নতুন উদ্যোক্তাদের সহায়তার আশ্বাস ইয়াংওয়ানের
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরির যে উদ্যোগ নিয়েছে, তাতে সহায়তা করবে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান।প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি আরও কিছু ক্ষেত্রে সহায়তা করবে।দক্ষিণ কোরিয়া সফররত ঢাকা চেম্বারের একটি প্রতিনিধিদলকে এমন আশ্বাস দেন ইয়াংওয়ানের সিইও কিয়াক সুং। গতকাল বৃহস্পতিবার সিউলে ইয়াংওয়ানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা হয়। এতে দেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়কমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, ডিসিসিআইয়ের সভাপতি সবুর খান, বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়াং উপস্থিত ছিলেন।ঢাকা চেম্বার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।অনুষ্ঠানে ফারুক খান বলেন, বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের জন্য নানা সুবিধাসংবলিত বিনিয়োগ গুচ্ছ চালু করেছে। এসব কাজে লাগিয়ে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীরা এ দেশে বড় আকারের বিনিয়োগ করতে পারেন।সবুর খান বলেন, দুই হাজার নতুন উদ্যোক্তা তৈরির কর্মসূচিতে ইয়াংওয়ানের সহযোগিতা চান। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, বায়ুবিদ্যুৎ, অবকাঠামো, পর্যটন, যোগাযোগ, কৃষি ও কৃষিজাত পণ্য এবং ওষুধসহ কয়েকটি খাতে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের এ দেশে বিনিয়োগের আহ্বান জানান।