দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ এক হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংকের হিসাবে সংরক্ষিত রিজার্ভ বা মজুদ এক হাজার ২০২ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলারে পৌঁছায়।আমদানি বেশ খানিকটা কমে আসার পাশাপাশি রপ্তানিতে ধীরগতি থাকলেও প্রবাসী-আয়ে (রেমিট্যান্স) বড় প্রবৃদ্ধি এবং সাম্প্রতিক সময়ে বেসরকারি খাতে বিদেশি ঋণ নেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় দেশে বৈদেশিক মুদ্রার মজুদের এ উন্নতি হয়েছে। আবার অতিসম্প্রতি টেলিযোগাযোগ খাতে বিশেষত রবি ও এয়ারটেল কিছু বড় বিনিয়োগ এনেছে। তা আনায় রিজার্ভে এই উল্লম্ফন হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।তবে বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষকেরা বলছেন, রিজার্ভ বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রবাসী-আয়। গতকালই এক দিনে প্রবাসী-আয় দেশে এসেছে এক কোটি ২০ লাখ ডলারের বেশি। কোরবানি ঈদ সামনে রেখে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন। উপাত্তে দেখা যায়, চলতি অক্টোবর মাসের প্রথম ১২ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৯ কোটি ৩৪ লাখ ২০ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা আশা প্রকাশ করে বলেন, প্রবাসী-আয়ে এই প্রবৃদ্ধি অব্যাহত থাকলে এ মাসে দেশে সর্বাধিক পরিমাণ রেমিট্যান্স আসবে। এর আগে গত সেপ্টেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের তিন মাসে প্রবাসীরা দেশে পাঠান ৩৫৫ কোটি ১৭ লাখ ডলারের রেমিট্যান্স। গত ২০১১-১২ অর্থবছরে প্রবাসী-আয় এসেছিল এক হাজার ২৮৪ কোটি ডলারের কিছু বেশি।বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদন থেকে দেখা যায়, জুলাই-আগস্ট সময়ে দেশে আমদানির গতি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৪ (ঋণপত্র খোলায়) শতাংশ কমে গেছে। আর আমদানি নিষ্পত্তি হয়েছে এমন ক্ষেত্রে দেখা যাচ্ছে, খাদ্যপণ্য (চাল ও গম) আমদানি কমেছে প্রায় ৫৫ ভাগ। মূলধনি যন্ত্রপাতি আমদানির নিষ্পত্তি হয়েছে আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ১৭ ভাগ কম। আর নতুন এলসি খোলার ক্ষেত্রেও আগের বছরের একই সময়ের তুলনায় মূলধনি যন্ত্রপাতির ক্ষেত্রে আমদানি ব্যয় কমেছে ২ দশমিক ৩০ ভাগ।জ্বালানি তেল আমদানির একটা বড় চাপ থাকে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে। সরকার দেশে সব ধরনের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করায় এ খাতে আমদানি ব্যয় কমেছে। জুলাই-আগস্ট সময়ে নিষ্পত্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে, জ্বালানি তেল আমদানিতে ব্যয় কমেছে প্রায় ৬ শতাংশ। একই সময়ে নতুন এলসি খোলা কমে গেছে ২২ শতাংশের বেশি। শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে ঋণপত্রের নিষ্পত্তিতে প্রবৃদ্ধি ৯ শতাংশ থাকলেও একই সময়ে নতুন এলসি খোলা কমে গেছে ৯ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে রপ্তানিতে কিছুটা ধীরগতি থাকলেও এখনো প্রবৃদ্ধির ধারা রয়েছে। জুলাই-সেপ্টেম্বর হিসাবে দেখা যাচ্ছে, রপ্তানিতে প্রবৃদ্ধি রয়েছে ২ দশমিক শূন্য ২ শতাংশ হারে।এ পরিস্থিতিতে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের যে সর্বশেষ তথ্য কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, জুলাই শেষে এ হিসাবে উদ্বৃত্ত হয়েছে ১৫ কোটি ৪০ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উচ্চ রেমিট্যান্স প্রবাহ ও জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে কার্যরতদের প্রেরিত রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় খাদ্য আমদানি হ্রাস পাওয়া, আমদানিযোগ্য পণ্যের দাম বিশ্ববাজারে কমে যাওয়া এবং বিলাসদ্রব্যের আমদানি নিরুৎসাহিত করার প্রভাবে সার্বিক আমদানি ব্যয় হ্রাস পেয়েছে। এসব কারণে রিজার্ভ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। বাংলাদেশ ব্যাংক আরও বলছে, বর্তমান রিজার্ভ দিয়ে চার মাসের বেশি সময়ের আমদানি দায় মেটানো সম্ভব।