পরিকল্পিত নগরায়ণ নিয়ে এ পর্যন্ত অনেক গবেষণা হয়েছে। কিন্তু কাকতালীয়ভাবে কোনোটিই বাস্তবায়িত হয়নি। তাই এখন গবেষণা বাদ দিয়ে বাস্তবায়নের পথে হাঁটতে হবে। বড় বড় সমাধানের চেয়ে ছোট সমাধানের দিকে নজর দিতে হবে, যেন আজই শুরু করা যায়।পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশের নগরায়ণের বহুমুখিতা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার সমাপনী অধিবেশনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল মঙ্গলবার কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বক্তারা আরও বলেন, নগরায়ণকে কখনোই যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তাই অপরিকল্পিত নগরায়ণ অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটিকে পৃথক কোনো বিষয় হিসেবে না দেখে জাতীয়ভাবে দেখা উচিত। সুষম নগরায়ণের জন্য সারা দেশের পরিপ্রেক্ষিতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।সমাপনী অধিবেশনের বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম ও জামিলুর রেজা চৌধুরী, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন, বিআইডিএসের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী ও এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক। এতে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। মির্জ্জা আজিজ বলেন, সেবা খাতগুলোর মধ্যে সমন্বয় নেই। এমনকি এ বিষয়ে পরিকল্পনা ও বাস্তবায়নকারীদের মধ্যে কোনো সমন্বয় নেই। তবে দেশের মাত্র ২৮ শতাংশ মানুষ নগরায়ণের আওতায় আছে। তাই ভবিষ্যতে এ ক্ষেত্রে আরও অনেক কাজ করার সুযোগ আছে।মাহবুব হোসেন বলেন, সরকারি সংস্থাগুলো সেবা দিতে পারছে না। তাই কিছু সেবা বেসরকারি খাতে ছেড়ে দিতে হবে। তাহলে মানুষ অর্থের বিনিময়ে সঠিক সেবা নিতে পারবে।জামিলুর রেজা চৌধুরী বলেন, ঢাকার গণপরিবহন-ব্যবস্থা নিয়ে ১৯৮৫ সাল থেকে আলোচনা ও পরিকল্পনা হচ্ছে। কিন্তু এখনো বাস্তবায়ন শুরু হচ্ছে না। তিনি বলেন, ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে রেল-ব্যবস্থা উন্নত করতে হবে। একই সঙ্গে আশপাশের শহরকে আকর্ষণীয় করতে হবে। মোস্তফা কে মুজেরী বলেন, ‘আমাদের নগরায়ণটি অপরিকল্পিতভাবে হয়েছে। সুশাসন ও ব্যবস্থাপনার অভাবে এটি আরও প্রকট হয়েছে।’ ২০২১ সালে বাংলাদেশকে মধ্য আয়ের দেশ করতে হলে উৎপাদনে যেতে হবে। এ জন্য শহরগুলোকে উন্নত করে প্রস্তুত রাখতে হবে।এর আগে সকালে কর্মশালার উদ্বোধনী অধিবেশনে নগরায়ণ বিষয়ে মূল প্রবন্ধটি পাঠ করেন হোসেন জিল্লুর রহমান। পরে পৃথক চারটি অধিবেশনে চারটি প্রবন্ধ পাঠ করা হয়। ‘নগরায়ণে অর্থায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক চতুর্থ অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেক উপদেষ্টা আকবর আলি খান। তিনি বলেন, ‘নগরায়ণকে ঠেকিয়ে রাখা যায় না। অর্থনৈতিক কারণেই এটিকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই।’ আকবর আলি খান আরও বলেন, মানুষ কর দেয় সেবা পাওয়ার জন্য। কিন্তু সেবা না পেলে এটি গ্রহণযোগ্যতা হারায়। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক পর্যায়ে নেতৃত্ব সৃষ্টি এবং নির্বাচক ও নির্বাচিতের মধ্যে যোগসূত্র তৈরির মাধ্যমে সেবার মান বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।