নতুন উদ্যোক্তাদের বিসিকে প্লট দেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) দুই হাজার নতুন উদ্যোক্তাকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) শিল্প এলাকায় প্লট দেওয়ার আশ্বাস দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। আজ মঙ্গলবার ক্ষুদ্র ও কুটির শিল্পকেন্দ্র (স্কিটি) ও ডিসিসিআইয়ের মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।

ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান ও স্কিটির অধ্যক্ষ মো. আবদুল ওয়াদুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে সই করেন।

বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ডিসিসিআইয়ের দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরি প্রকল্পকে যুগোপযোগী আখ্যায়িত করে বলেন, এসব নতুন উদ্যোক্তাকে বিসিক শিল্প নগরে শিল্প প্লট পেতে অগ্রাধিকার দেওয়া হবে।

বিসিকের চেয়ারম্যান আরও বলেন, বিসিক শিল্পনগরে আলাদা মুদ্রণশিল্প এলাকা তৈরির কাজ চলছে। তিনি বলেন, ‘বিশ্ববাজারে আমাদের হস্তশিল্পের বেশ চাহিদা রয়েছে। বিষয়টি বিবেচনায় রেখে একটি হস্তশিল্প নীতিমালা তৈরির কাজ চলছে।’ নতুন উদ্যোক্তা তৈরি প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থাকার এবং ভবিষ্যতে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

সমঝোতা স্মারক অনুযায়ী ডিসিসিআই ও স্কিটি সচেতনতামূলক কার্যক্রমসহ উদ্যোক্তাদের সব ধরনের নীতিসহায়তা দেবে। তা ছাড়া স্কিটি ও ডিসিসিআই উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, ওরিয়েন্টেশন, মেন্টরিংয়ের আয়োজন করবে।

এ সময় ডিসিসিআই সভাপতি মো. সবুর খান বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আর এ লক্ষ্যে বেকারত্ব সমস্যা দূর করতে হবে।’ তিনি বলেন, বেকারত্ব সমস্যা দূর করা এবং কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই।

অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সহসভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক ওসমান গনি, হায়দার আহমদ খান, আবুল হোসেন, এম আবু হোরায়রা, খন্দকার শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। ডিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।