নতুন অর্থসচিব যোগ দিচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেদায়েতুল্লাহ  আল মামুন
হেদায়েতুল্লাহ আল মামুন

নতুন অর্থসচিব হিসেবে আজ বুধবার কাজে যোগ দিচ্ছেন হেদায়েতুল্লাহ আল মামুন। বিদায়ী অর্থসচিব মাহবুব আহমেদ গতকাল মঙ্গলবার তাঁকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। নতুন ও বিদায়ী দুই অর্থসচিবের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে হেদায়েতুল্লাহ আল মামুনকে বাণিজ্যসচিবের পদ থেকে সরিয়ে অর্থসচিব হিসেবে নিয়োগ দেয়। বাণিজ্যসচিবের আগে তিনি পরিকল্পনা কমিশনের সদস্য এবং এর আগে তথ্যসচিব ছিলেন।
জানতে চাইলে নতুন অর্থসচিব হেদায়েতুল্লাহ আল মামুন গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি দায়িত্ব বুঝে নিয়েছেন এবং বুধবার কাজে যোগ দেবেন।
এদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিদায়ী অর্থসচিব মাহবুব আহমেদ। নিয়মিত চাকরির মেয়াদ শেষে ২০১৫ সালের ৩০ ডিসেম্বর থেকে মাহবুব আহমেদ ২ বছরের চুক্তিতে অর্থসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী ২৯ ডিসেম্বর। মেয়াদ শেষ না হতেই জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মাহবুব আহমেদের চুক্তির মেয়াদ ২০১৯ সালের ৮ মার্চ পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে। অর্থসচিবের আগে মাহবুব আহমেদ বাণিজ্যসচিব এবং যুব ও ক্রীড়াসচিব ছিলেন।
জানতে চাইলে মাহবুব আহমেদ মুঠোফোনে বলেন, ‘আজ (গতকাল) বিদায় সংবর্ধনা নিয়েছি। আর এডিবিতে যোগ দেব আগামী ৯ মার্চ।’