নতুন অর্থবছরের বাজেট পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে গতকাল বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পাস হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ-সংক্রান্ত বিলটি সংসদে উত্থাপন করলে পরে তা কণ্ঠভোটে পাস হয়।
সদ্যবিদায়ী ২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেট ছিল ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। যদিও পরে তা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৫৬৫ কোটি টাকা করা হয়।
আজ থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের বাজেটে অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ।
এদিকে বাজেট পাসের আগের দিন বুধবার সংসদে অর্থবিল-২০১৬ পাস হয়। অর্থবিলে পোশাক রপ্তানিতে উৎসে কর প্রস্তাবিত ১ দশমিক ৫ শতাংশের চেয়ে অর্ধেকেরও বেশি কমিয়ে করা হয় দশমিক ৭ শতাংশ। এ ছাড়া বেশ কিছু পরিবর্তন আনা হয় অর্থ বিলে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল দুপুরে অনুষ্ঠিত অধিবেশনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার বিপরীতে মোট ৫৬টি বরাদ্দ মঞ্জুরির দাবি উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সংসদে উপস্থিত ছিলেন। ৪৯টি মঞ্জুরি দাবি কোনো আলোচনা ছাড়াই সরাসরি কণ্ঠভোটে পাস হয়।
সাতটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধীদলীয় ও স্বতন্ত্র সাংসদেরা ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাত, ধর্ম মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিরোধী দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট নয়জন সাংসদ ৪২০টি ছাঁটাই প্রস্তাব দেন যেগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বাজেট ঘোষণার পর থেকে সুশীল সমাজ, গবেষক, অর্থনীতিবিদ, সাবেক আমলাসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে রাজস্ব আদায়সহ বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় প্রকাশ করা হয়। তবে অর্থমন্ত্রীসহ সরকারের পক্ষ থেকে এটিকে ‘বাস্তবায়নযোগ্য’ বলে দাবি করা হচ্ছে।
ছাঁটাই প্রস্তাব: বাজেট অধিবেশনে বিভিন্ন নোটিশের ওপর আলোচনা হয় গতকালও। জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ফখরুল ইমাম, স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীসহ আরও কয়েকজন সাংসদ বলেন, প্রতিবছর জুন এলে মন্ত্রণালয়গুলো টাকা খরচের জন্য উঠেপড়ে লাগে। শিক্ষা খাত দুর্নীতগ্রস্ত। দেশের শিক্ষার মান নষ্ট হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হচ্ছে না। ধর্ম মন্ত্রণালয়ের পিয়নও হজে যান। এক ওয়াক্ত নামাজ পড়েন না। অথচ হজে যান। তাঁরা মন্ত্রণালয়গুলোর জন্য এক টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
সাংসদদের সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার প্রতি সাংসদদের আগ্রহ আছে। সমালোচনা করলেও তাঁরা চান, শিক্ষার মান উন্নয়ন হোক। সে জন্যই টাকা বরাদ্দের প্রয়োজন।
স্বাস্থ্য খাতের বরাদ্দ সম্পর্কে সাংসদ ফখরুল ইমাম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সব সময় বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় চলে যাবে। কবে যাবে? কত দিন অপেক্ষা করতে হবে? আই লাভ ইউ—মাত্র তিনটা শব্দ। উচ্চারণ করতে লাগে তিন সেকেন্ড। চিন্তা করতে লাগে তিন মিনিট। বোঝাতে লাগে তিন মাস। প্রমাণ করতে লাগে সারা জীবন। আপনার কত দিন লাগবে?’
ফখরুল ইমামের এই কথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হেসে ওঠেন।
রুস্তম আলী ফরাজী বলেন, স্বাস্থ্য পরীক্ষা করার নামে অনেকে বিদেশে গিয়ে কালোটাকা সাদা করেন।
সাংসদদের বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাংসদেরা স্বাস্থ্যের প্রতি আগ্রহ দেখিয়ে এক টাকা বরাদ্দ দেওয়ার দাবি করেছেন। মুখে বলছেন একরকম, দাবি করছেন অন্যরকম। এভাবে হলে কাজ হবে কীভাবে?
সাংসদদের উদ্দেশে মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘আমি কথা দিচ্ছি, আপনাদের প্রত্যয়নপত্র ছাড়া উপজেলায় স্বাস্থ্য বিভাগে কারও পদোন্নতি বা বদলি করা হবে না। আমার মন্ত্রণালয়কে সাহায্য করেন। আপনারা উপকৃত হবেন।’
নির্দিষ্টকরণ বিল পাস: ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ব্যয়ের বাইরে সরকারের বিভিন্ন ধরনের সংযুক্ত দায় মিলিয়ে মোট ৪ লাখ ৬৪ হাজার ৫৫৩ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকার ‘নির্দিষ্টকরণ বিল-২০১৬’ কণ্ঠভোটে সংসদে পাস করা হয়। এর মধ্যে সাংসদদের ভোটে গৃহীত অর্থের পরিমাণ ৩ লাখ ১১ হাজার ৪১০ কোটি ১৪ লাখ টাকা এবং সংযুক্ত তহবিলের দায় ১ লাখ ৫৩ হাজার ১৪৩ কোটি ৮৩ লাখ টাকা।
এদিকে সংসদে বাজেটের ওপর আলোচনা হয় মোট ৫৮ ঘণ্টা ১১ মিনিট এবং আলোচনায় অংশ নেন ২৪২ জন সাংসদ। গতকাল বাজেট পাস শেষে সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়।
এক নজরে
* বাজেটের পরিধি ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা
* অনুদানসহ মোট রাজস্ব প্রাপ্তি ২ লাখ ৪৮ হাজার ২৬৮ কোটি টাকা
* এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা
* অনুদান ছাড়া বাজেট ঘাটতি ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা
* বার্ষিক উন্নয়ন কর্মসূচি ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা