নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত পাঁচটি অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে আরও দু-একটি নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার৷ এর জন্য সম্ভাব্য স্থান নির্ধারণের কাজ এগিয়ে চলছে৷ শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সরকার এ পরিকল্পনা বাস্তবায়ন করবে৷
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতারা সাক্ষাৎ করতে এলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন৷ শিল্প মন্ত্রণালয়ে গতকাল রোববার বৈঠকটি হয়৷
বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, দু্ই সহসভাপতি ওসামা তাসির ও খন্দকার শহিদুল ইসলাম, সাবেক সভাপতি সবুর খান প্রমুখ উপস্থিত ছিলেন৷ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
বৈঠকে ঢাকা চেম্বারের নেতারা বলেন, দেশে ভারসাম্যপূর্ণ ও দীর্ঘমেয়াদি শিল্পায়নের স্বার্থে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে মূল শক্তি হিসেবে গ্রহণ করতে হবে৷
পরে বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিইএমইএ) নেতাদের সঙ্গে বৈঠক করেন শিল্পমন্ত্রী৷ মন্ত্রী এমব্রয়ডারি শিল্প খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন৷ তিনি এ শিল্পের বিভিন্ন সমস্যার সমাধানে সম্ভব সব ধরনের সহায়তার আশ্বাস দেন৷