
বাহারি পণ্যের মতো পসরা সাজানো নেই। ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া ভিড়ও নেই। তবুও বাণিজ্য মেলার মতো বারোয়ারি মেলায় পণ্যের প্রদর্শনী কেন্দ্র বা বিক্রয়কেন্দ্র খুলেছে গাড়ি বিক্রেতা একাধিক প্রতিষ্ঠান।
এসব প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্রে সাজিয়ে রাখা হয়েছে নানা ব্র্যান্ডের বিলাসী গাড়ি। উপচে পড়া ভিড় না থাকলেও আগ্রহীরা এসব কেন্দ্রে এসে দেখছেন গাড়ি, নিচ্ছেন দরদামের খোঁজখবর। আর বিক্রয় প্রতিনিধিরাও আগ্রহ নিয়ে একেকটি গাড়ির একেকটি বৈশিষ্ট্য বর্ণনা করছেন দর্শনার্থীদের কাছে। কোন গাড়ি তেলে কত কিলোমিটার চলে। কোন গাড়ির ইঞ্জিনের বৈশিষ্ট্য কী।
মেলার প্রদর্শনী কেন্দ্রগুলোতে সরাসরি গাড়ি বিক্রির কোনো ব্যবস্থা নেই। যদি কেউ আগ্রহী হন, তাঁর কাছ থেকে বুকিং নিয়ে বিনিময়ে একটি টোকেন দেওয়া হচ্ছে। সেই টোকেন নিয়ে নির্দিষ্ট শোরুম গিয়ে ক্রেতাদের দিতে হবে চূড়ান্ত ক্রয়াদেশ।
রাজধানীর আগারগাঁওয়ে মাসব্যাপী বাণিজ্য মেলার ভিআইপি প্রবেশপথ দিয়ে ঢুকতেই চোখে পড়বে নাভানা টয়োটার বিশাল এক প্রদর্শনী কেন্দ্র। স্বচ্ছ গ্লাসে ঘেরা এই কেন্দ্রের বাইরে থেকেই চোখে পড়বে দামি ব্র্যান্ডের সাজানো পাঁচটি গাড়ি।
প্রতিষ্ঠানটির বিক্রয় বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী এ কে এম ইফতি খায়রুল আলম প্রথম আলোকে জানান, মেলার প্রদর্শনী কেন্দ্রে নতুন মডেলের পাঁচটি গাড়ি প্রদর্শন করা হচ্ছে। এগুলো হলো ইয়ারিস, ভায়োস, ক্যামরে হাইব্রিড ও দুই মডেলের দুটি এভেন্জা। বিক্রয়কর্মীরা জানান, সর্বনিম্ন ১৩০০ সিসি থেকে সর্বোচ্চ ২৫০০ সিসি ইঞ্জিনক্ষমতার প্রতিটি গাড়ি ২০১৪ সালের মডেলের। মেলা উপলক্ষে এসব গাড়িতে সর্বনিম্ন ২৫ হাজার থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে।
মেলায় এসব গাড়ির কেমন সাড়া মিলছে—জানতে চাইলে খায়রুল আলম জানান, ২০১৩ সালের বাণিজ্য মেলার মাধ্যমে তাঁরা ৩০টির বেশি গাড়ি বিক্রি করেছিলেন। এরপর এক বছর বাদে এবারও একটা প্রত্যাশা নিয়ে মেলায় অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘কিন্তু এখন পর্যন্ত মেলার যে অবস্থা, তাতে আমাদের প্রত্যাশা পূরণ হবে কি না, তা নিশ্চিত নই। দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় আসা লোকজনের সামনে নতুন মডেলের এসব গাড়ি পরিচিত করতেই মূলত অংশগ্রহণ।’
ভারতের বিখ্যাত মাহিন্দ্র ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশে বাজারজাত করছে আফতাব অটোমোবাইলস। মেলায় মাহিন্দ্রের নতুন ব্র্যান্ডের বেশ কয়েকটি মোটরসাইকেল ও স্কুটার (স্কুটি) প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এগুলো হলো মাহিন্দ্র সেন্টুরো, মাহিন্দ্র অ্যারো ও মাহিন্দ্র পেন্টুরো। প্রতিটি মোটরসাইকেল ১১০ সিসির। এগুলোর দাম সর্বনিম্ন ১ লাখ ৫ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত। তবে মেলা উপলক্ষে ৫ থেকে ১০ হাজার টাকা মূল্যছাড় দেওয়া হচ্ছে।
আফতাব অটোমোবাইলসের জ্যেষ্ঠ নির্বাহী সাকিব উল ইসলাম জানান, সেন্টুরো মোটরসাইকেলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি চুরি করা অসম্ভব। কারণ, এটির ইঞ্জিন ও চাবির মধ্যে গোপনীয় পাসওয়ার্ড দেওয়া আছে। তাই নির্দিষ্ট চাবি ছাড়া অন্য কোনোভাবেই এটির ইঞ্জিন চালু করা সম্ভব নয়। তাই কেউ বাইকটি চুরি করলে সে ক্ষেত্রে এটি কোনোভাবেই চালু করা যাবে না।

এ ছাড়া আফতাব অটোমোবাইলসের বিক্রয়কেন্দ্রে প্রদর্শন করা হচ্ছে মাহিন্দ্র গাস্ট্রো, মাহিন্দ্র রোডিও আরজেড ও মাহিন্দ্র ডুরো ডিজেড নামের আলাদা স্কুটার বা স্কুটি। এগুলোতেও রয়েছে মূল্যছাড়। পাশাপাশি স্কুটার কিনতে আগ্রহী কিন্তু চালাতে জানেন না, তাঁদের জন্য প্রতিষ্ঠানটি বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করছে।
মোটরসাইকেল প্রক্রিয়াজাতকারী দেশি প্রতিষ্ঠান রানার ও ওয়ালটনেরও শোরুম রয়েছে মেলায়। সেখানেও রয়েছে মেলা উপলক্ষে মূল্যছাড়ের ব্যবস্থা। রানারের ঊর্ধ্বতন নির্বাহী মাসুদুর রহমান জানান, এবারের মেলায় তাঁদের রানার দুরন্ত নামের ৮০ সিসির মোটরসাইকেলটির চাহিদা সবচেয়ে বেশি। ৫৬ হাজার টাকার এই মোটরসাইকেলটি মেলায় বিক্রি করা হচ্ছে ৫১ হাজার টাকায়। এ ছাড়া অন্যান্য মোটরসাইকেলেও ৫ হাজার টাকা ছাড় দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে রানার একমাত্র সবচেয়ে কম দামে মোটরসাইকেল বাজারজাত করছে। প্রতিষ্ঠানটির রয়েছে সর্বনিম্ন ৫০ সিসি থেকে সর্বোচ্চ ১৫০ সিসির ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল।
মেলা উপলক্ষে ওয়ালটনও তাদের প্রতিটি মোটরসাইকেলে ৫ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির বিক্রয় নির্বাহী নাসিরউদ্দিন। এবারের মেলায় ওয়ালটনের রেনজার ও লিও ব্র্যান্ডের মোটরসাইকেল দুটির প্রতি দর্শনার্থীদের বেশ আগ্রহ রয়েছে বলেও তিনি জানান।
এ ছাড়া ভারতের টাটা ব্র্যান্ডের ন্যানো গাড়ি বাজারজাতকারী এদেশীয় প্রতিষ্ঠান নিটোল টাটার প্রদর্শনী কেন্দ্র রয়েছে মেলায়। মেলা উপলক্ষে প্রতিটি ন্যানো গাড়িতে ২৫ হাজার টাকা মূল্যছাড় দেওয়া হচ্ছে বলে এর বিক্রয়কর্মীরা জানান।
বিক্রির চেয়ে নতুন নতুন ব্র্যান্ডের গাড়িকে মানুষের কাছে পরিচিত করাই হচ্ছে মেলায় এসব প্রতিষ্ঠানের অংশ নেওয়ার উদ্দেশ্য। সে ক্ষেত্রে দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে লোকসমাগম কম হওয়ায় সেই উদ্দেশ্য কতটা সফল হবে, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন অংশগ্রহণকারীরা।