নতুন উদ্যমে শুরু করলেন সেই সব ক্ষুদ্র ব্যবসায়ী
সাহেব আলীর দোকানে এখন এসেছে নতুন পণ্য। বিক্রিও হচ্ছে সেসব। তিনি গত সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আত্মীয়স্বজনের কাছ থিকা ধার কইরা আর বাকিতে মাল আইনা আবার দোকান দিছি। ১৩ জনের সংসার চলে এই দোকানের আয় দিয়া। দোকান না চললে তো সবাই না খাইয়া থাকব।’
বায়তুল মোকাররম মার্কেটের সামনের ফুটপাতের প্রায় সব দোকানেরই এখন এ অবস্থা। বেশির ভাগ দোকানেরই এখন সবকিছু নতুন। নতুন চৌকি, নতুন পণ্য। এমনকি বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে দোকানের ওপরে যে বড় ছাতাটা টাঙানো হয়েছে, তাও নতুন।
হেফাজতে ইসলামের হামলা-অগ্নিসংযোগে এখানকার প্রায় সব কটি দোকানই জ্বলে-পুড়ে ছাই হয়ে গিয়েছিল; যার কারণে নতুনভাবে সবাইকে আবার অর্থকড়ি জোগাড় করে শুরু করতে হয়েছে। সব হারানো এই নিঃস্ব ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা জীবিকার তাগিদেই ঘুরে দাঁড়িয়েছেন। ধারকর্জ করে কিছু টাকা জোগাড় করে অল্প কিছু পণ্য কিনেই নতুন করে দোকান সাজিয়েছেন তাঁরা। সেখান থেকে পণ্যও কিনছেন ক্রেতারা।
৫ মে হেফাজতে ইসলামের ‘ঢাকা অবরোধ’ কর্মসূচি সহিংসতায় রূপ নেওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়ে বায়তুল মোকাররম মার্কেটের সামনের, মসজিদের পেছনের ফটকের ফুটপাতের এবং পল্টনের পুরোনো বইয়ের দোকানগুলো। পুঁজি হারিয়ে নিঃস্ব হন কয়েক শ ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁদের বেশির ভাগেরই আয়ে পরিবার চলে।
ওই ঘটনার পর ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ৬৯০ জন ক্ষতিগ্রস্ত ফুটপাতের ব্যবসায়ীর একটি তালিকা তৈরি করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জমা দেয়। আবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ৩৩৩ জনের একটি তালিকা তৈরি করে। এই তালিকায় থাকা ব্যবসায়ীরা এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পেয়েছেন।
বায়তুল মোকাররম মার্কেটের সামনে নানা ধরনের ক্রোকারিজ সামগ্রী বিক্রি করেন হুমায়ুন কবির। হেফাজতের কর্মীদের আগুনে তাঁর তিন লাখ টাকার পণ্য পুড়ে ছাই হয়ে যায়। তবে তাঁর দোকানে এখন লক্ষাধিক টাকার পণ্য আছে।
সাতজনের সংসার চলে হুমায়ুন কবিরের দোকানের আয় দিয়ে। তিনি বলেন, ‘দোকান পুইড়া যাওনের সাত দিন পর ধারকর্জ কইরা আবার দোকান দিছি।’ মাঝখানের সময়টায় সংসার কীভাবে চলেছে, জানতে চাইলে তিনি বলেন, ‘বাসায় তো কিছু টাকা জমানো থাকে। ওই ট্যাকা দিয়াই কয় দিন চলছি। ওইটা না থাকলে তো না খাইয়া থাকতে হইত।’
প্রধানমন্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকার চেক পেয়েছেন হুমায়ুন। চেক পেয়েছেন সাহেব আলীও। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় একটি অংশই কোনো ক্ষতিপূরণ পাননি। তাঁরা কোনোরকমে শুরু করেছেন।
এমনই একজন সিদ্দিকুর রহমান। তাঁর দোকানের সব ম্যাগাজিনই জ্বালিয়ে দেওয়া হয়। পুরোনো বইয়ের সাতজন বিক্রেতা ক্ষতিপূরণ পেলেও তিনি সেই তালিকায় ছিলেন না। তিনি জানান, ১৫ হাজার টাকা ধার করে এবং পাঁচ-ছয় হাজার টাকার ম্যাগাজিন বাকিতে এনে আবার কোনোরকমে দোকান শুরু করেছেন। গুছিয়ে নিতে সরকারের কাছ থেকে একটু সহায়তা চান তিনি।