নতুন আমদানি ও রপ্তানি নীতি হবে ব্যবসাবান্ধব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি, ওষুধ, হালকা প্রকৌশল, ভেষজ সামগ্রী ও জাহাজ নির্মাণশিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে নতুন রপ্তানি নীতিতে। এ ছাড়া ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে ছড়িয়ে দিতে চালানো হবে প্রচার-প্রচারণা। আবার নীতি বাস্তবায়ন বিষয়টি তদারকির জন্য থাকবে শক্তিশালী একটি কমিটি।
অন্যদিকে নতুন আমদানি নীতি আদেশে এক দিন বয়সী মুরগির বাচ্চা, ইজিবাইক, নিম্নমানের সেকেন্ডারি পণ্য ও সাত বছরের পুরোনো গাড়ি আমদানির সুযোগ না দেওয়ার বিষয়টি প্রস্তাব করা হয়েছে। আবার পণ্য আমদানিতে বিভিন্ন পরীক্ষা বাধ্যতামূলক, আমদানির ক্ষেত্রে মন্ত্রণালয়ের পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল, পণ্য খালাসে শিথিলতা আনাসহ বিভিন্ন বিষয়ও আছে।
২০১৫-২০১৮ মেয়াদের জন্য প্রস্তাবিত আমদানি ও রপ্তানি নীতির খসড়া নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার এ সভার আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন। সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাসহ সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকার প্রতি তিন বছর পরপর আমদানি ও রপ্তানি নীতি করে। আমদানি নীতি আদেশটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়, যা মানতে সবাই বাধ্য থাকে। তবে রপ্তানি নীতি মানার বাধ্যবাধকতা নেই। বর্তমানের আমদানি ও রপ্তানি নীতির (২০১২-১৫) মেয়াদ এক মাস অর্থাৎ ৩০ জুন শেষ হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, আমদানি ও রপ্তানি নীতি ব্যবসাবান্ধব করেই তৈরি করা হবে। কোনো গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থের পরিবর্তে সরকার জাতীয় স্বার্থকে গুরুত্ব দেবে। তিনি বলেন, আমদানি ও রপ্তানি নীতি যুগোপযোগী করতে সরকার ব্যবসায়ীদের সহযোগিতা চায়। এ জন্য তাঁদের মতামত নিয়ে এটি করা হচ্ছে।
সভায় রপ্তানি নীতির বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ওবায়দুল আলম। তিনি জানান, খসড়া নীতিতে সেবা খাতকে আলাদা হিসেবে উল্লেখ করা হয়েছে। রপ্তানি বাড়াতে কারখানার কমপ্লায়েন্স সরঞ্জাম ও বর্জ্য পরিশোধনাগার বা ইটিপির যন্ত্রপাতি বিনা শুল্কে আমদানির প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ভিসা পেতে সহায়তার জন্য রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবিতে ‘হেল্প ডেস্ক’ ও বিমানবন্দরে হস্তশিল্পের জন্য প্রদর্শন কেন্দ্র স্থাপন এবং মান নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোসহ বিভিন্ন প্রস্তাব থাকছে রপ্তানি নীতিতে। থাকছে স্থায়ী মেলা কমপ্লেক্স ও বিশ্ব বাণিজ্য নির্মাণের প্রস্তাব। শ্যামপুরে হবে কেন্দ্রীয় ওয়্যারহাউস বা গুদামঘর। ‘শ্রীমঙ্গল টি’ নামে একটি ব্র্যান্ড করতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বাংলাদেশ চা বোর্ড।
এদিকে খসড়া আমদানি নীতির বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সত্যজিৎ কর্মকার। তিনি জানান, ৭৬টি ব্যবসায়ী সংগঠন ২৬১টি প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ২২৪টি প্রস্তাবের সঙ্গে আমদানি নীতির সম্পৃক্ততা পেয়েছে। ১৫টি মতবিনিময় সভার মাধ্যমে আমদানি নীতির খসড়া তৈরি করা হয়েছে।
খসড়া দুই নীতি নিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি রোকিয়া আফজাল রহমান, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেমসহ বেশ কয়েকজন ব্যবসায়ী নেতা তাঁদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আজিজুর রহমান, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু প্রমুখ।