প্রথমবারের মতো মজুত ২৫ বিলিয়ন বা আড়াই হাজার কোটি ডলার ছাড়িয়েছে
নতুন উচ্চতায় দেশের বৈদেশিক মুদ্রার মজুত
নতুন উচ্চতায় উঠেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। প্রথমবারের মতো রিজার্ভ ২৫ বিলিয়ন বা আড়াই হাজার কোটি ডলার ছাড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবমতে, সংরক্ষিত রিজার্ভের পরিমাণ গতকাল বৃহস্পতিবার দিন শেষে দাঁড়িয়েছে ২ হাজার ৫০২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর অর্থ মজুত থাকতে হয়। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবমতে, বর্তমানে যে রিজার্ভ রয়েছে তা দিয়ে ছয় মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব।
আন্তর্জাতিক বাজারে গত কয়েক মাসে জ্বালানি তেলের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ছে। আবার দেশের বিনিয়োগ পরিস্থিতিও সন্তোষজনক নয়। এসব কারণেই রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রার মজুত বাড়ছে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত সাড়ে ১৪ মাসের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ২৫ শতাংশ। গত বছরের ১০ এপ্রিল প্রথমবারের মতো রিজার্ভ দুই হাজার কোটি ডলার ছাড়িয়েছিল। এরপর গতকাল তা আড়াই হাজার কোটি ডলার ছাড়াল। বৈদেশিক মুদ্রার মজুত গত বছরের ১৬ জুন ২ হাজার ১০০ কোটি ডলার এবং ৭ আগস্ট ২ হাজার ২০০ কোটি ডলার অতিক্রম করে। এরপর এ বছরের ২৬ ফেব্রুয়ারি তা ২ হাজার ৩০০ কোটি ডলারে উন্নীত হয়। গত ২৯ এপ্রিল রিজার্ভ ছাড়ায় ২ হাজার ৪০০ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংক গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রিজার্ভ স্থিতি বিবেচনায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত প্রথম, বাংলাদেশ দ্বিতীয় আর পাকিস্তান তৃতীয়। এখন ভারতের রিজার্ভ ৩৫ হাজার ৪৩৯ ডলার, আর পাকিস্তানের রিজার্ভ ১ হাজার ৭২৯ কোটি ডলার।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর রিজার্ভ বিষয়ে প্রথম আলোকে বলেন, এটি একটি সুখবর। বিদেশ থেকে অর্থ আনছেন অনেকেই। এর মানে হলো অর্থনীতিতে আস্থা রয়েছে। এ ছাড়া বৈদেশিক লেনদেনের ভারসাম্যে দেখা গেছে, দেশে আর্থিক হিসাবে (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট) ৫০০ কোটি ডলারের মতো উদ্বৃত্ত রয়েছে। এগুলোই রিজার্ভ বৃদ্ধির অন্যতম কারণ। তিনি আরও বলেন, ‘এখন দেখার বিষয়, এ অর্থ সঠিকভাবে বিনিয়োগ হচ্ছে কি না। এ প্রেক্ষাপটে রিজার্ভ ব্যবস্থাপনাই একটি বড় চ্যালেঞ্জ।’
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মাহফুজুর রহমানও মনে করেন, দেশের অর্থনীতি যে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে সেটাই প্রমাণ করে এই বিপুল অঙ্কের রিজার্ভ। ধারাবাহিক রপ্তানি প্রবৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, কম খাদ্যপণ্য আমদানি ও প্রবাসী বাংলাদেশিদের অর্থ পাঠানোর অবদান স্বীকার করেন তিনি।
মাহফুজুর রহমান বলেন, ‘একসময় ঋণ নেওয়ার জন্য আমরা অন্যদের পেছনে ঘুরতাম, রিজার্ভের কারণে এখন ঋণ দেওয়ার জন্য অনেকে আমাদের পেছনে ঘুরে।’
আহসান মনসুর বলেন, পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদারকে বিপুল অর্থ ডলারে দেওয়া শুরু হয়েছে, অথচ রিজার্ভে প্রভাব পড়ছে না। রিজার্ভ সংহত থাকার সুযোগ নিয়ে অন্য বড় অবকাঠামো প্রকল্পগুলোর কাজও শুরু করার পরামর্শ দেন তিনি।
নির্দিষ্ট পরিমাণ রিজার্ভ রেখে বাকিটা কীভাবে আরও লাভজনক খাতে বিনিয়োগ করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানান মাহফুজুর রহমান।