নতুন আর পুরোনো ভ্যাটের লাভ-ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটায় দিতে হয় ভ্যাট। ছবিটি গতকাল রাজধানীর মগবাজার এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো
বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটায় দিতে হয় ভ্যাট। ছবিটি গতকাল রাজধানীর মগবাজার এলাকা থেকে তোলা l ছবি: প্রথম আলো

আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইন কার্যকর করা নিয়ে দোলাচলে আছে সরকার। এ নিয়ে জাতীয় সংসদে নতুন আইনের পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা চলছে। শেষ পর্যন্ত এই আইন বাস্তবায়ন করা নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যবসায়ীদের বেশির ভাগই আগামী ১ জুলাই থেকে নতুন আইন বাস্তবায়নের পক্ষে নন।

ভ্যাট একটি হিসাবনির্ভর আধুনিক কর ব্যবস্থা। ১৯৫৪ সালে ফ্রান্সে প্রথম ভ্যাট ব্যবস্থা প্রবর্তন করা হয়। বর্তমানে ১৬০টি দেশে ভ্যাট আছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশেই প্রথম ১৯৯১ সালে ভ্যাট প্রবর্তন করা হয়। ওই আইনের মূল উদ্দেশ্য বিভিন্ন ধরনের বিঘ্ন হয়েছে। তাই নতুন করে ভ্যাট আইন প্রবর্তন করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

নতুন ও পুরোনো আইন নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক আছে। ব্যবসায়ীদের অনেকেই বলছেন, আধুনিক হিসাবনির্ভর নতুন আইনটি বাস্তবায়ন করার ফলে ব্যবসায়ী সমাজকে যে ধরনের প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতি প্রান্তিক ব্যবসায়ীদের নেই। অন্যদিকে ২০১২ সালে নতুন আইনটি পাস করা হলেও গত সাড়ে চার বছরে আইনটি কার্যকর করার ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) যথেষ্ট প্রস্তুতি নিতে পারেনি বলে অভিযোগ আছে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সাংসদেরাই নতুন আইনটি পাস করেছিলেন, এখন একই সরকারের সাংসদেরা বাজেট অধিবেশনে সমালোচনা করছেন। এমন একটি পরিস্থিতির মধ্যে দেখা যাক, নতুন ও পুরোনো ভ্যাট আইনের মধ্যে পার্থক্য কোথায়।

নতুন আইন

নতুন ভ্যাট আইন মানেই একটি ভ্যাট হার। এটি ১৫ শতাংশ। নতুন আইনে কিছু খাত ছাড়া প্রায় সব পণ্য ও সেবার ওপর আমদানি বা উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতি স্তরেই ১৫ শতাংশ ভ্যাট বসবে। তাই ব্যবসায়ী ও ভোক্তা উভয়কেই নতুন আইন সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। ভ্যাট অন্তর্ভুক্ত করে সব পণ্যে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) নির্ধারণ করতে হবে। পুরোনো আইনের মতো আগে থেকেই পণ্য বা সেবার মূল্য ঘোষণা করতে হবে না।

আমদানি বা উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আমদানিকারক, উৎপাদক, সরবরাহকারী, বিক্রেতারা নিজেদের মূল্য সংযোজনের ওপর যে ভ্যাট দেন, তা পরবর্তী পর্যায়ের কাছে বিক্রি করার সময় নিজের ভ্যাটের টাকা রেয়াত নিয়ে ফেলবেন। তাই ভোক্তাকেই পুরো ভ্যাট পরিশোধ করতে হবে।

দৈনন্দিন জীবনের অনেক নিত্যপণ্য বা সেবায় ভ্যাট আছে; সেগুলোর মধ্যে অন্যতম হলো বিদ্যুৎ-গ্যাস, ইন্টারনেট, রেস্তোরাঁয় খাবার, দেশি ব্র্যান্ডের পোশাক, আসবাবপত্র, সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, বোতলজাত পানি, কোমল পানীয়, সোনার গয়না, বাস-রেল ও লঞ্চের এসি টিকিট, কুরিয়ার সার্ভিস, ফ্ল্যাট, রড, ইংলিশ মিডিয়াম স্কুল, ভাড়া গাড়ি, বড় দোকান, কমিউনিটি সেন্টার, ডেকোরেটর ও ক্যাটারার্স, মিষ্টির দোকান, সিনেমা হল, বিউটি পারলার, হেলথ ও ফিটনেস ক্লাব, ভিডিও গেমের দোকান। এ ছাড়া আড়াই কেজির বেশি মোড়কজাত বা টিনজাত মাছ-মাংস, শাকসবজি, আলু, ফলের জুস, ফল, ময়দা কিনলেও ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে।

বার্ষিক লেনদেন বা টার্নওভার ৩৬ লাখ টাকা পর্যন্ত হলে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানকে ভ্যাট দিতে হবে না। এমনকি ভ্যাট নিবন্ধনও নিতে হবে না। আর ৩৬ লাখ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন হলে ওই সব প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত হয়ে লেনদেনের ওপর ৪ শতাংশ টার্নওভার কর দিলেই চলবে। অবশ্য টার্নওভার কর দিলে ভ্যাট রেয়াত নিতে পারবে না ওই ব্যবসায় প্রতিষ্ঠান।

নতুন আইনে নতুন করে অনলাইন নিবন্ধন নিতে হবে। পুরোনো ব্যবসায় কর শনাক্তকরণ নম্বরধারীদের (বিআইএন) পুনরায় নিবন্ধন নিতে হবে। এই নিবন্ধনের বিপরীতে প্রতি মাসেই ভ্যাট রিটার্ন ও কর পরিশোধ করতে পারবেন ব্যবসায়ীরা। নতুন আইনে অগ্রিম ভ্যাট পরিশোধ করতে হবে না। নিজেদের বিক্রির তথ্যের পাশাপাশি কেনার তথ্যও দিতে হবে। তা না হলে রেয়াতের হিসাব মিলবে না। দুই লাখ টাকার বেশি কোনো উপকরণ কিনলে যার কাছ থেকে কেনা হয়েছে, তাদের নাম ও চালানপত্র নম্বর রিটার্নে লিখতে হবে। এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি প্রতিষ্ঠান অনলাইন ভ্যাট নিবন্ধন নিয়েছে।

পুরোনো আইন

পুরোনো ভ্যাট আইনটি ১৯৯১ সালে প্রবর্তন করা হয়। প্রায় দুই যুগের বেশি সময় ধরে এই আইনের বিভিন্ন অংশ পরিবর্তন করা হয়। এর ফলে ১৯৯১ সালের আইনের মূল দর্শনটিও পাল্টে যায়।

পুরোনো আইনে ভ্যাট হার একটি নয়। একাধিক ভ্যাট হার আছে। আমদানি বা উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত বেশির ভাগ পণ্য ও সেবায় ১৫ শতাংশ ভ্যাট আছে। তবে ১৫ ধরনের সেবা এবং বেশ কিছু পণ্যে সংকুচিত ভিত্তিমূল্যে ভ্যাট বসে। এই হার দেড় থেকে ১০ শতাংশ পর্যন্ত। যেমন বিদ্যুৎ বিলের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট বসে।

অন্যদিকে কিছু পণ্য আমদানির ক্ষেত্রে টনপ্রতি নির্ধারিত পরিমাণ টাকা ভ্যাট বসে। যেমন বিভিন্ন ধরনের রডের ওপর টনপ্রতি ৪৫০ থেকে ৯০০ টাকা ভ্যাট আছে।

ভোক্তা ভ্যাট দিয়েছেন কি না, তা বোঝার সুযোগ কম। কেননা এখন খুব কম প্রতিষ্ঠানেই ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) ব্যবহার করা হয়। বেশির ভাগ ক্ষেত্রেই ভোক্তাকে আলাদা করে ভ্যাটের রসিদ দেওয়া হয় না।

পুরোনো আইনে ভ্যাটমুক্ত কোনো সীমা নেই। তবে সাত লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনে প্যাকেজ ভ্যাট সুবিধা আছে। এই প্যাকেজ ভ্যাট সুবিধাই বেশি নেন ব্যবসায়ীরা। আর ৮০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেনে ৩ শতাংশ টার্নওভার কর দিতে হয়।

পুরোনো আইনে অনলাইন রিটার্ন জমা বা কর পরিশোধের সুযোগ সীমিত। সনাতনী পদ্ধতিতে কাগজে-কলমে রিটার্ন জমা দিতে হয়। তাই ব্যবসায়ীরা হিসাবও রাখেন কাগজে-কলমে। অনেক ব্যবসায়ী কর ফাঁকি দিতে দু-তিনটি খাতায় হিসাব রাখেন। উপকরণ রেয়াত নেওয়া অনেক কঠিন। পণ্য বা সেবা তৈরিতে সরাসরি ব্যবহৃত উপকরণের বিপরীতে শুধু রেয়াত পাওয়া যায়।

বিভিন্ন প্রয়োজনে এ পর্যন্ত পুরোনো আইনের আওতায় ৮ লাখ ৪০ হাজার প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন নিয়েছে। এর মধ্যে প্রতিবছর গড়ে মাত্র ৩৫ থেকে ৪০ হাজার প্রতিষ্ঠান ভ্যাট রিটার্ন দেয়।

নতুন ভ্যাট আইন

মানেই একটি ভ্যাট হার। এটি ১৫ শতাংশ। নতুন আইনে কিছু খাত ছাড়া প্রায় সব পণ্য ও সেবার ওপর আমদানি বা উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত প্রতি স্তরেই ১৫ শতাংশ ভ্যাট বসবে

পুরোনো আইনে

ভ্যাট হার একটি নয়, একাধিক। আমদানি বা উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত বেশির ভাগ পণ্য ও সেবায় ১৫ শতাংশ ভ্যাট আছে। তবে ১৫ ধরনের সেবা এবং বেশ কিছু পণ্যে সংকুচিত ভিত্তিমূল্যে ভ্যাট বসে