাহাজ রপ্তানির বিপরীতে ৫ শতাংশ, চামড়াজা পণ্য রপ্তানিতে ১৫ শতাংশ, হাড়ের গুঁড়ায় ১৫ শতাংশ ও আলু রপ্তানিতে ২০ শতাংশ হারে নগদ সহায়তা প্রদান করা হবে।
এসবের বাইরে হোগলা, খড়, আখেড় ছোবড়া ইত্যাদি দিয়ে হাতের তৈরি পণ্য রপ্তানি খাতে ১৫ থেকে ২০ শতাংশ, বস্ত্র খাতের নতুন বাজার বা নতুন পণ্য সম্প্রসারণ সহায়তার আওতায় ৩ শতাংশ, বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা হিসেবে ৫ শতাংশ এবং পেট বোতল-ফ্লেক্স রপ্তানির জন্য ১০ শতাংশ হারে রপ্তানি ভর্তুকি প্রদান করা হবে।