নতুন আইনে মূসক ফাঁকি কঠিন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নতুন মূসক আইন বাস্তবায়ন করে প্রথমেই সবাইকে মূসকের আওতায় নিয়ে আসার কথা জানালেন এনবিআরের কর্মকর্তারা

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়িত হলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে কর ফাঁকিবাজদের ধরা সহজ হবে। ধরা যাক, কোনো ব্যবসাপ্রতিষ্ঠান মূসক নিবন্ধিত নয়। তারা মূসক রিটার্নও দাখিল করে না। কিন্তু ওই প্রতিষ্ঠান মূসক দাতা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে একটি লেনদেন করল। ওই লেনদেনের সূত্র ধরে ফাঁকিবাজ প্রতিষ্ঠানকে ধরে ফেলতে পারবে এনবিআর।

লেনদেনের বিষয়টি খুঁজে বের করাও কঠিন হবে না এনবিআরের জন্য। কারণ, কোন কোন প্রতিষ্ঠান নিবন্ধিত, তার অনলাইন তথ্যভান্ডার থাকবে। এনবিআরের কর্মকর্তারা মূসক আইন বাস্তবায়নের শুরুতে প্রথম বছর মূসক নিবন্ধনের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলোকে মূসকের আওতায় আনার ওপর বেশি জোর দেবেন। তাদের নজরই থাকবে মূসক না দেওয়া প্রতিষ্ঠানগুলোর দিকে।

অর্থনীতি নিয়ে কাজ করা গণমাধ্যমের সংবাদকর্মীদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের জন্য এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্প আয়োজিত এক কর্মশালায় সংস্থাটির কর্মকর্তারা এসব কথা জানান। গতকাল বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভ্যাট অনলাইন প্রকল্পের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জানানো হয়, পুরোনো আইনে দেশের ৮ লাখ ৪০ হাজার প্রতিষ্ঠানের মূসক নিবন্ধন আছে। তবে এর মধ্যে মাত্র ৪০ হাজার রিটার্ন দাখিল করে।

এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে মূসক আইন বাস্তবায়ন করা হবে।

১৯৯১ সালের মূসক আইন পাল্টিয়ে ২০১২ সালে নতুন মূসক আইন করে সরকার। এ আইনে ৩০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনে মূসক অব্যাহতি রেখেছে সরকার। তবে এর বেশি লেনদেনে লেনদেন কর ও একটি নির্দিষ্ট পরিমাণ লেনদেনের পর ১৫ শতাংশ হারে মূসক আদায়ের কথা বলা হয়েছে। অবশ্য ছোট ব্যবসায়ীরা এখন থোক হিসেবে প্যাকেজ মূসক দিয়ে থাকেন। তাঁরা আইনে এটি বহাল রাখার দাবিতে আন্দোলন করছেন।

কর্মশালায় এনবিআরের কর্মকর্তারা বলেন, ব্যবসায়ীদের কোনোভাবেই নিজেদের পকেট থেকে মূসক দিতে হবে না। তাঁরা ক্রেতার কাছ থেকে মূসক আদায় করে সরকারের কোষাগারে জমা দেবেন। সবাইকে আওতায় আনা হলে ব্যবসার ক্ষেত্রে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। কেউ মূসক ফাঁকি দিয়ে কম দামে পণ্য বিক্রি করতে পারবেন না।

ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক মো. রেজাউল হাসান বলেন, এ আইন বাস্তবায়িত হলে তথ্যভান্ডারে সব তথ্য থাকবে। এক ব্যবসায়ী পণ্যের দাম খুব দেখাবেন, আরেকজন বেশি দেখাবেন—এ পার্থক্য ধরা পড়ে যাবে। তিনি বলেন, আইনটি বাস্তবায়িত হলে প্রথম বছরের পরের তিন বছরে মূসক থেকে রাজস্ব আদায় চার-পাঁচ গুণ বাড়বে। মূসক আদায় বাড়লে আয়করও বাড়বে। কারণ, তখন আয়করেও ফাঁকি দেওয়ার সুযোগ কমবে।

এনবিআরের অতিরিক্ত কমিশনার মো. জাকির হোসেন বলেন, মূসক নিবন্ধন, মূসক জমা, রিটার্ন দাখিলসহ সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে বলে ব্যবসায়ীদের হয়রানি কমবে। তিনি বলেন, মূসক আইন বাস্তবায়িত হলে অনানুষ্ঠানিক অর্থনীতির আকার কমবে। অপ্রদর্শিত অর্থও কমে যাবে।

অনুষ্ঠানে এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান শাখার মহাপরিচালক মো. বেলাল হোসেন চৌধুরী ও অতিরিক্ত কমিশনার সৈয়দ মুশফিকুর রহমান সংবাদকর্মীদের মূসক আইনের বিভিন্ন বিষয় বুঝিয়ে দেন।