নতুন উদ্যোক্তাদের মূলধন জোগান দেওয়ার মতো নতুন ধারণা নিয়ে আসছে বিডি ভেনচার লিমিটেড। একই সঙ্গে ব্যবসা পরিচালনায় জড়িত থাকার পাশাপাশি দক্ষতা উন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠানটি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার বিডি ভেনচারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। নতুন এই প্রতিষ্ঠানটির ৮০ ভাগ প্রাতিষ্ঠানিক ও বাকি ২০ ভাগ ব্যক্তিমালিকানাধীন। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার এসব তথ্য জানান বিডি ভেনচারের চেয়ারম্যান আফতাব-উল ইসলাম। এতে আরও বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মামুন রশীদ ও ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এহসানুল হক ও ফারজানা চৌধুরী। শওকত হোসেন বলেন, ‘দেশের তরুণ উদ্যোক্তারা ব্যবসা করতে চাইলেও মূলধন পান না। আমরা এই মূলধন সরবরাহ করব। কিন্তু কোনো সুদ নেওয়া হবে না। তবে নির্দিষ্ট সময় ব্যবসা করার পর মুনাফা নিয়ে সরে আসবে বিডি ভেনচার।’ আফতাব-উল ইসলাম বলেন, ‘আমরা প্রধানত তথ্যপ্রযুক্তি, কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, নবায়নযোগ্য শক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পর্যটন ও হালকা প্রকৌশল শিল্প খাতের নতুন উদ্যোক্তাদের নিয়ে এ প্রতিষ্ঠান কাজ করবে।চেয়ারম্যান আরও জানান, বিডি ভেনচারের অনুমোদিত মূলধনের পরিমাণ ৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন আছে ১০ কোটি টাকা, যা শিগগিরই ২০ কোটি টাকায় উন্নীত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, একটি ভেনচার মূলধন কোম্পানি হিসেবে বিডি ভেনচার যৌথ মূলধনী কোম্পানি ও প্রতিষ্ঠানসমূহের নিবন্ধকের পরিদপ্তর থেকে নিবন্ধিত। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছ (এসইসি) থেকে অনাপত্তিপত্র পেয়েছে। মামুন রশীদ বলেন, বাংলাদেশে এটি নতুন ধরনের ব্যবসা। তবে পাশের দেশ ভারত থেকে শুরু করে ইউরোপ-আমেরিকায় এটি একটি প্রচলিত ও জনপ্রিয় ধারণা। তিনি আরও বলেন, স্টিভ জবস কিংবা জুকারবার্গরা ভেনচার মূলধন নিয়েই নিজেদের ব্যবসা এত বড় করতে পেরেছেন। কারণ, শুরুর দিকে তাঁদের কেউ বিশ্বাস করেনি। ঋণ দেয়নি। তখন ভেনচার মূলধন কোম্পানিই এগিয়ে এসেছিল।