ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে আলোচনা করতে হতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একই সঙ্গে বাংলাদেশি পোশাক রপ্তানিতে ইইউতে যেসব সুবিধা পাওয়া যায়, আলাদা হওয়ার পরও যুক্তরাজ্য থেকে তা পাওয়া যাবে বলে আশা করেন বাণিজ্যমন্ত্রী।
সচিবালয়ে গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সাতটি সংস্থার সঙ্গে ২০১৬-১৭ অর্থবছরের কর্মপরিকল্পনা চুক্তি অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল বলেন, ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ায় নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে আমাদের করণীয় আছে। কারণ, বাংলাদেশি পোশাকের ৫৪ শতাংশই ইইউভুক্ত দেশগুলোতে রপ্তানি হয়। আর একক দেশ হিসেবে যুক্তরাজ্য হচ্ছে বাংলাদেশি পণ্যের তৃতীয় গন্তব্যস্থল।’
ইইউ থেকে যুক্তরাজ্যের বের হওয়ার অভিঘাত নিয়ে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে শিগগির একটি কমিটি গঠন করা হবে বলে জানান তোফায়েল আহমেদ।
পোশাক রপ্তানির জন্য সম্প্রতি ভারত যে প্যাকেজ ঘোষণা করেছে, বাংলাদেশের পোশাক খাতে তার প্রভাব পড়তে পারে বলেও শঙ্কা বাণিজ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমরা ৫ হাজার কোটি ডলারের পোশাক রপ্তানি করতে চাই। এ জন্য পোশাক খাতকে সহায়তা করতে হবে। এই খাত যাতে থমকে না দাঁড়ায়।’
এবারের রমজানে চিনি ছাড়া নিত্যপণ্যের বাজারদর ঠিকই আছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘চিনি নিয়ে কিছু কারসাজি হয়েছে বলে মনে হয়।’
সাত প্রতিষ্ঠানের চুক্তি: বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে একই মন্ত্রণালয়ের অধিভুক্ত সাতটি সংস্থা আগামী ২০১৬-১৭ অর্থবছরের জন্য পারফরম্যান্স চুক্তি করেছে গতকাল। প্রতিটি আলাদা চুক্তিতে মন্ত্রণালয়ের পক্ষে সই করেন বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন।
আর সংস্থাপ্রধানদের মধ্যে সই করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুশফেকা ইকফাৎ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক আফরোজা খান, চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুল ইসলাম লস্কর এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক মো. আতিকুর রহমান খান।
চুক্তিতে কী আছে—সাংবাদিকদের তা মন্ত্রণালয় জানায়নি। দুর্নীতি প্রতিরোধ, সেবা দেওয়া, আয় করা বা অভিযোগ নিষ্পত্তিতে এক বছরে কোন সংস্থা কী করবে—চুক্তিতে এ রকম কিছু আছে কি না জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গুনে গুনে ঘুষ খান তিনি’জাতীয় কোনো কিছু খুব সম্ভব সংস্থাগুলো থেকে বিদায় নিয়েছে।