নড়বড়ে আবাসন ব্যবসা

গত তিন মাসে একটি ফ্ল্যাটও বিক্রি করতে পারেনি বেঙ্গল ওয়ান ক্রিয়েশন লিমিটেড বা বিওসিএল। গত ডিসেম্বরে রিহ্যাবের শীতকালীন মেলায় চারটি ফ্ল্যাটের বুকিং এবং ১২টি ফ্ল্যাট বিক্রির জন্য ক্রেতাদের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিল প্রতিষ্ঠানটি। তবে শেষ পর্যন্ত এর একটি বাতিল হয়। প্রতিশ্রুতি পাওয়া ১২টির মধ্যে একটি ফ্ল্যাটও বিক্রি হয়নি। সব মিলিয়ে ১০ কোটি টাকার ব্যবসা হারিয়েছে তারা।
বিওসিএলের ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা বলেন, ‘আগে বিক্রি-বাট্টা না থাকলেও অফিসে সব সময় ক্রেতাদের একটা আনাগোনা থাকত। এবারের হরতােল সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’ বিক্রি-বাট্টা না থাকায় ১০ জনকে চাকরিচ্যুত করতে বাধ্য হয়েছেন—জানালেন তিনি।
দেশের আবাসন খাতের বড় প্রতিষ্ঠান শেল্টেকের ফ্ল্যাট বিক্রি কমে প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে। এমন তথ্য দিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম. সেরাজ বলেন, ‘নতুন প্রকল্প নেওয়া থেমে গেছে। সবারই উৎপাদন কমে গেছে। সব ডেভেলপারই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।’
এই দুই প্রতিষ্ঠানের মতো অধিকাংশ আবাসন প্রতিষ্ঠানই সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বিপাকে পড়েছে। ফ্ল্যাট ও প্লট বিক্রি প্রায় ‘নাই’ হয়ে গেছে। এমনকি গত ডিসেম্বরে অনুষ্ঠিত শীতকালীন মেলার ফসলও ওঠাতে পারেনি প্রতিষ্ঠানগুলো। নতুন ক্রেতাদের আনাগোনা কমে গেছে। আবার অনেকেই সময়মতো ফ্ল্যাটের কিস্তি পরিশোধ করছেন না। অনিশ্চয়তার কারণে আবাসন প্রতিষ্ঠানগুলো নতুন প্রকল্প নিচ্ছে না। সব মিলিয়ে পুরো খাতটি গতিহীন হয়ে পড়েছে।
এই প্রেক্ষাপটে ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হরতাল-অবরোধের অজুহাত দেখিয়ে ইতিমধ্যে আবাসন প্রকল্প শেষ করা এবং ফ্ল্যাট হস্তান্তরের সময়সীমা এক বছর বৃদ্ধি করে নিয়েছে রিহ্যাব। ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতার পর গত বছরের জানুয়ারিতে একইভাবে এক বছর সময় বৃদ্ধি করা হয়েছিল। ফলে সব মিলিয়ে গত ১৪ মাসে ক্রেতাদের ফ্ল্যাট বুঝে পাওয়া সব মিলিয়ে দুই বছর পর্যন্ত পিছিয়ে গেছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ‘সমস্যাটি একটি বৃত্তের মতো। যেমন বিক্রি না থাকায় নতুন প্রকল্প নিচ্ছেন না ব্যবসায়ীরা, আবার ক্রেতারা কিস্তি সময়মতো পরিশোধ না করায় কাজের গতি কমিয়ে দিয়েছেন ডেভেলপাররা। এ কারণে রড, সিমেন্ট, ইট কিনতে পারছেন না তাঁরা। ফলে ভবনের নির্মাণ খরচ যাচ্ছে বেড়ে।’
রিহ্যাবের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, গত বছর ২১২টি আবাসন প্রতিষ্ঠানের ১২ হাজার ১৮৫টি ফ্ল্যাট অবিক্রীত পড়ে আছে। এসবের আর্থিক মূল্য প্রায় ৮ হাজার ৮১১ কোটি টাকা। সংগঠনটির সদস্যসংখ্যা ১ হাজার ২২২। ফলে সব মিলিয়ে অবিক্রীত ফ্ল্যাটের সংখ্যা হবে কয়েক গুণ বেশি। অন্যদিকে আবাসন খাতের সঙ্গে সম্পর্কিত রড, সিমেন্ট, ইলেকট্রিক, রং, টাইলস, স্যানিটারিসহ ২৬৯ পশ্চাদমুখী শিল্পের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
সম্প্রতি রিহ্যাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, সারা দেশের ৪০০টির মধ্যে মাত্র অর্ধেক রি-রোলিং মিল চালু আছে। সেগুলোও ৮ থেকে ১২ ঘণ্টা চালানো যাচ্ছে না। স্বাভাবিক সময়ে কমপক্ষে ১৮ চলত ঘণ্টা। কারণ রডের চাহিদা নেই। অন্যদিকে বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবদুল মতিন খান বলেন, বিক্রি না থাকায় সারা দেশের ৪৬২টি কারখানার অনেকগুলো বন্ধ হয়ে গেছে। শ্রমিকেরা ছাঁটাইয়ের কবলে পড়ছেন।
গত ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতার পর গত বছর মোটামুটি স্বাভাবিক ছিল। ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিভিন্নভাবে করেছেন। দুটি মেলায় সেই ইঙ্গিত কিছুটা হলেও পান তাঁরা। তবে গত জানুয়ারিতে শুরু হওয়া হরতাল অবরোধে সেটি ভেস্তে যায়।
গত ডিসেম্বরে পাঁচ দিনের মেলায় ৪৪৭ কোটি ৬০ লাখ টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্থান বা কমার্শিয়াল স্পেস বিক্রি হয়েছে। এর মধ্যে আছে ২৪৩ কোটি টাকার ৪০৫টি ফ্ল্যাট, ১২৬ কোটি ৬০ লাখ টাকার ৪২২টি প্লট ও ৭৮ কোটি টাকার ৫৭টি বাণিজ্যিক স্থান। এ ছাড়া ক্রেতাদের কাছ থেকে প্রায় ৫৩৩ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক স্থান বিক্রির অঙ্গীকার পায় বিভিন্ন প্রতিষ্ঠান। তার আগে মার্চ মাসে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন মেলায় ৩৮৭ কোটি টাকার ৩২০টি ফ্ল্যাট ও ২০৭টি প্লট বিক্রি হয়। আর সে সময় ক্রেতাদের কাছ থেকে ৫২২ কোটি টাকার ফ্ল্যাট ও প্লট বিক্রির প্রতিশ্রুতি পাওয়া গিয়েছিল।
ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট রিহ্যাব মেলায় ছয়টি ফ্ল্যাটের বুকিং পায়। এর মধ্যে দুটিই বাতিল হয়ে গেছে। আর শামসুল আলামিন রিয়েল এস্টেটের ৩৫টি ফ্ল্যাট বিক্রির বিষয়ে মেলায় ক্রেতাদের সঙ্গে প্রাথমিক কথা হলেও পরে একটিও সফল হয়নি। প্রতিষ্ঠানটি জানায়, হরতাল-অবরোধের মধ্যে দুটি ফ্ল্যাট বিক্রি হয়েছে। অবশ্য এগুলো বিক্রির জন্য অনেক আগে থেকেই কথাবার্তা চলছিল।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ‘মেলার পর অনেক প্রতিষ্ঠানের সঙ্গেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। তাঁরা তখন বলেছেন, ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গেছে। আমরা ভেবেছিলাম, এর মধ্য দিয়ে আবাসন খাতটি হয়তো ঘুরে দাঁড়াবে। তবে টানা হরতাল-অবরোধে আবার সব স্থবির হয়ে গেছে।’ তিনি বলেন, অনেক প্রতিষ্ঠান তো কীভাবে কর্মচারী-কর্মকর্তাদের বেতন-ভাতা দেবে, সেটি নিয়েই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে।
তবু ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা: গত কয়েক দিনে রাজনৈতিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আবাসন ব্যবসায়ীরা বলছেন, পরিবর্তিত অবস্থায়ও এ খাতের খুব বেশি উন্নতি হওয়ার সুযোগ নেই। কারণ, জমি ও নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ফ্ল্যাটের দাম ইতিমধ্যেই মধ্যবিত্তের নাগালের বাইরে। তা ছাড়া স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা পর্যন্ত নেই। কালোটাকা বিনিয়োগের সুযোগ থাকলেও সেখানে অর্থের উৎস প্রশ্ন করার বিধান রাখা হয়েছে। সব মিলিয়ে সরকারের দিকেই তাকিয়ে আছে রিহ্যাব নেতারা।
রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আবাসন ব্যবসা একবার পড়ে গেলে ঘুরে দাঁড়াতে সময় লাগে। কয়েক বছর ধরে একের পর এক ঝাপটায় সময়ই মিলছে না। গত বছর একটু সময় পাওয়া গেলেও চলতি বছরের শুরুতেই আবার হরতাল-অবরোধ।
লিয়াকত আলী ভূঁইয়া আরও বলেন, ‘ফ্ল্যাটের দাম আর বেশি কমার সুযোগ নেই। তাই স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থা করতে হবে। উন্নত দেশে ৪০-৫০ বছরের জন্য গৃহঋণ দেওয়া হয়। বাংলাদেশে এ ধরনের নিয়ম চালু করা প্রয়োজন, যাতে মানুষ ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক হতে পারে।’ তিনি বলেন, আবাসনে সেকেন্ডারি মার্কেট চালু করা উচিত, গাড়ির ক্ষেত্রে যেমনটা চালু আছে। এ ক্ষেত্রে সব ধরনের নিবন্ধন ও কর অর্ধেক হয়ে থাকে। আবাসনে এমন হলে ফ্ল্যাটের দাম কমে যাবে। এ বিষয়ে সরকারকে এগিয়ে আসতে হবে।
রিহ্যাব সভাপতি বলেন, আবাসন খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আগে মানুষ অনেক চিন্তাভাবনা করে। তবে মানুষ এখন কীভাবে নিত্যদিনের জীবন যাপন করবে, সেটি নিয়েই বেশি ভাবছে। বাড়ি কেনার কথা ভুলেও মাথায় আনছে না। তবে আবাসন খাতকে গতিশীল করতে সরকারকে এমন একটি ঘোষণা দিতে হবে, যাতে ক্রেতারা উৎসাহিত হয়।
আলমগীর শামসুল আলামিন আরও বলেন, স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়াটা এ ক্ষেত্রে বড় ঘোষণা হতে পারে। এ ছাড়া ব্যবসায়ীদের নির্মাণ ব্যয় বেড়ে গেছে। কীভাবে এটি কমানো যায়, সেটির ব্যবস্থা করতে হবে। সেজন্য ঋণের সুদের হার কমাতে হবে। যেসব ব্যবসায়ী ঋণখেলাপি হয়েছেন, তাঁদেরটি দীর্ঘদিনের জন্য পুনঃ তফসিল করতে হবে।
এক নজরে
দেশে আবাসন খাতে বিনিয়োগ প্রায় ২৫,০০০ কোটি টাকা
জিডিপিতে নির্মাণ খাতের অবদান ৭.০৬%
প্রতিবছর ৯,০০০ ফ্ল্যাট ক্রেতাকে বুঝিয়ে দেওয়া হয়
আবাসন ও সহযোগী খাতে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে
সূত্র: বিবিএস ও রিহ্যাব