নজরদারি থাকায় কৃষিঋণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরদারি থাকায় দেশে কৃষিঋণ বিতরণ বেড়েছে৷ বার্ষিক লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ অর্জিত হয়েছে প্রথম ১০ মাসে৷ কিন্তু তদারকি না থাকায় ঋণ আদায় পরিস্থিতির খুব উন্নতি হয়নি৷
অর্থায়ন বাড়ায় দেশের কৃষিপণ্য উৎপাদনও ভালো হচ্ছে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক৷ চলতি ২০১৩-১৪ অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি ২ দশমিক ৪৬ শতাংশ হবে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ইতিমধ্যে তাদের প্রাথমিক হিসাব প্রকাশ করেছে৷ গত অর্থবছরে কৃষিতে প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ৪৭ শতাংশ৷
বাংলাদেশ ব্যাংকের প্রাপ্ত তথ্যানুসারে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে কৃষি খাতে ১৩ হাজার ১১০ কোটি টাকার ঋণ বিতরণ হয়েছে৷ এই পরিমাণ ঋণ বার্ষিক লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৫৯৫ কোটি টাকার প্রায় ৯০ শতাংশ৷ আর গত অর্থবছরের একই সময়ে লক্ষ্যমাত্রার ৮৩ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছিল৷ সেবার লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১৩০ কোটি টাকা৷
অন্যদিকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত কৃষি খাতে বিতরণ করা বকেয়া ঋণের ৪১ দশমিক ৫৫ শতাংশ আদায় হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৩৮ দশমিক ৬৫ শতাংশ৷
এই সময়ে ব্যাংক খাতের সামগ্রিক ঋণ বিতরণে আশাব্যঞ্জক তথ্য না থাকলেও কৃষিতে এই অর্থায়ন গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চারের পাশাপাশি উৎপাদন বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে৷
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক কৃষি খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলোকে একরকম বাধ্য করেছে৷ তিনি বলেন, ‘আমরা বার্ষিক লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছি৷ কোনো ব্যাংক তা বাস্তবায়ন না করলে নানা ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ আমরা তা তদারকিও করি৷ এতে বিতরণ সঠিকভাবেই হচ্ছে৷’
এদিকে উৎসাহজনক পরিস্থিতিতে আগামী অর্থবছর কৃষি খাতে ঋণ তিরণের লক্ষ্যমাত্রা ১৫ হাজার ৭৬৩ কোটি টাকা ধরা হতে যাচ্ছে৷ অর্থাৎ, বর্তমান বছরের চেয়ে ৮ শতাংশ বাড়িয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে৷
কৃষি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রতি মাসেই ঋণ বিতরণ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করা হচ্ছে৷ বিতরণ করা ঋণ সঠিক খাতে যাচ্ছে কি না, তা তদারকিও করা হচ্ছে৷ বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে এসব নজরদারি রয়েছে কৃষিতে৷ তাতেই পরিস্থিতির উন্নতি হয়েছে মনে করে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ৷ আশা করা হচ্ছে, বছর শেষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ঋণ পরিস্থিতি৷
তবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ আদায় পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেন৷ তিনি বলেন, কৃষিতে বিতরণ করা ঋণ আদায় বরাবরই তত ভালো নয়৷ সে তুলনায় এখন আদায় একটু ভালো৷ গরিব কৃষকের কাছ থেকে ঋণ আদায়েও তদারকিব্যবস্থা বৃদ্ধি করা উচিত৷ তিনি আরও বলেন, ‘মাঠকর্মীরা যদি ফসল ওঠার সময় ঋণ আদায়ে তৎপর থাকেন, তাহলে আদায় ভালো করা সম্ভব৷ এতে ৮০ শতাংশ আদায়ও করা যায়৷ তবে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের এ ক্ষেত্রে লোকবলেরও অভাব আছে৷’ ইব্রাহিম খালেদ বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন৷
প্রাপ্ত তথ্যে দেখা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বিশেষায়িত কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের লক্ষ্যমাত্রা হচ্ছে আট হাজার ৭৯০ কোটি টাকা৷ এপ্রিল পর্যন্ত ব্যাংকগুলো বিতরণ করেছে আট হাজার ১৩১ কোটি টাকা বা লক্ষ্যমাত্রা ৯২ দশমিক ৫০ শতাংশ৷ বিতরণ পরিস্থিতি আগের বছরের একই সময়ের তুলনায় বেশ ভালো৷
বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা হচ্ছে পাঁচ হাজার ৮০৫ কোটি টাকা৷ এপ্রিল পর্যন্ত এই ব্যাংকগুলো বিতরণ করেছে চার হাজার ৮৭৯ কোটি টাকা বা ৮৫ দশমিক ৭৭ শতাংশ৷
নতুন নয়টি ব্যাংকের লাইসেন্স দেওয়ার শর্তে রয়েছে, মোট ঋণের কমপক্ষে ৫ শতাংশ কৃষি খাতে বিতরণ করতে হবে৷ তবে এবার লক্ষ্যমাত্রা নির্ধারণের পর ব্যাংকগুলো আনুষ্ঠানিক যাত্রা করেছে৷ তা সত্ত্বেও ইউনিয়ন ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ফারমার্স ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড ও মেঘনা ব্যাংক বেশ কিছু ঋণ বিতরণ করেছে৷ আর মধুমতি, মিডল্যান্ড ও এনআরবি গ্লোবাল এখন পর্যন্ত কৃষি খাতে কোনো ঋণ বিতরণ করেনি৷
বিদেশি ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংক কৃষি খাতে কোনো ঋণ বিতরণ করেনি৷
এস কে সুর চৌধুরী বলেন, কোনো ব্যাংক যদি তাদের জন্য বেঁধে দেওয়া ঋণসীমা অনুসারে কৃষি খাতে অর্থায়ন না করে, তবে বাংলাদেশ ব্যাংক সেই পরিমাণ অর্থ ব্যাংকের কাছ থেকে কেটে রাখে৷ আবার ব্যাংকের আর্থিক অবস্থা মূল্যায়নে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য আরও কতকগুলো ক্ষেত্রের সঙ্গে কৃষিঋণ বিতরণকে বিবেচনা করে৷ এ ক্ষেত্রেও বিষয়টি বিবেচনা করা হতে পারে৷