নতুন উদ্যোক্তাদের জন্য তিন বছর করমুক্ত-সুবিধা চায় ডিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন উদ্যোক্তাদের প্রতিষ্ঠানকে ব্যবসা শুরুর তিন বছর পর্যন্ত করমুক্ত-সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নেতারা। এই ব্যবসায়ী সংগঠনটি বলছে, এতে নতুন উদ্যোক্তারা উৎসাহিত হবেন, কর্মসংস্থানও সৃষ্টি হবে। এ ছাড়া নতুন ব্যবসা শুরুর পর তিন-চার বছরের মধ্যে মুনাফা করা যায় না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত চলমান প্রাক-বাজেট আলোচনায় ডিসিসিআইয়ের পক্ষ থেকে গতকাল শনিবার এ প্রস্তাব করা হয়। এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিসিসিআইয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সভাপতি সবুর খান। সেগুনবাগিচার এনবিআর সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।আয়কর: ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্তসীমা দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করেছে ডিসিসিআই। এ ছাড়া নারী করদাতা ও প্রবীণ নাগরিকদের করমুক্তসীমা ২ লাখ ২৫ হাজার থেকে বাড়িয়ে সাড়ে ৩ লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। আর প্রতিবন্ধীদের করমুক্তসীমা এক লাখ বাড়িয়ে পৌনে চার লাখ টাকায় উন্নীত করার সুপারিশ করেছে ডিসিসিআই।দুই কোটি টাকার অধিক সম্পদের মালিকদের অধিশুল্ক অর্ধেক করে পাঁচ শতাংশ নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে। ডিসিসিআইয়ের প্রস্তাবে করপোরেট কর সম্পর্কে বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির কর সাড়ে ২৭ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা প্রয়োজন। এর পাশাপাশি অন্যান্য সুবিধা বৃদ্ধি করে অতালিকাভুক্ত কোম্পানিকে তালিকাভুক্ত করার জন্য উৎসাহিত করা দরকার।অন্যদিকে নতুন শিল্প প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান খাতগুলোর কর অবকাশ সুবিধা ২০১৫ সাল পর্যন্ত মেয়াদ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আর মৎস্য, পোলট্রি, গবাদিপশু পালন খাতে এই সুবিধা ২০২৫ সাল পর্যন্ত থাকা উচিত বলে মনে করে ডিসিসিআই। মূল্য সংযোজন কর: ক্ষুদ্র উদ্যোক্তাদের বার্ষিক টার্নওভার সীমা ৭০ লাখ থেকে বাড়িয়ে এক কোটি টাকায় উন্নীত করার পাশাপাশি টার্নওভার কর হার দুই শতাংশ নির্ধারণের সুপারিশ করেছে ডিসিসিআই। এ ছাড়া বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মূসক নির্ধারণ, অগ্রিম মূসক প্রথা বাতিল, বাণিজ্যিক বাড়িভাড়ার ওপর মূসক বাতিল, শিল্পে কাঁচামাল সরবরাহকারীর মূসক প্রত্যাহারের দাবি জানায় এই ব্যবসায়ী সংগঠন।আলোচনা: এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, এবার নতুন কোনো কর ও অতিরিক্ত করারোপ করা হবে না। তবে শুল্কযোগ্য পণ্য (ট্যারিফ লাইন) পদ্ধতি পুনর্বিন্যাস করা হবে। আগামী জাতীয় নির্বাচনের পরে যাঁরা ক্ষমতায় আসবেন, তাঁদের জন্য এই বাজেটে দিকনির্দেশনা থাকবে। তিনি মত দেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা শুধু চলতি অর্থবছরেই নেতিবাচক প্রভাব পড়বে না, আগামী বছরগুলোয় এর প্রভাব থাকবে। এনবিআরের চেয়ারম্যান আরও জানান, ট্রেড লাইসেন্স নিতে শুধু কর শনাক্তকরণ সংখ্যা (টিআইএন) নয়, ন্যূনতম কর আরোপের বাধ্যবাধকতা রাখার চিন্তাভাবনা করা হচ্ছে। তিনি মামলার পরিবর্তে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রথায় সমঝোতা করার আহ্বান জানান।ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান বলেন, যেসব পণ্য বাংলাদেশে উৎপাদিত হচ্ছে, সেসব তৈরি পণ্য আমদানির ক্ষেত্রে অতিরিক্ত কর আরোপ করে দেশীয় শিল্পকে রক্ষা করা প্রয়োজন। ডিসিসিআইয়ের পরিচালক মহিউদ্দিন মোনেম বলেন, ‘আগের বছরের তুলনায় কম মূসক দিলেই ব্যবসায়ীদের দিকে অভিযোগের আঙুল তোলেন রাজস্ব কর্মকর্তারা। কিন্তু আমরা গত দুই মাসে কতটি কার্যদিবস পেয়েছি? আমাদের ব্যবসা-বাণিজ্য কমে গেছে। তবে কেন আগের বছরের তুলনায় বেশি মূসক দিতে হবে?’