নতুন অর্থবছরে বাজেট ঘাটতি বাড়বে: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল মাল আবদুল মুহিত  l ফাইল ছবি
আবুল মাল আবদুল মুহিত l ফাইল ছবি

আগামী ২০১৭-১৮ অর্থবছরে বাজেট ঘাটতি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট ঘাটতিটা আগামীবার ৫ শতাংশের চেয়ে কিছুটা বাড়াব। পরে অবশ্য এটা কমে যাবে। আর জিডিপির প্রবৃদ্ধির হার ধরা হবে ৭ দশমিক ৪ শতাংশ।’
সচিবালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময়সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী এ আভাস দেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের চার বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চলতি অর্থবছরে বাজেট ঘাটতি জিডিপির ৫ শতাংশের নিচে অর্থাৎ ৯২ হাজার ৩৩৭ কোটি টাকা ছিল। চলতি অর্থবছরের জিডিপি ১৯ লাখ ৬১ হাজার কোটি টাকা (চলতি মূল্য)। কয়েক বছর ধরে বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যে রাখা হয় এবং অনুদানসহ হিসাব করলে এ ঘাটতি থাকে ৪ থেকে ৪ দশমিক ৫ শতাংশের মধ্যে।
গতকালের বৈঠক সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেট ঘাটতি ধরা হবে ৫ দশমিক ৪ শতাংশ। বাজেট ঘাটতি কেন বাড়ছে, এর অবশ্য কোনো ব্যাখ্যা দেননি অর্থমন্ত্রী।
চলতি অর্থবছরের বাজেটের আকার ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। সূত্র জানায়, আগামী বাজেটের আকার ৪ লাখ ৩০০ কোটি টাকা করা হচ্ছে।
এ ছাড়া আগামী অর্থবছরে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হবে ২ লাখ ৮৩ হাজার কোটি টাকা। এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার করা হবে ১ লাখ ৫০ হাজার কোটি টাকা।